মৃত্যুর মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া দেশে-বিদেশে আরো উজ্জল ও মহিমান্বিত হলেন। বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে জিয়াউর রহমান প্রথম জাতি-ধর্ম নির্বিশেষ বাংলাদেশের ভৌগোলিক সীমানায় বসবাসরত সব মানুষকে এক অভিন্ন পরিচয়ে আবদ্ধ করেছিলেন। জাতীয় ঐক্য ও বাংলাদেশের জনগণের বৃহত্তর স্বার্থের প্রশ্নে বেগম খালেদা জিয়া আমৃত্যু জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হননি। আধিপত্যবাদের বশংবদ ও প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে তিনি ছিলেন মহীরূহের মতো অবিচল।

স্বৈরাচারের বিরুদ্ধে আপোসহীন সংগ্রাম যেমন তার নেতৃত্বের দৃঢ়তাকে প্রশ্নাতীতভাবে প্রতিষ্ঠিত করেছে, একইভাবে আধিপত্যবাদী শক্তির ছত্রছায়ায় ফ্যাসিস্ট রিজিমের প্রোপাগান্ডা ন্যারেটিভের আওতায় জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার বিপরীতে খালেদা জিয়া অস্বাভাবিক ধৈর্য ও ত্যাগের দৃষ্টান্ত হয়ে থাকবেন। বাস্তবিক অর্থেই তিনি জাতির অভিভাবকতুল্য ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। বিএনপি নেতৃত্বাধীন রাজনৈতিক জোট ও সরকার বিরোধী আন্দোলনরত সহযোগী দলগুলোর মধ্যে ভাঙ্গন, বিভক্তি ও অনাস্থা সৃষ্টির জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনা সম্ভাব্য সবকিছু করলেও খালেদা জিয়ার দূরদর্শী নেতৃত্বের কারণে তা সফল হয়নি। মিথ্যা মামলায় খালেদা জিয়ার কারাদ- ও অসুস্থতার মধ্য দিয়েই কেবল জোটের ভাঙ্গন নিশ্চিত হয়। তবে সক্রিয় জীবনের শেষ সময় পর্যন্ত খালেদা জিয়া জাতীয় ঐক্যের রাজনৈতিক দর্শনকে তার বক্তব্য ও নির্দেশনার মাধ্যমে প্রতিফলিত করেছেন। জুলাই অভ্যুত্থানের সময় এবং পরবর্তী টালমাটাল রাজনৈতিক বাস্তবতায় বেগম খালেদা জিয়া বরাবরই জাতীয় ঐক্যকে প্রাধান্য দিয়ে অসামান্য রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার দ্যুতি ছড়িয়েছেন। জীবনের শেষ দিনগুলোতে হাসপাতালের নিবিড় পরিচর্যায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা খালেদা জিয়ার সুস্থতা কামনায় দল-মত নির্বিশেষ পুরো জাতি দোয়া করেছে। তিনি যে জাতীয় ঐক্যের প্রতীক তার উজ্জ¦লতম দৃষ্টান্ত হলো তাঁর জানাজায় বাঁধভাঙ্গা জোয়ারের মতো লাখ লাখ মানুষের সমাবেশ। যেখানে সব দল, সব শ্রেণি-পেশা ও ধর্মের লোকের সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জানাজায় পরিণত হয়েছিল। এ এক অভূতপূর্ব বাস্তবতা, অবিস্মরণীয় ইতিহাস। খালেদা জিয়ার জানাজায় বিএনপির শান্তিপূর্ণ সহাবস্থান ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির বহিঃপ্রকাশ ঘটতে দেখা গেছে।

খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে জাতি এক মহান অভিভাবককে হারালো। কিন্তু জীবিত খালেদা জিয়ার চেয়ে পরলোকগত খালেদা জিয়া যেন আরো বেশি শক্তিশালী ও অনুপ্রেরণাদায়ী। বুধবার শেরেবাংলা নগরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার জানাজাকে ঘিয়ে পুরো এলাকা ও আশপাশের সব রাস্তা, অ্যাভিনিউ ছিল শোকার্ত লাখো জনতার দখলে। সেখানে কোনো রাজনৈতিক বিভাজন ছিল না। প্রায় সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে প্রিয় নেতার জন্য অশ্রু ফেলেছেন। কোনো প্রবীণ রাজনৈতিক নেতার জন্য এমন আকুল বেদনার্ত শোকের মিছিল ও লাখ লাখ মানুষের এমন সম্মিলন নিকট অতীতে আর দেখা যায়নি। সাড়ে চার দশক আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পর খালেদা জিয়াকে ঘিরে একই রকম দৃশ্যের অবতারণা হলো।

