দেশে যেইভাবে শিশুদের মধ্যে হামের বিস্তার লাভ করিয়াছে, উহা উদ্বেগজনক। উপরন্তু যাহা হতাশাজনক, এই রোগে আক্রান্ত হইয়া ইতোমধ্যে উল্লেখযোগ্যসংখ্যক শিশুর প্রাণহানি ঘটিয়াছে। রবিবার প্রকাশিত সমকালের শীর্ষ প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসের ২৮ দিবসে হামে আক্রান্তের সংখ্যা দেড় সহস্র অতিক্রান্ত। সংক্রামক রোগটি মূলত চিকিৎসায় অব্যবস্থাপনার কারণেই মারাত্মক আকার ধারণ করিতেছে– উহা উপলব্ধিতে বিশেষজ্ঞ হইবার প্রয়োজন নাই।
আমরা জানি, হাম প্রাণঘাতী রোগ নহে এবং চিকিৎসার মাধ্যমেই উহা প্রতিরোধ করা যায়। উহার পরও শিশুর প্রাণহানির উচ্চহার যদ্রূপ স্বাস্থ্যব্যবস্থার দুর্বলতা উন্মুক্ত করিয়াছে, তদ্রূপ সামগ্রিক দায়িত্বহীনতাও স্পষ্ট করিয়াছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২৪ সালেই সতর্ক করিয়াছিল, জরুরি পদক্ষেপ না লইলে বিশ্বের অর্ধেকের বেশি সংখ্যক দেশ হামের প্রাদুর্ভাবের উচ্চ বা অতি উচ্চ ঝুঁকিতে পড়িবে। কারণ, ২০২০ সালে করোনা অতিমারির পর প্রথম দুই বৎসর বিশ্বের অধিকাংশ দেশে শিশুদের হামসহ বিভিন্ন সংক্রামক রোগের টিকাদান কর্মসূচি থামিয়া গিয়াছিল। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে হামের ঝুঁকি বৃদ্ধি পাইয়াছে টিকা সংকটের কারণেই।
অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়মিত টিকাদান কর্মসূচি সঠিকভাবে পরিচালিত হইবার পাশাপাশি বিভিন্ন দাবিতে মাঠ পর্যায়ের কর্মীদের আন্দোলনে টিকা কর্মসূচি বাধাগ্রস্ত হইয়াছিল। অনেক দুর্গম এলাকা টিকাদানের আওতার বাহিরে থাকিতে পারে, বিশেষত দুর্গম এলাকা, দরিদ্র জনগোষ্ঠী এবং শহরের বস্তিতে বসবাসকারী শিশুদের মধ্যে এই ঝুঁকি অধিক। কোনো কোনো অভিভাবকের মধ্যে টিকা সম্পর্কে ভ্রান্ত ধারণা কিংবা উদাসীনতাও বিচিত্র নহে। উদ্বেগের মধ্যেও যাহা স্বস্তির, স্বাস্থ্য মন্ত্রণালয় পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে টিকা ক্রয় করিবার অর্থ বরাদ্দ দিয়াছে।
আমরা মনে করি, শিশুমৃত্যু প্রতিরোধ এখন সরকারের অগ্রাধিকার হওয়া উচিত। তজ্জন্য আক্রান্ত জেলাসহ সমগ্র দেশে হামের চিকিৎসা দ্রুত নিশ্চিত করিতে হইবে। স্বীয় জেলায় চিকিৎসা পাইলে রোগীকে রাজধানীতে আসিতে হইবে না। তৎসহিত স্বতন্ত্র হাসপাতাল প্রস্তুত করা, আইসিইউ ও ভেন্টিলেটর বৃদ্ধির দিকেও নজর দিতে হইবে। স্বাস্থ্যমন্ত্রী সমকালকে জানাইয়াছেন, রাজধানীতে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালকে হামের জন্য সংরক্ষিত রাখা হইয়াছে এবং উত্তর সিটি করপোরেশনের কডিভ-সংরক্ষিত হাসপাতালসহ অন্যান্য স্বাস্থ্য সুবিধাও প্রস্তুত রাখা হইয়াছে। দেখা যাইতেছে, সংক্রামক ব্যাধি হাসপাতালে আসন সংখ্যার ১০ গুণ রোগী ভর্তি হইয়াছে। এই চাপ হ্রাসের জন্যই চিকিৎসা সমগ্র দেশে ছড়াইয়া দেওয়া জরুরি। ইতোমধ্যে সংবাদমাধ্যমে আসিয়াছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ১০ হইতে ২৪ মার্চ পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ৪৪ শিশু আইসিইউতে ভর্তির সুযোগ না পাইয়া প্রাণ হারাইয়াছে, যথায় শিশুরা হামসহ অন্যান্য রোগে আক্রান্ত ছিল।
উপজেলা ও জেলা পর্যায়ে পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম, ওষুধ এবং প্রশিক্ষিত জনবল নিশ্চিতকরণ এবং আক্রান্ত শিশুদের দ্রুত শনাক্ত ও চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা লইবার বিকল্প নাই।
অভিভাবকদের দায়িত্বও কম নহে। শিশুর হামের টিকা সময়মতো দেওয়া; অসুস্থতার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং স্বাস্থ্যবিধি মানিয়া চলিতে তাহাদের তৎপর হইতে হইবে। শিশুর শারীরিক পরিস্থিতি স্বাভাবিক থাকিলে গৃহেই যাহাতে চিকিৎসা দেওয়া সম্ভব হয়, উহা গুরুত্বপূর্ণ। তজ্জন্য জাতীয়ভাবে হামের প্রাথমিক চিকিৎসার বিষয়গুলো প্রচার করা প্রয়োজন। জরুরি না হইলে অকারণে হাসপাতালে ভিড় না করা কিংবা অল্পতে আতঙ্কিত না হইবার ক্ষেত্রে অভিভাবকের সচেতনতা ও সতর্কতা দরকার।
হামের ন্যায় প্রতিরোধযোগ্য রোগে শিশুর প্রাণহানি কোনোভাবেই মানিয়া লওয়া যায় না। এখনই কার্যকর পদক্ষেপ না লইলে পরিস্থিতি আরও ভয়াবহ হইতে পারে। তাই সরকার, স্বাস্থ্যকর্মী এবং জনসাধারণকে উক্ত সংকট মোকাবিলায় সমন্বিতভাবে আগাইয়া আসিতে হইবে।
