কোনো যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার অন্যতম উদ্দেশ্য থাকে যাতায়াত ভোগান্তি কমানো। একই সঙ্গে যাত্রাকে যতটা সম্ভব সময়সাশ্রয়ী করে তোলা। কিন্তু অবকাঠামোর সেই সুবিধা নিতে গিয়ে যদি টোল প্লাজায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় তবে সেই উদ্দেশ্য পূরণ ব্যাহত হয়।
গত এক দশকে সড়ক, সেতু, উড়ালসড়ক ও এক্সপ্রেসওয়ে নির্মাণে বিপুল বিনিয়োগ হয়েছে। এসব অবকাঠামো ব্যবহারের বিপরীতে প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ—প্রায় ৩ হাজার কোটি টাকার বেশি টোল আদায় হচ্ছে। কিন্তু এর বড় অংশই আদায় হচ্ছে গতানুগতিক পদ্ধতিতে; প্রযুক্তির ব্যবহার সীমিত পর্যায়ে রয়ে গেছে। দেশের গুরুত্বপূর্ণ তিনটি টোল অবকাঠামো—পদ্মা সেতু, যমুনা সেতু ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) পদ্ধতিতে আদায়ের হার ৩ শতাংশেরও কম।
এর অর্থ হলো টোল প্লাজায় যানবাহনের দীর্ঘ সারি ও অপেক্ষার ভোগান্তি চালকদের কাছে পরিচিত অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ঈদসহ বিভিন্ন ছুটির সময়ে সেতুর টোল প্লাজায় যানবাহনের চাপ বাড়লে দীর্ঘ যানজট তৈরি হয়। রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও ব্যস্ত সময়ে টোল পরিশোধের জন্য যানবাহন চালকদের লাইনে থাকতে হতো না। অথচ এক্সপ্রেসওয়ের মতো দ্রুতগতির যোগাযোগ অবকাঠামো নির্মাণের অন্যতম উদ্দেশ্যই হলো যাতায়াতের সময় কমানো। এমন পরিস্থিতিতে শতভাগ ইটিসি সেবা চালু করা গেলে যানবাহন থামিয়ে নগদ অর্থে টোল পরিশোধ করতে হবে না। স্বয়ংক্রিয়ভাবে অর্থ কেটে নেয়ার মাধ্যমে দ্রুত পারাপারের সুযোগ তৈরি হবে। এতে যানজট ও জ্বালানি অপচয় কমার পাশাপাশি যাত্রী ও পণ্য পরিবহনে সময় সাশ্রয় করা সম্ভব হবে।
ইটিসি চালুর উদ্যোগ দেশে নতুন নয়। ২০১৯ সালে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের কয়েকটি সেতুতে এবং ২০২০ সালের ডিসেম্বরে যমুনা সেতুতে পরীক্ষামূলকভাবে এ ব্যবস্থা চালু হয়। পরে পদ্মা সেতুতেও ২০২৫ সালের সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে ইটিসি সেবা চালু করা হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এ ব্যবস্থার ব্যবহার প্রত্যাশিত মাত্রায় বাড়েনি। পদ্মা সেতুতে মোট টোলের মাত্র ২ দশমিক ৪৩ শতাংশ, যমুনা সেতুতে ৩ দশমিক ৯৩ শতাংশ এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ১ দশমিক ৪২ শতাংশ ইটিসির মাধ্যমে আদায় হচ্ছে। এ চিত্র থেকে বোঝা যায়, প্রযুক্তি চালু করার উদ্যোগ থাকলেও তা সাধারণ যানবাহনের জন্য সহজলভ্য ও ব্যবহারবান্ধব করা সম্ভব হয়নি।
এর অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতা। সওজ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং অন্যান্য সংস্থার আওতাধীন টোল প্লাজায় পৃথক সফটওয়্যার, নিবন্ধন ও ট্যাগ ব্যবস্থার কারণে একটি স্থাপনায় নিবন্ধিত গাড়ি অন্য স্থাপনায় একই পদ্ধতিতে টোল দিতে পারে না। কোথাও রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) ট্যাগ শনাক্তকরণে সমস্যা রয়েছে, কোথাও আবার ব্যাংক ও মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের সংযোগ সীমিত। ফলে ইটিসি ব্যবহারের জন্য যানবাহন মালিকদের বাড়তি জটিলতার মুখোমুখি হতে হয়। এ অবস্থার পরিবর্তনে সব টোল প্লাজার জন্য অভিন্ন প্রযুক্তিগত ও আর্থিক লেনদেন কাঠামো গড়ে তোলা প্রয়োজন।