তিনি সত্যিকার অর্থেই জিয়ার দেশপ্রেম ও রাজনৈতিক আদর্শকে আজীবন লালন করে গেছেন। আধিপত্যবাদী শক্তির অব্যাহত ষড়যন্ত্র সত্যেও তিনি কখনো বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শের ঐক্যের ধারণা থেকে বিচ্যুত হননি। তাঁর মৃত্যুর পর কোটি কোটি মানুষের শোক ও জানাজায় সর্বদলীয় জনতার সমাবেশ তারই প্রতিফলন। যারা বাংলাদেশপন্থী, যারা বাংলাদেশকে ভালোবাসেন, তারা খালেদা জিয়াকেও ভালোবাসেন। রাষ্ট্রীয় নিপীড়নের সামনে অসীম ত্যাগের মধ্য দিয়ে তিনি দেশ ও মানুষের প্রতি অকৃত্রিম মমত্ববোধের দৃষ্টান্ত রেখে গেছেন। এভাবেই একজন অভিভাবকতুল্য জাতীয় নেতার গ্রহণযোগ্যতা ও শ্রদ্ধার আসন প্রতিষ্ঠিত হয়। ৩১ ডিসেম্বর খালেদা জিয়ার জানাজায় দেশের সব ইসলামি দলের নেতাকর্মী এবং দেশের শীর্ষ আলেম-ওলামার অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। খালেদা জিয়া দেশের বহুধা বিভক্ত ইসলামি দলগুলোকেও জাতীয় স্বার্থের প্রশ্নে ঐক্যবদ্ধ করে গেছেন। এ জন্যই তিনি জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণ প্রজন্ম এবং ইসলামি দলগুলোর নেতাকর্মীদের কাছে সমানভাবে গ্রহণযোগ্যতা ও আস্থাপূর্ণ অবস্থান তৈরি করেছিলেন। খালেদা জিয়াকে ঘিরে ঐক্য ও সৌহার্দ্যরে মেলবন্ধন শুধু দেশের গ-িতেই সীমাবদ্ধ থাকেনি। দক্ষিণ এশিয়ার সব দেশের প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন, এমনকি ভারত-পাকিস্তানের মতো পরস্পর বৈরী দুই প্রতিবেশী দেশের প্রতিনিধিদেরও খালেদা জিয়ার জানাজা ও শেষ বিদায়ে শরিক হয়ে পরস্পরকে করমর্দন করতে দেখা গেছে। চীন, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বনেতারা খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা প্রকাশ করেছেন।

মা বেগম খালেদা জিয়ার মৃত্যু পুত্র তারেক রহমানের চেয়ে আর কাউকেই হয়তো এতটা নিঃস্ব, নিঃসঙ্গ ও বেদনার্ত করবে না। জিয়াউর রহমান এদেশের মাটি ও মানুষের ভালোবাসা নিয়ে দেশপ্রেমের অতুল দৃষ্টান্ত রেখে ইতিহাসে অনন্য উচ্চতায় ঠাঁই নিয়েছেন, একই অবস্থান খালেদা জিয়ার। পিতা-মাতার পদাঙ্ক অনুসরণ করে তারেক রহমানও তাঁদেরকে অনুসরণ করে অভিন্ন অবস্থান নিশ্চিত করতে চান। মায়ের মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া নিজের প্রতিক্রিয়ায় তারেক রহমান বলেছেন, ‘মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়, তবে এই কঠিন সময়ে দলের নেতাকর্মী ও লাখ লাখ মানুষের অভাবনীয় উপস্থিতি তাঁকে একাকিত্বে ভুগতে দেয়নি। দলের নেতাকর্মী, শুভাকাক্সক্ষী ও অগণিত মানুষের ভালোবাসায় তিনি সিক্ত ও আবেগাপ্লুত।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর শীর্ষ প্রতিনিধি, বৈশ্বিক কূটনীতিক ও উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিরা সশরীরে উপস্থিত হয়ে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানোয় তারেক রহমান তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। মায়ের মৃত্যুর এই শোকাবহ সময়ে তিনি পিতা জিয়াউর রহমান এবং ছোটভাই আরাফাত রহমানকেও স্মরণ করেন। তিনি মনে করেন, আজ এত মানুষের ভালোবাসায় মনে হচ্ছে, নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশই তার পরিবার হয়ে উঠেছে। খালেদা জিয়া বাংলাদেশকেই তার পরিবার, দেশের মানুষের কল্যাণ ও ভালোবাসাকেই নিজের ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন। এ জন্যই তিনি দেশবিরোধী শক্তির টার্গেট হয়েছিলেন। মৃত্যুর মধ্য দিয়ে তিনি জাতিকে আরেকবার ঐক্যবদ্ধ ও শক্তিশালী করেছেন। ফ্যাসিস্ট ও আধিপত্যবাদের ক্রীড়নকদের ষড়যন্ত্র থেমে নেই। তারা এখনো নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তবে খালেদা জিয়ার জানাজায় জাতীয় ঐক্যের যে সম্মিলন দেখা গেছে, তাতে নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত ব্যর্থ হতে বাধ্য। খালেদা জিয়ার জানাজায় উপস্থিত লাখ লাখ মানুষের আয়োজনকে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে শেষ করায় প্রধান উপদেষ্টা এবং সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন তারেক রহমান। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তিনবারের সফল প্রধানমন্ত্রী, জাতীয় ঐক্যের প্রতীক ও অভিভাবকতুল্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি এবং দেশের বৃহত্তম রাজনৈতিক দলের সর্বজনমান্য নেতা হিসেবে তারেক রহমানও নেতৃত্বের অনন্য উচ্চতায় আসীন হবেন। এই শোকাবহ দিনে তাঁর প্রতি আমাদের এই শুভকামনা রইলো।