রাজনীতির নানা কৌশলের সঙ্গে আমরা কমবেশি পরিচিত। কিন্তু অধুনা রাজনীতিতে কৌশলের নামে গুপ্ত বা সুপ্তবেশ ধারণের বিষয়টি আলোচিত হয়ে উঠেছে। বিশেষত ডাকসুসহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী বা বিজয়ী কারও কারও ছাত্রলীগ হিসেবে গুপ্ত বা সুপ্ত পরিচয়ও উন্মোচিত হয়েছে। আওয়ামী লীগ শাসনামলে ছাত্রলীগ ছাড়া অন্য কোনো সংগঠনই যখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনীতি করতে পারেনি, তখন শিবিরের অনেক নেতাকর্মী ছাত্রলীগে নাম লিখিয়ে নির্বিঘ্ন থেকেছেন। শিবিরকর্মীরা ছাড়াও আজকের রাজনীতির অনেক জোরালো কণ্ঠই সেদিন ছাত্রলীগে গুপ্তবেশে ছিলেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শনিবার সরাসরি বলেছেন, কৌশলের নামে বিএনপির কর্মীরা গুপ্ত কিংবা সুপ্তবেশ কখনও ধারণ করেননি।
ভেতরে এক রাজনীতি রেখে বাইরে অন্য রাজনৈতিক দলে গুপ্তবেশে থাকা নিশ্চয়ই জনসাধারণের সঙ্গে প্রতারণার শামিল; পরিস্থিতি যতই বৈরী হোক না কেন! সম্প্রতি ১১ দলীয় জোট ছেড়ে যাওয়ার সময় ইসলামী আন্দোলনের নেতা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম জানিয়েছেন, জামায়াত মুখে এক কথা বললেও কাজে সেটি করে না। সুযোগ ও সুবিধামতো অবস্থান বদল করলে কোনো দলের রাজনৈতিক অবস্থান সম্পর্কে সুস্পষ্ট ধারণা করা কঠিন।
যদিও রাজনৈতিক দলগুলোর নির্লজ্জ আচরণের সঙ্গে আমরা পূর্বাপর পরিচিত। যেমন শনিবার দিল্লিতে এক অনুষ্ঠানে কয়েকজন আওয়ামী লীগ নেতা অংশ নেন। ‘চব্বিশের হত্যাকাণ্ডের জন্য আপনারা লজ্জিত কিনা? আপনারা কি ক্ষমা চাইবেন?’ প্রশ্নের উত্তরে প্রাক্তন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘আমরা কেন ক্ষমা চাইব? আমরা দায়িত্ব পালন করছিলাম। সেখানে কর্তব্যরত পুলিশ দায়িত্ব পালন করতে গেলে অনেক প্রাণহানি ঘটে। হত্যাকাণ্ড ঘটেনি। প্রাণহানি ঘটেছে। আমরা সত্যটা জানতে চাই। আসলে কী ঘটেছিল?’ (ডয়চে ভেলে, ১৭ জানুয়ারি, ২৬)। সত্যটা জানেন না আওয়ামী লীগ নেতারা? কী ঘটেছিল চব্বিশের গণঅভ্যুত্থানে? নিজের দেশের মানুষের বুকে আপনার পুলিশ সরাসরি গুলি ছুড়ছে, আর আপনারা দায়িত্ব নেবেন না? ভূ-রাজনীতি, সুপারপাওয়ার, স্নাইপার বুলেট প্রভৃতির আড়ালে চব্বিশের হত্যাকাণ্ড প্রসঙ্গে আওয়ামী লীগ নেতাদের অনুতাপহীন আচরণ, বরাবরের মতো হুংকারধ্বনি মনে করিয়ে দেয় দেশের রাজনীতিতে চিরবিভাজিত কাঠামোটি আরও কণ্টকময় ও দীর্ঘায়িত হতে যাচ্ছে।
২. বিরূপ রাজনৈতিক বাস্তবতার মধ্যে দেশের স্থিতিশীলতা ও অগ্রগতির স্বার্থে নির্বাচনের বিকল্প নেই। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য সবচেয়ে বড় শক্তি নির্বাচন কমিশন বা ইসির সামর্থ্য। সাম্প্রতিক কয়েকটি ঘটনায় ইসির সেই সামর্থ্য নিয়ে প্রশ্নের অবকাশ তৈরি হয়েছে। যেমন, পোস্টাল ব্যালটের ভোট নিয়ে অস্বচ্ছতা ও অনিয়মের অভিযোগ সম্পর্কে ইসির ব্যাখ্যা দাবি করেছে বিএনপি। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে, কোনো কোনো বাসায় ২০০-৩০০টি করে ব্যালট। পোস্টাল ব্যালটে নিবন্ধিত ১৫ লাখ ৩৩ হাজার ভোটার নির্বাচনী ফলাফলে বড় নিয়ামকে পরিণত হতে পারে। অথচ পোস্টাল ব্যালটসহ আরও কয়েকটি বিষয়ে ইসি নির্বিকারত্ব দেখিয়ে চলছে।
