গণতান্ত্রিক দেশে জনগণের মতামতই চূড়ান্ত। তাদের মতের ভিত্তিতেই দেশ পরিচালিত হয়। তাদের মতামত বাস্তবায়ন করার জন্য তারা ভোট দিয়ে নির্বাচিত সরকারের ওপর দায়িত্ব অর্পন করে। নির্বাচিত সরকার তাদের কাছে দায়বদ্ধ এবং তাদের মতামত অনুযায়ী দেশ পরিচালনা করে। জনসম্পৃক্তহীন এবং জনগণের ভোটে নির্বাচিত নয়, এমন সরকারের পক্ষে যথাযথভাবে দেশ পরিচালনা করা অসম্ভব। গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে, বিগত প্রায় সোয়া বছরে সে এমন কিছু নীতিনির্ধারণী এবং জনগণের ম্যান্ডেটবিহীন সিদ্ধান্ত নিয়েছে, যা তার এখতিয়ারের মধ্যে পড়ে না। এসব সিদ্ধান্তকে দেশের স্বার্থপরিপন্থী হিসেবে সচেতন নাগরিকরা পরিস্কারভাবে বলেছে।

সাধারণ মানুষের মধ্যেও সরকারের সিদ্ধান্ত নিয়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে সিদ্ধান্তের বিরোধিতা করে আন্দোলনও হয়েছে এবং হচ্ছে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নির্দিষ্ট সীমারেখা বা রুটিন কাজের মধ্যে সীমাবদ্ধ থাকে। তার মূল কাজ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা। এর বাইরে নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেয়ার সুযোগ নেই। গণঅভ্যুত্থানে হাসিনার পতনের পর ফ্যাসিবিরোধী রাজনৈতিক দলগুলোর অকুণ্ঠ সমর্থন নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এর মূল লক্ষ্য ছিল, হাসিনার দলীয়করণ করা প্রশাসনসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার, তলানিতে চলে যাওয়া অর্থনীতি পুনরুদ্ধার এবং নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত সময়ে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়ে চলে যাওয়া। পাশাপাশি হাসিনার দেড় দশকের শাসনামলে খুন, গুমসহ গণআন্দোলনে গণহত্যার বিচার করা। সরকারের এ কাজে রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি সর্বাত্মক সহযোগিতা দিয়ে আসছে। তবে সরকার এ সহযোগিতাকে প্রশ্রয় হিসেবে নিয়ে অনেকটা যা খুশি তা করার পথ ধরেছে। তার সীমা অতিক্রম করে রাষ্ট্রীয় নীতিনির্ধারণী সিদ্ধান্ত নিয়ে দেশের স্বার্থকে ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে।

গত সোমবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দেন। তার এই পোস্টে একজন সাধারণ গার্মেন্ট শ্রমিক থেকে শুরু করে একটি দরিদ্র পরিবারের অন্তর্নিহিত সমস্যা-সংকট, দেশের সার্বিক কল্যাণ, গণতন্ত্র, অর্থনীতি এবং ভবিষ্যতের সমস্যা ও তা থেকে উত্তরণের পথ অসাধারণভাবে উঠে এসেছে। তিনি ছোট ছোট উদাহরণ দিয়ে সমস্যার গভীরে যেমন গিয়েছেন, তেমনি সমাধানেরও দিকনির্দেশনামূলক কথা বলেছেন। একজন জাতীয় নেতা ও রাষ্ট্র নায়কের যে ধরনের দেশপ্রেম, চিন্তা-চেতনা থাকে, তার লেখায় তারই প্রতিফলন ঘটেছে। তারেক রহমান দেশের চলমান সমস্যা-সংকট এবং ভবিষ্যতকে দূরদৃষ্টি দিয়ে অনুধাবন করেছেন। বলা বাহুল্য, দেশ পরিচালনায় নির্বাচিত সরকারের বিকল্প নেই।

দেশের বর্তমান ও ভবিষ্যত বিনির্মাণে জনগণের নির্দেশ অনুসারে নির্বাচিত সরকরকে চলতে হয়। তারেক রহমান এ বিষয়টি তুলে ধরে যথার্থভাবেই বলেছেন, একটি দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে কেবল সেই সরকার, যাকে দেশের মানুষ নিজের ভোটে নির্বাচিত করেছে। যেসব সিদ্ধান্ত দশকের পর দশক একটা দেশের জীবনকে গড়ে দেবে, সেসব সিদ্ধান্ত নেয়া উচিৎÑনির্বাচিত ও জনগণের কাছে দায়বদ্ধ সরকারের। তার লেখায় অর্থনীতির দুর্দশা, চট্টগ্রাম বন্দর লিজ দেয়া, ২০২৬ সালে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়া নিয়ে সংকট এবং সমাধানের কথা উঠে এসেছে। তিনি বিভিন্ন দিক তুলে ধরে অন্তর্বর্তী সরকারের কর্মকা-ের গঠনমূলক সমালোচনা করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, বন্দর লিজ দেয়া ও স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার একমাত্র নির্বাচিত সরকারের।

