গত চার দশক ধরে মধ্যপ্রাচ্যে পশ্চিমারা যেসব যুদ্ধ ও আগ্রাসন চাপিয়ে দিয়েছে, তার বেশিরভাগই সংঘটিত হয়েছে মধ্যপ্রাচ্যের জ্বালানি সম্পদের উপর দখলদারিত্ব ও সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে। সাম্প্রতিক সময়ে এই যুদ্ধ ও আগ্রাসন দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলা পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। পুুঁজিবাদী অর্থনীতির চাকা অনেকাংশে জ্বালানি নিরাপত্তার উপর নির্ভরশীল। আমাদের মতো উদীয়মান-উন্নয়নশীল ও আমদানি নির্ভর অর্থনীতির দেশের জন্য জ্বালানি নিরাপত্তার ইস্যুটি আরো বেশি গুরুত্বপূর্ণ। চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের জ্বালানি সংকট ও নিরাপত্তা নতুনভাবে আলোচিত হচ্ছে। আঞ্চলিক ও বৈশ্বিক জ্বালানি সংকটের এই সময়ে বাংলাদেশে জ্বালানি নিরাপত্তার মতো ইস্যু নিয়ে বিগত সরকারগুলোর সঠিক পরিকল্পনা ও কর্মসূচির বড় ধরনের ঘাটতি ধরা পড়ছে। দক্ষিণ এশিয়ার জনবহুল মুসলিম রাষ্ট্র হিসেবে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশগুলোর সাথে বাংলাদেশের ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক কৌশলগত সম্পর্কে পরিণত করা কোনো কঠিন বিষয় ছিল না। মুসলিম বিদ্বেষী ভারত মধ্যপ্রাচ্য ও রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি করে দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিভিন্ন দেশে রফতানি করে মুনাফা করার সুযোগ পেলেও এ সুযোগ থাকা সত্ত্বেও বাংলাদেশ কেন তা গ্রহণ না করে ভারতের কাছে ধরনা দিতে বাধ্য হচ্ছে, তা বুঝতে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। আমাদের নীতি নির্ধারকরাই এ জন্য দায়ী।
মেগা অবকাঠামো উন্নয়নের চেয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও নির্বিঘœ রাখা কম গুরুত্বপূর্ণ নয়। মধ্যপ্রাচ্যের একাধিক দেশ ও কোম্পানি বিভিন্ন সময়ে বাংলাদেশে অয়েল রিফাইনারিতে বিনিয়োগের প্রস্তাব দিয়েছিল। সেসব প্রস্তাবে কেন সাড়া দেয়া হয়নি, তার যথাযথ মূল্যায়ন হওয়া জরুরি। এমনকি সম্ভাব্য আপদকালীন সময়ের জন্য জ্বালানি তেল ও এলএনজির মজুদ গড়ে তোলার পেছনেও তেমন কোনো বিনিয়োগ করা হয়নি। এর আগেও ইরানের সাথে আমেরিকা-ইসরাইলের সংঘাতপূর্ণ অবস্থায় হরমুজ প্রণালী বন্ধের ঝুঁকি, জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সম্মুখীন হতে হয়েছে। যদিও মধ্যপ্রাচ্যের চলমান সংকটে বাংলাদেশকে এখনো বড় ধরনের জ্বালানি সংকটের মুখোমুখি হতে হয়নি। বাংলাদেশের প্রতি ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এ ক্ষেত্রে বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে। এই দুঃসময়ে বাংলাদেশের অয়েল ট্যাংকারগুলো নির্বিঘেœ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করতে পারছে। তবে এই দুঃসময়ে ইরান সরকারের সহযোগিতা ও যুদ্ধের মার্কিন-ইসরাইলি আগ্রাসন নিয়ে বাংলাদেশ সরকারের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেছে ইরান। একমাসের যুদ্ধে মধ্যপ্রাচ্যের প্রায় সবগুলো জ্বালানি অবকাঠামো ও রিজার্ভার কমবেশি আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত হয়েছে। এহেন বাস্তবতায় জ্বালানি তেল ও এলএনজির দাম অস্বাভাবিক হারে বেড়ে চলেছে। অত্যাবশ্যকীয় জরুরি প্রয়োজন মেটাতে দেশগুলোকে বাড়তি দামে জ্বালানি কিনতে হচ্ছে। অন্তত দুই-তিন মাস চালিয়ে নেয়ার মতো আমাদের নিজস্ব জ্বালানি মজুদ থাকলে দেশ এখন এমন অস্থিরতা ও ঝুঁকির মধ্যে থাকতো না। ইসরাইল বাদ দিলে ইরানসহ মধ্যপ্রাচ্যের সবগুলো দেশের সাথে বাংলাদেশের চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ককে জ¦ালানি নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের কাজে লাগোনোর কোনো উদ্যোগ না থাকা বিস্ময়কর।
বিগত দেড় যুগের সীমাহীন লুটপাট ও অর্থপাচারের কারণে এমনিতেই দেশের অর্থনীতি বড় ধরনের চাপের মুখে পড়েছে। এখন মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থায় জ্বালানি মূল্যের উল্লম্ফন এবং অনিশ্চয়তা সামষ্টিক অর্থনীতি, উৎপাদন ব্যবস্থা, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা নিয়ে অস্থিরতা ও দুশ্চিন্তা ভর করেছে। জ্বালানি খাত দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। বিদ্যুৎ, গণপরিবহন, শিল্প-কারখানা, রফতানি বাণিজ্য, কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা জ্বালানির সহজলভ্যতা ও অবাধ প্রবাহের উপর নির্ভরশীল। ইরান যুদ্ধে ইসরাইল-আমেরিকা সুবিধাজনক অবস্থায় না থাকলেও যুদ্ধের সমাপ্তি নিয়ে অনিশ্চয়তা রয়েছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে এবং তেল শোধনাগারগুলো আরো আক্রমণের শিকার হলে সামগ্রিক বিশ্ব অর্থনীতিতে ধস নামবে।
এহেন বাস্তবতায় আমাদেরকে এখনই উপযুক্ত কর্মকৌশল গ্রহণ করতে হবে। গতকাল পত্রিকান্তরে প্রকাশিত খবরে জানা যায়, উদ্ভূত পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ে সরকার ৮টি প্রস্তাব গ্রহণ করতে যাচ্ছে। জ্বালানি সাশ্রয়ের জন্য সাপ্তাহিক ছুটি বাড়ানো, ঘরে বসে কাজ করার সুযোগ, শিক্ষা প্রতিষ্ঠানের অনলাইন ক্লাস, অফিসের সময়সূচিতে পরিবর্তনের মতো বিষয়গুলো প্রস্তাবে রয়েছে বলে জানা গেছে। তবে ব্যাপক হারে আমদানি নির্ভর ফসিল জ্বালানির উপর নির্ভরশীল বিদ্যুৎ ও জ্বালানি খাতকে যুদ্ধের ঝুঁকির মধ্যে দেশের সামগ্রিক অর্থনীতি ও উৎপাদনশীলতা ঠিক রাখতে এসব পরিকল্পনা কতটা কাজে দেবে তা নিয়ে সংশয় রয়েছে। বৈশ্বিক সংকটে জ্বালানি সাশ্রয়ী হওয়ার প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না। সেই সাথে জ্বালানি খাতের বহুমুখী উৎসের সন্ধান, বিকল্প ও নবায়নযোগ্য জ্বালানির উৎস ব্যবহারের দিকে মনোযোগ বৃদ্ধি এবং দেশীয় তেল-গ্যাস খাতের উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির জরুরি উদ্যোগ নিতে হবে। ভারত-মিয়ানমার, পাকিস্তান ও চীনসহ প্রতিবেশী দেশগুলোর সাথে জ্বালানি নিরাপত্তা ও আঞ্চলিক সহযোগিতামূলক ফ্রেমওয়ার্ক গঠনের কার্যকর উদ্যোগ নেয়া যেতে পারে। জ্বালানি নিরাপত্তা সামগ্রিক অর্থনীতি, স্থিতিশীল উন্নয়ন ও জাতীয় নিরাপত্তার সাথে সম্পর্কযুক্ত। চলমান সংকটকে সামনে রেখে এ ক্ষেত্রে জরুরি ভিত্তিতে স্বল্প মেয়াদি এবং টেকসই দীর্ঘ মেয়াদি কর্মকৌশল গ্রহণ করতে হবে।