তপশিল ঘোষণার পর ৩৮ দিনে দলীয় ১৫ নেতাকর্মী খুন হয়েছেন; তাদের মধ্যে বিএনপি সমর্থকই বেশি। হত্যাকাণ্ডগুলোর বেশির ভাগ ঘটেছে অবৈধ অস্ত্রে; আধিপত্য বিস্তার, এলাকার নিয়ন্ত্রণ, ব্যবসায়িক দ্বন্দ্ব ইত্যাদি কারণে। পুলিশের পক্ষ থেকে নানা আশ্বাসের কথা শোনা গেলেও নিয়মিত বিরতিতে এ ধরনের অঘটন ঘটছে। নেতাকর্মীর জন্য নির্বাচনকালীন নিরাপত্তার প্রশ্নে উদ্যোগের কথা জানা যাচ্ছে না। ইসি বা সরকারের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর নেতাকর্মীর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর বহুমুখী সংলাপের মাধ্যমে আপৎকালীন ব্যবস্থার কাঙ্ক্ষিত উদ্যোগও দেখা যায়নি। অবশ্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার বিষয়ে সরকারের বিপুল কর্মযজ্ঞ চোখে পড়ছে। এটি অসংগত নয় অবশ্য। সরকার গণঅভ্যুত্থানজাত; তাদের বিবেচনায় হ্যাঁ ভোটের পক্ষে ভোট পড়লে দেশে গণতান্ত্রিক রূপান্তর মসৃণ হবে। কিন্তু আপত্তির বিষয় হচ্ছে, তৃণমূলসহ সারাদেশে নির্বাচনে ধর্মের অপব্যবহার নিয়ে সরকার নিশ্চুপ। জামায়াতকে ভোট না দিলে ধর্ম বিপন্ন হবে কিংবা জান্নাতের টিকিট হাতছাড়া হয়ে যাবে বলে প্রচারণা চালানো হচ্ছে বলে জোর অভিযোগ উঠেছে। বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও মোবাইল-বিকাশ নম্বর সংগ্রহ করছে। এসব অভিযোগের বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালাতে পারত সরকার বা ইসি। তারা গণভোটে হ্যাঁর পক্ষে ভোট প্রার্থনা ছাড়া জনগুরুত্বপূর্ণ এসব বিষয়ে কোনো টুঁ শব্দ করছে না।
৩. যদিও নির্বাচন-সংক্রান্ত প্রচার-প্রচারণাসহ অন্যান্য কাজের জন্য বিপুল পরিমাণ বাজেট বরাদ্দ করেছে সরকার। ইতোমধ্যে মূল বাজেটের চেয়ে নির্বাচনের খাতে ৫১ শতাংশ বাজেট সরকার বাড়িয়েছে। অর্থাৎ ২ হাজার ৮০ কোটি টাকার নির্ধারিত নির্বাচনী বাজেট ৩ হাজার ১৫০ কোটি টাকায় দাঁড়িয়েছে। সমকাল জানাচ্ছে, সংসদ নির্বাচনের প্রচার ও বিজ্ঞাপন খাতে বরাদ্দ ছিল ৩৩ কোটি টাকা। সংশোধিত বাজেটে তা বাড়িয়ে করা হয়েছে ৭৫ কোটি ৮৮ লাখ টাকা। এ খাতে খরচ বেড়েছে ১৩০ শতাংশ (১৫ জানুয়ারি, ২০২৬)।
জনগণের করের বিপুল অঙ্কের এই টাকা দিয়ে সরকার ও ইসি তাদের নিজস্ব এজেন্ডাই কেবল প্রচার করবে? এটি কোনো যুক্তির কথা হতে পারে না। ভোট মানেই যে কোনো দিকে একজন ভোটার ভোট দেবেন। এটি তাঁর গণতান্ত্রিক অধিকার। তারপরও সংস্কারের উপযোগিতার পক্ষে সরকার তৎপর হতেই পারে, তবে একচক্ষু হরিণের মতো আর সব প্রয়োজনীয় অনুষঙ্গ উপেক্ষা করা যুক্তিসংগত নয়। বিশেষত নির্বাচনে অবৈধ অর্থের লেনদেন, ধর্মের অপব্যবহার প্রসঙ্গে সরকারের স্পষ্ট অবস্থান নিয়ে প্রচারণা জরুরি। রাজনৈতিক দলগুলো যাতে নির্বাচনী ইশতেহার নিয়ে জনগণের সঙ্গে কথা বলতে পারে, সরকারের অর্থায়নে সে ধরনের উদ্যোগ নেওয়া জরুরি। হাজার কোটি টাকার নির্বাচনী ব্যয়ে ট্রাক-বাস-ড্রোনের বিলাসী প্রচারণা দেখলে মনে হবে, গণভোট ছাড়াও যে জাতীয় নির্বাচন রয়েছে– এই সত্য ভুলেই গেছে অন্তর্বর্তী সরকার ও ইসি। আগামী নির্বাচিত সংসদের ওপর দেশের মানুষের দায়িত্ব থাকবে; কোন আদর্শ ও কর্মসূচিতে দলগুলো দেশ পরিচালনা করতে চায়– এ নিয়ে সরকার ও ইসি তাদের দায়িত্বে দেশের মানুষের সামনে সব দলের প্রতিশ্রুতি ও কর্মপরিকল্পনা হাজিরের প্ল্যাটফর্ম তৈরি করে দেবে; গণঅভ্যুত্থান-উদ্ভূত সরকারের এটি বড় দায়িত্ব।
বর্তমান সরকার রাজনৈতিক সরকার নয়। নির্বাচনে নৈর্ব্যক্তিকভাবে তাদের দায়িত্ব পালন করতে হবে। ইসিকেও মনে রাখতে হবে, তাদের দ্বিধাগ্রস্ত শ্লথ পদক্ষেপ দেশকে অস্থিতিশীলতায় নিক্ষেপ করবে। তাই নির্বাচন কমিশনকে নিজেদের আওতায় থাকা বিপুল ক্ষমতা ও দায়িত্বের পুরোটার সঠিক ব্যবহার নিশ্চিত করে অবাধ, নিরপেক্ষ ও অর্থবহ নির্বাচনের পরিবেশ গড়ে তুলতে হবে; এবং তা অনতিবিলম্বে। মাহবুব আজীজ: উপসম্পাদক, সমকাল; সাহিত্যিক mahbubaziz01@gmail.com