আমরা দেখেছি, অন্তর্বর্তী সরকার এসব সিদ্ধান্ত নিজ থেকে নিয়েছে, যা তার কর্মপরিধির মধ্যে পড়ে না। বিশ্লেষকদের মতে, অন্তর্বর্তী সরকারের একটি ক্ষণস্থায়ী সরকার এবং তার কোনো জনভিত্তি নেই। নির্বাচন হলেই তার কোনো অস্তিত্ব থাকবে না। ফলে দেশের নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার তার নেই। এ ধরনের দায়বদ্ধহীন সিদ্ধান্ত নেয়ার অর্থই হচ্ছে, দেশকে বিপদে ফেলা। অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিলেও তা খুব একটা আমলে নিচ্ছে না। সে তার নিজের মতো করেই চলছে এবং সিদ্ধান্ত নিচ্ছে। সরকার এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে, যা জনগণের সম্মতিতে নেয়নি, এমনকি বিদ্যমান রাজনৈতিক দলগুলোর সাথেও আলোচনা করার প্রয়োজনবোধ করেনি।

দেশ পরিচালনায় অভিজ্ঞ এবং দায়িত্বশীল গণতান্ত্রিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমান তার পোস্টের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব এবং সীমারেখা কি, তাই স্মরণ করিয়ে দিয়েছেন। অন্তর্বর্তী সরকার এ যাবত যে কাজ করেছে এবং তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পেরেছে কিনা, তা পর্যালোচনা করলে ব্যর্থতার দিকটিই বেশি স্পষ্ট হয়ে ওঠে। দেশের চালিকাশক্তি যে অর্থনীতি তা পুনরুদ্ধার দূরে থাক, যা ছিল তাও ধরে রাখতে পারেনি সরকার। বরং অর্থনীতি দিন দিন অতলের দিকে ধাবিত। মানুষের জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে, বিনিয়োগ ও কর্মসংস্থান বলতে কিছু নেই, ব্যবসা-বাণিজ্য, আমদানি-রফতানি সর্বকালের মধ্যে সর্বনি¤œ পর্যায়ে রয়েছে, জিডিপি ৭.১ থেকে নেমে ৩.৯৭ হয়েছে, অর্থাভাবে মানুষের চাহিদা কমে যাওয়ায় উৎপাদন ব্যবস্থায় ধস নেমেছে।

আগামীতে যে সরকার ক্ষমতায় আসবে, সে সরকার উত্তরাধিকারসূত্রে পাবে একটি স্থবির ও শোচনীয় অর্থনীতি। সরকার চালাতে গিয়ে তাকে কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হবে। এর মধ্যে ’২৬ সালে উন্নয়নশীল দেশে পরিণত হলে অর্থনীতি এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়বে। নতুন সরকারের পক্ষে সে পরিস্থিতি সামলানো চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সম্প্রতি বাংলাদেশ সফর করা জাতিসংঘের উচ্চ প্রতিনিধিদলের সাথে এক বৈঠকে দেশের প্রায় সব ব্যবসায়ী সংগঠনগুলোর নেতারা উন্নয়নশীল দেশে পরিণত হওয়া বা গ্র্যাজুয়েশন অন্তত পাঁচ বছর পিছিয়ে দেয়ার অনুরোধ করেছেন। এটা দেশের জন্য অসম্মানের হলেও অন্তর্বর্তী সরকার তা উত্তরণের কোনো পথরেখা তৈরি করতে পারেনি। অন্তর্বর্তী সরকার ইচ্ছা করে এমন পরিস্থিতি তৈরি করে যাচ্ছে কিনা, এ প্রশ্ন এখন ওঠেছে।

