বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ‘মুজিবনগর দিবস’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত হয় বাংলাদেশের অস্থায়ী সরকার, যা পরে মুক্তিযুদ্ধ পরিচালনায় কেন্দ্রীয় নেতৃত্ব প্রদান করে। যদিও শপথ গ্রহণের আনুষ্ঠানিক আয়োজন ১০ এপ্রিল নির্ধারিত ছিল; পাকিস্তানি হানাদার বাহিনীর তৎপরতা ও নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে তাৎক্ষণিক সে পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এর পর পরিস্থিতি বিবেচনায় ১৭ এপ্রিল বর্তমান মুজিবনগরের তৎকালীন নাম বৈদ্যনাথতলায় আনুষ্ঠানিকভাবে অস্থায়ী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এই সরকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা হয়, যদিও তিনি তখন পাকিস্তানে কারাবন্দি ছিলেন। তাঁর অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রী হন তাজউদ্দীন আহমদ।

দিনটি বাংলাদেশের আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার সঙ্গেও জড়িত। ১০ এপ্রিল প্রণীত ওই ঘোষণাপত্রে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার প্রেক্ষাপট ব্যাখ্যা করা হয়। ১৭ এপ্রিল মুজিবনগরে গণপরিষদ সদস্য অধ্যাপক এম ইউসুফ আলী আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। এতে ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণাকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দে্য়ও হয় এবং সেদিন থেকেই বাংলাদেশের স্বাধীনতা কার্যকর হয়েছে বলে ঘোষণা করা হয়।

এর আগে, ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও পশ্চিম পাকিস্তানি ক্ষমতাসীন গোষ্ঠী তা মেনে নিতে অস্বীকৃতি জানায়। গণতান্ত্রিক রায়কে উপেক্ষা করে ক্ষমতা হস্তান্তরে টালবাহানা এবং রাজনৈতিক ষড়যন্ত্র শুরু করে। এর বিরুদ্ধে ফুঁসে ওঠে তৎকালীন পূর্ব পাকিস্তানের আপামর জনসাধারণ। সেই ন্যায্য আন্দোলন দমাতে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সামরিক বাহিনী চালায় বর্বর অভিযান–‘অপারেশন সার্চলাইট’। নিরস্ত্র বাঙালির ওপর চালানো হয় নির্বিচার হত্যাযজ্ঞ। বিশ্ববিদ্যালয়, ছাত্রাবাস, বস্তি–কোনো জায়গা রেহাই পায়নি। হাজার হাজার মানুষ এক রাতে নিহত হন; নির্যাতনের শিকার হন অসংখ্য নারী এবং লাখো মানুষ শরণার্থী হয়ে দেশত্যাগে বাধ্য হন। এটি ছিল পরিকল্পিত গণহত্যা, যার উদ্দেশ্য ছিল বাঙালির ন্যায়সংগত রাজনৈতিক অধিকারকে চিরতরে দমন করা।

এই নির্মম বাস্তবতা বাঙালি জাতিকে স্পষ্ট বার্তা দেয়– গণতান্ত্রিক পথে অধিকার আদায় সম্ভব নয়; স্বাধীনতা ছাড়া বিকল্প নেই। সেই প্রেক্ষাপটেই ১০ এপ্রিল গঠিত হয় অস্থায়ী সরকার এবং স্বাধীনতার ঘোষণাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়, যা মুক্তিযুদ্ধকে সুসংগঠিত ও বৈধ ভিত্তি দেয়। সরকারের শপথ গ্রহণের পর জেনারেল ওসমানীকে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বও তাঁকে দেওয়া হয়। মেজর জিয়াউর রহমান, মেজর সফিউল্লাহ, মেজর খালেদ মোশাররফের নেতৃত্বে তিনটি বাহিনী- জেড ফোর্স, এস ফোর্স ও কে ফোর্স গঠিত হয়। পরে সমগ্র বাংলাদেশকে প্রথমে ৯টি, পরে ১১টি সেক্টরে বিভক্ত করে ওই তিনজন অধিনায়কসহ ১১ জন সেক্টর কমান্ডারকে মুক্তিযুদ্ধ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়।

১০ এপ্রিল ঘোষণাপত্রে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও তার বৈধতা নিশ্চিত করা হয়। প্রথমত, এই ঘোষণাপত্রই মুক্তিযুদ্ধকে একটি সুসংগঠিত ও বৈধ রাজনৈতিক কাঠামো দেয়, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সংগ্রামকে গ্রহণযোগ্য করে তোলে। এর মাধ্যমে মুক্তিযুদ্ধ আর কেবল একটি সশস্ত্র বিদ্রোহ নয়, বরং একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আনুষ্ঠানিক আন্দোলনে রূপ নেয়। দ্বিতীয়ত, এই সরকারের মাধ্যমে মুক্তিযুদ্ধ আন্তর্জাতিক পর্যায়ে বৈধতা লাভ করে। বিশ্ববাসীর কাছে এটি স্পষ্ট হয়– এটি কেবল একটি অভ্যন্তরীণ বিদ্রোহ নয়, বরং একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম। পরে বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার সমর্থন অর্জনের ক্ষেত্রেও এই সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

১৭ এপ্রিলের তাৎপর্য কেবল একটি ঘোষণা এবং বাংলাদেশ সরকারের শপথ গ্রহণে সীমাবদ্ধ নয়। এটি ছিল জাতির ঐক্য, রাজনৈতিক দূরদর্শিতা, কৌশলগত নেতৃত্বের প্রতিফলন। পাকিস্তানি বাহিনীর দমন-পীড়নের মধ্যেও যে একটি সুসংগঠিত সরকার গঠন করা সম্ভব হয়েছিল– সেটিই ছিল মুক্তিযুদ্ধের বড় শক্তি। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়– স্বাধীনতা কেবল আবেগ নয়, বরং পরিকল্পনা, নেতৃত্ব ও ত্যাগের সম্মিলিত ফসল। আওয়ামী লীগ সরকার দিবসটি শুরু করলেও পরে তারা যথাযথভাবে তা পালন করেনি। এ কারণে অন্তত নাগরিক সমাজে এ নিয়ে একটা বড় প্রশ্ন রয়ে যায়। আমরা মনে করি, দল-মত নির্বিশেষে সবাইকে এই দিনটি স্মরণ করা উচিত।

আমরা মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আর যুদ্ধ শুরুর আগে যদি অস্থায়ী সরকার গঠিত না হতো, তাহলে আমরা জনগণের পক্ষে জনসমর্থন সুচারুভাবে গড়ে তুলতে পারতাম না। সেই দিক থেকে দিবসটি খুবই গুরুত্বপূর্ণ। এ কারণে এ উদ্যোগ যারা নিয়েছিলেন, যারা মন্ত্রিসভায় ছিলেন, সবার প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। আর রাষ্ট্রীয় পর্যায় থেকে রাজনৈতিক দল ও নাগরিক সমাজেরও যথাযথ গুরুত্ব দিয়ে দিবসটি পালন করা উচিত। শামসুল হুদা: মানবাধিকারকর্মী; নির্বাহী পরিচালক, এএলআরডি