জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে যে অভূতপূর্ব জাতীয় ঐক্য গড়ে উঠেছিল অর্ন্তবর্তী সরকার সেই জাতীয় ঐক্যের প্রতিনিধিত্ব করলেও ১৫ মাসেও দেশে স্থিতিশীল পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা যায়নি। পতিত স্বৈরাচার দেশের অর্থনীতি যে নাজুক অবস্থায় রেখে গিয়েছে, হাই-প্রোফাইল প্রধান উপদেষ্টাসহ সরকারের মেধাবি উপদেষ্টা ও বিদেশ থেকে আনা বিশেষজ্ঞরা তা থেকে উত্তরণে খুব একটা সাফল্য দেখাতে পারেননি। দেশে কোনো বিনিয়োগ হচ্ছে না, অর্থনীতিতে এর নেতিবাচক ধারা অব্যাহত রয়েছে। দেশি-বিদেশি বিনিয়োগকারি ও উন্নয়ন অংশীদাররা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের জন্য অপেক্ষা করছে। যত তাড়াতাড়ি নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া ত্বরান্বিত হবে ততই দ্রুত বিনিয়োগ ও অর্থনৈতিক অচলাবস্থা কেটে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারেও ইতিমধ্যে এক ধরণের জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। সেই সাথে জুলাই সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে তা বাস্তবায়নের অনিশ্চয়তাও কেটে যাওয়ার কথা। কিন্তু বাস্তবতা হচ্ছে, জামায়াতে ইসলামিসহ ইসলামপন্থী কতিপয়(৮দল) রাজনৈতিক দল বাহ্যিকভাবে নির্বাচনের কথা বললেও শুরু থেকেই তারা পিআর পদ্ধতি, গণভোটসহ নানা ধরনের শর্ত, দাবি-দাওয়া নিয়ে নির্বাচন বিলম্বিত করার টালবাহানার আশ্রয় নিচ্ছে। গত মঙ্গলবার রাজধানীতে তাদের গণসমাবেশের মধ্য দিয়ে তা জাতির কাছে অনেকটাই স্পষ্ট হয়ে গেছে। জামায়াতসহ আট দলের নেতাদের ২০২৬ সালে নির্বাচন নয়, ২০২৯ সালেই নির্বাচন হবে- এ ধরণের মন্তব্য থেকে প্রতিয়মান হচ্ছে, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য থেকে বিচ্যুত করতেই তারা বেশি তৎপর রয়েছে।

একদিকে অর্থনীতিতে সঙ্কট বাড়ছে, অন্যদিকে পতিত স্বৈরাচারের দোসর ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষ থেকে দেশকে অস্থিতিশীল করে তুলতে নাশকতামূলক তৎপরতা এখন উদ্বেগজনক পর্যায়ে উপনীত হয়েছে। পালিয়ে থাকা নেতাদের নির্দেশ ও বিপুল অর্থ সরবরাহের মাধ্যমে লক-ডাউন কর্মসূচি বাস্তবায়নের নামে গত কয়েকদিনে রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নি সংযোগ, ককটেল বিস্ফোরণসহ নানা ধরণের নাশকতা ও চোরাগোপ্তা হামলা ও ঝটিকা মিছিল করেছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে তারা বড় ধরণের নাশকতাসহ দেশকে অস্থিতিশীল করে তোলার সর্বাত্মক চেষ্টা করবে, এটা অনেকটাই স্পষ্ট হচ্ছে। এহেন বাস্তবতায় দেশের সব রাজনৈতিক শক্তিকে ঘোষিত সময়ে জাতীয় নির্বাচনের পক্ষে দৃঢ় ও ঐকবদ্ধ থাকার কথা, অথচ দলগুলোর মধ্যে বিভাজন ও বৈরীতা তীব্র আকার ধারণ করছে। দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি বার বার রাষ্ট্র পরিচালনার মধ্য দিয়ে অভিজ্ঞ ও বিপুল জনসমর্থনপুষ্ট। অন্যদিকে ইসলামি দলগুলো কখনোই রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়নি। জাতির এই ক্রান্তিকালে তাদের হাতে রাষ্ট্র পরিচালনার ভার তুলে দিলে দেশে বড় ধরনের বিপর্যয় দেখা দেয়ার আশঙ্কা উড়িয়ে দেয়া যায়না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বরাবরই জাতীয় ঐক্যের পক্ষে মত দিয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও নির্বাচনের পর জাতীয় সরকার গঠনের কথা বিভিন্ন সময়ে বলেছেন। অর্ন্তবর্তী সরকারের কতিপয় উপদেষ্টার ক্ষমতা উপভোগ ও দীর্ঘদিন ক্ষমতায় থাকার খায়েশ দেখা গেছে। সেই সাথে কতিপয় ইসলামি দলও বিএনপিকে অগ্রাহ্য কিংবা পাশ কাটিয়ে নির্বাচন বিলম্বিত করার অপতৎপরতা চালাচ্ছে। তাদের এসব কর্মকান্ডের সাথে পতিত স্বৈরাচারও নির্বাচন বানচাল করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