অন্যদিকে, সরকারের মধ্যে এ প্রবণতা পরিলক্ষিত হচ্ছে, যতদিন পারা যায়, ক্ষমতা উপভোগ করে যাই। ক্ষমতা শেষ হয়ে গেলে তাকে আর পায় কে! দেশ গোল্লায় গেলেও তাদের কিছু যায় আসে না। সরকার সঠিক কাজটি যথাযথভাবে করতে না পারলেও দেশের জন্য ক্ষতি হতে পারে, এমন কাজ ঠিকই করেছে। দেশের প্রবেশদ্বার হিসেবে পরিচিত চট্টগ্রাম বন্দর লিজ দেয়া নিয়ে অন্তর্বর্তী সরকারের এ সিদ্ধান্ত যে, দেশের স্বার্থবিরোধী তা সচেতন মহল পরিস্কারভাবে বলেছে। এ নিয়ে তারা আন্দোলনও করছে। এছাড়া, যুক্তরাষ্ট্রের সাথে যথাসময়ে শুল্ক নিয়ে আলোচনা করার ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেয়ার ক্ষেত্রেও সরকারের ব্যর্থতা রয়েছে। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাথে ২৫টি বোয়িং বিমান ক্রয়চুক্তি করে তা সম্পন্ন করেছে। মিয়ানমারকে মানবিক করিডোর দেয়া সংক্রান্ত বিষয় ও পাবর্ত্য অঞ্চল নিয়ে পশ্চিমাবিশ্বের খ্রিস্টান রাষ্ট্র বানানোর দুরভিসন্ধির দায়ও এ সরকারের ওপর চেপেছে। এদিকে, দ্বৈতনাগরিক ড. আলী রিয়াজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি হিসেবে নিয়োগ দিয়ে তাকে দেশের রাজনীতির গতিপথ কোন দিকে যায়, সেদিকে নজরদারি করার দায়িত্ব দিয়েছে। এ ধরনের উদ্ভট কর্মকা- দেশে আর কখনো হয়েছে কিনা, জানা নেই। রাষ্ট্রের বেতন-ভাতা দিয়ে এ ধরনের বিশেষ সহকারি নিয়োগের প্রয়োজনীয়তা কি, তা বোধগম্য নয়।

‘অদ্ভুত উটের পিঠে চলছে স্বদেশ’ বলে কবিতার একটি পঙক্তি আছে। এই পঙক্তির সাথে অন্তর্বর্তী সরকারের মিল রয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশকে সেই পথ থেকে ফেরাতেই সরকারের সমালোচনা করে টনক নড়াতে চেয়েছেন। একজন দেশপ্রেমিক জাতীয় নেতার মতোই তিনি সরকারের ভুলগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেশে যেমন নতুন নয়, তেমনি বিশ্বেও নতুন নয়। জরুরি পরিস্থিতিতে এসব সরকারের দায়িত্ব হচ্ছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়ে চলে যাওয়া। কয়েক মাস আগে নেপালে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে। দায়িত্ব নেয়ার সাথে সাথেই সে সরকার ঘোষণা করেছে, ছয় মাসের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দেয়া হবে।

আমাদের অন্তর্বর্তী সরকারের মধ্যে শুরু থেকেই দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকার প্রবণতা পরিলক্ষিত হয়ে আসছে। নানা টালবাহানায় নির্বাচন বিলম্বের প্রক্রিয়াও চালিয়েছে। প্রয়োজনীয় সংস্কার শেষে দেশকে যে নির্বাচনের মাধ্যমে স্থিতিশীল ও গণতান্ত্রিক ধারায় ফেরাতে হবে, এ তাকিদ তার মধ্যে পরিলক্ষিত হয়নি। বরং যে দুয়েকটি দল, যারা সরকারের উপর ব্যাপক প্রভাব বিস্তার করে ক্ষমতা উপভোগ করছে, তাদের আঁকড়ে ধরে সরকার তার মেয়াদ দীর্ঘ করার প্রয়াস চালিয়েছে এবং চালাচ্ছে। এ দুটি দলকে সরকারের এখতিয়ারের বাইরে দেশের স্বার্থবিরোধী চুক্তি নিয়ে টুঁ শব্দ করতে দেখা যাচ্ছে না। এ প্রেক্ষিতে, বিএনপির মতো বিপুল জনসমর্থিত এবং একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় থাকা দায়িত্বশীল গণতান্ত্রিক দল হিসেবে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানাবে এবং দেশের ভাল-মন্দ এবং স্বার্থের পক্ষে কথা বলবে, এটাই স্বাভাবিক। জাতীয় নেতায় পরিণত হওয়া তারেক রহমান সেই কথাই অন্তর্বর্তী সরকারকে স্মরণ করিয়ে দিয়েছেন, যার মধ্যে দেশের স্বার্থ রক্ষা এবং সংকট উত্তরণের পথরেখা নিহিত। নির্বাচিত সরকার ছাড়া যে নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেয়া যায় না এবং দীর্ঘমেয়াদের অনির্বাচিত সরকার থাকা উচিৎ নয়, তা তিনি চমৎকারভাবে তুলে ধরেছেন।