সরকার সারা দেশে সমন্বিত ইটিসি নেটওয়ার্ক চালুর উদ্যোগ নিয়েছে। বিদ্যমান ব্যবস্থাগুলোকে কেন্দ্রীয় প্লাটফর্মে যুক্ত করা, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সরবরাহ করা অভিন্ন আরএফআইডি ট্যাগ ব্যবহার এবং নিবন্ধন ও টোল পরিশোধের জন্য একটি মোবাইল অ্যাপ তৈরির পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। এক্ষেত্রে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সেতু বিভাগ, সওজ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, বিআরটিএ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট ব্যাংক ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের সমন্বিতভাবে কাজ করতে হবে। যানবাহন মালিকদের নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে হবে, যাতে একটি মাত্র ট্যাগ বা নিবন্ধনের মাধ্যমে দেশের সব টোল প্লাজায় পারাপার সম্ভব হয়। একই সঙ্গে নগদ অর্থ, ব্যাংক হিসাব, কার্ড ও মোবাইল আর্থিক সেবার সঙ্গে ইটিসি ব্যবস্থার সংযোগ নিশ্চিত করা প্রয়োজন।
টোল আদায়ের ক্ষেত্রে ডিজিটাল ব্যবস্থার আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানো। প্রচলিত পদ্ধতিতে প্রতিটি যানবাহনের কাছ থেকে আদায় করা অর্থের হিসাব সংরক্ষণ ও যাচাইয়ে নানা ধরনের সীমাবদ্ধতা থাকতে পারে। স্বয়ংক্রিয় ব্যবস্থায় প্রতিটি যানবাহনের পারাপার ও টোল পরিশোধের তথ্য ডিজিটালভাবে সংরক্ষিত হয়। ফলে মোট যানবাহন চলাচল, টোল আদায়ের পরিমাণ এবং প্রতিটি লেনদেনের হিসাব সহজে যাচাই করা সম্ভব। এতে রাজস্ব আদায়ে অনিয়মের সুযোগ কমবে এবং সরকারি আয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়বে। বছরে ৩ হাজার কোটি টাকার বেশি টোল আদায়ের ক্ষেত্রে এ সুবিধার গুরুত্ব বিশেষভাবে বিবেচনার দাবি রাখে।
তবে শুধু প্রযুক্তি স্থাপন করলেই ইটিসি কার্যকর হবে না। টোল প্লাজায় পর্যাপ্ত ইটিসি লেন, নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ, দ্রুতগতির যানবাহন শনাক্তকরণ প্রযুক্তি এবং নির্ভরযোগ্য পেমেন্ট ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ভুলভাবে অর্থ কর্তন হলে তা ফেরত দেয়া এবং প্রযুক্তিগত ত্রুটির ক্ষেত্রে অভিযোগ নিষ্পত্তির সহজ ব্যবস্থাও রাখতে হবে। পাশাপাশি সাধারণ যানবাহন মালিক ও চালকদের মধ্যে এ ব্যবস্থার সুবিধা সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে। প্রয়োজনে প্রাথমিক পর্যায়ে নিবন্ধন ও ট্যাগ সংগ্রহের জন্য টোল প্লাজা, বিআরটিএ কার্যালয় এবং ব্যাংকগুলোয় বিশেষ ব্যবস্থা রাখা যেতে পারে। বিবেচনায় রাখা প্রয়োজন, ডিজিটাল টোল ব্যবস্থার বিস্তার একদিকে যেমন যানজট ও জনদুর্ভোগ কমাবে, অন্যদিকে সরকারি রাজস্ব আদায়ে স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। ফলে এ উদ্যোগ বাস্তবায়নে কালক্ষেপণ না করাই শ্রেয়।