জুলাই সনদে স্বাক্ষরের পরও জাতীয় নির্বাচন নিয়ে সৃষ্ট জটিলতা ও অনিশ্চয়তা অনাকাঙ্খিত ও অনভিপ্রেত। এ ধরণের বাস্তবতায় জুলাই সনদের বাইরে গিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হলে তার দায় অর্ন্তবর্তী সরকরের বলে বিএনপি’র পক্ষ থেকে বলা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন পেছালে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিনত হবে। একদিকে জাতীয় ঐকমত্য কমিশনের মধ্যস্থতায় দীর্ঘ ৯ মাসের ধারাবাহিক আলোচনা ও সংলাপের মধ্য দিয়ে গড়ে ওঠা রাজনৈতিক সমঝোতা ধরে রাখার প্রশ্ন, অন্যদিকে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক-অর্থনৈতিক স্থিতিশীলতা আরো অনিশ্চয়তার মুখে পড়ার হুমকি ও আশঙ্কার পালে পতিত স্বৈরাচার বিষাক্ত বাতাস ছড়িয়ে দিচ্ছে।

এমন এক পরিস্থিতিতে যে কোনো মূল্যে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের চ্যালেঞ্জ মোকাবেলায় আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যকার মতবিরোধ কমিয়ে ঐকবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। বাংলাদেশের চলমান রাজনৈতিক-অর্থনৈতিক বাস্তবতায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক রূপান্তরের বাইরে অন্য কোনো সমাধান নেই। ঘোষিত সময়ে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করেই পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র মোকাবেলাসহ অনেক সমস্যার সমাধান সম্ভব। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। জুলাই সনদের ভিত্তিতে সংস্কার প্রক্রিয়ার বাস্তবায়ন অব্যাহত থাকবে। পতিত স্বৈরাচারের গুম-খুন, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের বিচারের অগ্রগতিও দৃশ্যমান। বিচার ব্যাহত করতে পতিত স্বৈরাচার যখন ঢাকায় লক-ডাউনের কর্মসূচি দিয়ে সন্ত্রাস-নাশকতা চালাচ্ছে, তখন ইসলামি দলগুলো নিজেদের দলীয় কর্মষসূচি দিয়ে নির্বাচন বিলম্বিত করার পাঁয়তারা করছে। তাদের এসব শর্ত ও যুগপত কর্মসূচি দেশের জন্য অশনি সংকেত। জুলাই সনদ, গণভোট ও নির্বাচন নিয়ে প্রতিষ্ঠিত ঐক্য ধরে রেখেই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সফল করতে হবে। এ ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা ও মতবিরোধ যেন পতিত স্বৈরাচারের এজেন্ডার পরিপুরক না হয়ে দাঁড়ায়, সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।