জ্বালানি সংকট, বিদ্যুতের লোডশেডিং এবং পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে দেশের শিল্পকারখানা যেই চাপে পড়িয়াছে, উহা সামগ্রিক অর্থনীতির জন্য তো বটেই, রাজনৈতিক-সামাজিক স্থিতিশীলতারও জন্যও উদ্বেগজনক। বিভিন্ন শিল্পাঞ্চল সরেজমিন পরিদর্শনের ভিত্তিতে রচিত রবিবার প্রকাশিত সমকালে প্রতিবেদন অনুযায়ী, উক্ত সংকটের কারণে ইতোমধ্যে তৈরি পোশাক, ইস্পাত, সিমেন্ট, ঔষধ, হিমায়িত মৎস্য, ভোগ্যপণ্য কারখানায় গড়ে ২৪ শতাংশ উৎপাদন হ্রাস পাইয়াছে। একই সময়ে পরিচালন ব্যয় বৃদ্ধি পাইয়াছে ৩০ শতাংশের অধিক। কারণ জ্বালানি সংকটে একদিকে জেনারেটর-নির্ভরতা বৃদ্ধি পাওয়ায় অনেক ক্ষেত্রে বিদ্যুৎ খরচ দ্বিগুণ হইয়াছে। অন্যদিকে পরিবহন ব্যয় ২০ হইতে ৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাইয়াছে। উপরন্তু এহেন পরিস্থিতিতে সময়মতো পণ্য সরবরাহ ব্যাহত হওয়ায় অনেক উদ্যোক্তাকে অতিরিক্ত ব্যয়ে বিকল্প ব্যবস্থাও লইতে হইতেছে। সকল কিছুর সহিত কাঁচামালের আন্তর্জাতিক মূল্যবৃদ্ধি যুক্ত হইয়া বিশেষত রপ্তানি খাতেও চাপ বৃদ্ধি পাইয়াছে।

আমরা জানি, তৈরি পোশাক খাত এককভাবে দেশের রপ্তানি আয়ের প্রায় ৮০ শতাংশ সংগ্রহ করিয়া থাকে। ঔষধ, হিমায়িত মৎস্য, সিমেন্ট, ইস্পাত ইত্যাদিও রপ্তানি আয়ে অবদান রাখে। এই সকল কারখানায় উৎপাদন হ্রাসের অর্থ হইল রপ্তানি আয় হ্রাস পাওয়া। তদুপরি সময়মতো এবং চাহিদানুযায়ী সরবরাহে সমস্যা হইলে আন্তর্জাতিক ক্রেতামহলে দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়, যাহার নেতিবাচক প্রভাব ভবিষ্যৎ ক্রয়াদেশে পড়িতে পারে। অভ্যন্তরীণ বাজারেও এই পরিস্থিতি বিবিধ সংকটের জন্ম দেয়; বিশেষত ঔষধ সংকট স্বাস্থ্য খাতে এবং সিমেন্ট ও ইস্পাত শিল্পপণ্যের সংকট নির্মাণ খাতে নেতিবাচক প্রভাব ফেলে। বলাবাহুল্য, ঐগুলির উপর নির্ভরশীল খাতসহ আলোচ্য খাতসমূহ কর্মসংস্থানের অন্যতম প্রধান ক্ষেত্র হইবার কারণে নূতন কর্মসংস্থানও অনিশ্চয়তায় পড়িয়া যায়। অস্বীকার করা যাইবে না; দেশের মানুষ যখন অর্থোপার্জনে অনিশ্চয়তার সম্মুখীন হন এবং যুবসমাজ সময়মতো কর্মসংস্থান পায় না তখন ইহার নেতিবাচক প্রভাবে সমাজে নানাবিধ অস্থিরতার সৃষ্টি হয়। রাজনীতিও এই অবস্থায় অস্থিতিশীল হইয়া উঠে। এহেন পরিস্থিতি বিভিন্ন অশুভ শক্তির জন্য নানা দুরভিসন্ধি বাস্তবায়নের সুযোগ তৈয়ার করে, তাহা আমরা জানি।

এইদিকে বিদ্যুৎ-জ্বালানি সংকটে আলু উৎপাদনের প্রধান অঞ্চল মুন্সীগঞ্জ ও দেশের বিভিন্ন এলাকার হিমাগার বিপর্যয়ের মুখে পড়িয়াছে। হিমাগার মালিকদের বরাত দিয়া আলোচ্য প্রতিবেদনে বলা হইয়াছে, হিমাগার সচল রাখিতে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রয়োজন হইলেও বর্তমানে ৮-১০ ঘণ্টা লোডশেডিং চলিতেছে। অন্যদিকে জ্বালানি সংকটে বিদ্যুতের বিকল্প উৎস হিসাবে জেনারেটর সচল রাখাও দুরূহ হইয়া পড়িয়াছে। আমাদের অন্যতম প্রধান সবজি ও বিভিন্ন প্যাকেটজাত খাদ্যের কাঁচামাল আলু সংরক্ষণ সমস্যা নিঃসন্দেহে বড় উদ্বেগের বিষয়।

অনস্বীকার্য, যেই জ্বালানি সংকটের কারণে বিদ্যমান প্রতিকূল পরিস্থিতির উদ্ভব ঘটিয়াছে, উহার উৎস বিদেশে; চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশও এই অনাকাঙ্ক্ষিত সংকটে পড়িয়াছে। কিন্তু ইহাও সত্য, অন্তর্বর্তী সরকারের অদূরদর্শিতা এবং নানাবিধ ভ্রান্ত পদক্ষেপ অর্থনীতিকে যদ্রূপ মহাসংকটে ফেলিয়াছে, তদ্রূপ চলমান জ্বালানি সংকটেও ইন্ধন জোগাইয়াছে। ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার আশঙ্কা অন্তত এক বৎসর ধরিয়া আন্তর্জাতিক অঙ্গনে বিরাজ করিতেছিল। অন্তর্বর্তী সরকার সময় থাকিতে তৈল-গ্যাস আমদানির উদ্যোগ লইলে পরিস্থিতি এতখানি মারাত্মক রূপ লইত না। ইহাও বলা প্রয়োজন, বর্তমান সরকার এই সংকটের শুরু হইতে একদিকে জ্বালানি মজুত লইয়া পরস্পরবিরোধী তথ্য পরিবেশন করিয়াছে; অন্যদিকে সংকটকালে কার্যকর ব্যবস্থাপনা জরুরি হইয়া উঠে– তাহা নিশ্চিত করিতে পারে নাই।

তবে এখনও সকল কিছু শেষ হইয়া যায় নাই। বিশেষজ্ঞ এবং অংশীজনদের মতামত লইয়া অগ্রাধিকার খাত নির্ধারণ করিয়া জ্বালানি সংগ্রহ ও বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা প্রতিষ্ঠা করা প্রয়োজন। তৎসহিত সুষ্ঠু ব্যবস্থাপনা অন্তত সংকটের যন্ত্রণা হ্রাস করিতে পারে।