শিশুরা বিদ্যালয়ে যাচ্ছে, শ্রেণীও অতিক্রম করছে; কিন্তু প্রত্যাশিত শিক্ষা অর্জন করছে না। প্রাথমিক শিক্ষার বিস্তার নিয়ে সাফল্যের দাবি থাকলেও শেখার ঘাটতি থেকে যাচ্ছে বছরের পর বছর। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফের মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫-এর জেলা অ্যাটলাস অনুযায়ী, ৭-১৪ বছর বয়সী শিশুদের মাত্র ৩৯ দশমিক ২ শতাংশ চারটি ভিত্তিমূলক গাণিতিক কাজ সম্পন্ন করতে পারে। জরিপে সংখ্যা পড়া, সংখ্যার পার্থক্য বোঝা, যোগ এবং বিন্যাস শনাক্ত ও সম্পন্ন করার মতো চারটি দক্ষতা মূল্যায়ন করা হয়েছে।
২০১৯ সালের এমআইসিএসে ৭-১৪ বছর বয়সীদের মধ্যে ভিত্তিমূলক গাণিতিক দক্ষতা অর্জনকারীর হার ছিল ২৭ দশমিক ৯ শতাংশ; ২০২৫ সালে তা বেড়ে ৩৯ দশমিক ২ শতাংশ হয়েছে। সাত বছরে ১১ দশমিক ৩ শতাংশ অগ্রগতি হলেও এখনো প্রতি ১০০ শিশুর ৬১ জনের বেশি মৌলিক দক্ষতার বাইরে, যা উদ্বেগজনক।
জরিপে দেখা গেছে, ময়মনসিংহে মাত্র ৩৩ দশমিক ৯১ শতাংশ এবং বরিশালে ৩৪ দশমিক ৯৪ শতাংশ শিশু ভিত্তিমূলক গাণিতিক দক্ষতা অর্জন করেছে। সিলেটে এ হার ৩৬ দশমিক ২৫, রংপুরে ৩৯ দশমিক ১৭, ঢাকায় ৩৯ দশমিক ৮১ ও চট্টগ্রামে ৩৯ দশমিক ৬৯, খুলনায় ৪৩ দশমিক ২৯ ও রাজশাহীতে ৪০ দশমিক ৯১ শতাংশ। ২০১৯ সালের তুলনায় সব বিভাগে উন্নতি হলেও কোনো বিভাগেই অর্ধেক পরিমাণ শিশুও গণিতে দক্ষতা অর্জন করতে পারেনি।
শিখন ঘাটতিতে আর্থসামাজিক বৈষম্য যে বিদ্যমান, তাও এমআইসিএসের জরিপে ফুটে উঠেছে। এতে দেখা গেছে, ধনী পরিবারের ৫৬ শতাংশ শিশু ভিত্তিমূলক গণিত পারলেও দরিদ্রতম পরিবারের ক্ষেত্রে এ হার মাত্র ২৬ শতাংশ। শহরে ৪৫ শতাংশ শিশুর এ দক্ষতা থাকলেও গ্রামে ৩৭ শতাংশ। মায়ের উচ্চ শিক্ষা থাকলে শিশুর দক্ষতার হার ৬৪ শতাংশ; মায়ের শিক্ষা প্রাক-প্রাথমিক বা তারও কম হলে তা ২৭ শতাংশ। অর্থাৎ পারিবারিক ও সামাজিক পরিবেশও শেখার সুযোগ নির্ধারণ করছে।
শিক্ষাসংশ্লিষ্টদের বুঝতে হবে, গণিত শুধু পরীক্ষায় নম্বর পাওয়ার বিষয় নয়। বাজারে কেনাকাটা, আয়-ব্যয়ের হিসাব, সঞ্চয় ও ঋণের শর্ত বোঝা, সময়-দূরত্ব নিরূপণ, পরিমাপ, কৃষি উৎপাদনের হিসাব কিংবা দৈনন্দিন তথ্যের অর্থ বুঝতে সংখ্যাজ্ঞান অপরিহার্য। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও অর্থনীতি শেখার ভিত্তিও এটি। সংখ্যাগত তথ্য যাচাই ও তুলনা করতে না পারলে মূল্যস্ফীতি, সুদের হার, সরকারি ব্যয় কিংবা স্বাস্থ্যঝুঁকির পরিসংখ্যান বুঝে সিদ্ধান্ত নেয়া কঠিন। তাই গণিতে দুর্বলতা শুধু একটি বিষয়ের ফল খারাপ হওয়ার সমস্যা নয়; এটি কর্মদক্ষতা, আর্থিক সক্ষমতা ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকেও সীমিত করে। পাশাপাশি গণিতের মৌলিক জ্ঞানের সীমাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থীই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষায় প্রত্যাশিত ফলে ব্যর্থ হয়।
এ ঘাটতির পেছনে শিক্ষাদানের পদ্ধতি ও শিক্ষক সংকট বহুলাংশে দায়ী। মুখস্থনির্ভর পাঠে সূত্র বা নামতা মনে রাখা হয়, কিন্তু সংখ্যার সম্পর্ক ও হিসাবের যুক্তি বোঝা হয় না। ফলে অনুশীলনী মুখস্থ করে পরীক্ষায় উত্তর লেখা গেলেও নতুন পরিস্থিতিতে জ্ঞান প্রয়োগ করা যায় না। বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান ২০২৫ অনুযায়ী, মাধ্যমিক স্তরে গণিত পড়ানো ৬৭ হাজার ৬৯৭ শিক্ষকের মধ্যে গণিতে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী মাত্র ৯ হাজার ৯১৮ জন, অর্থাৎ ১৪ দশমিক ৬৫ শতাংশ। বিষয়ভিত্তিক যোগ্যতার এ ঘাটতি পাঠদানের মান নিয়ে প্রশ্ন তোলে। শুধু প্রশিক্ষণের সনদ নয়, শ্রেণীকক্ষে শিশুর শেখার অগ্রগতি দিয়ে শিক্ষকের কার্যকারিতা মূল্যায়ন করতে হবে।
শিক্ষাক্রমের ঘন ঘন পরিবর্তন, প্রস্তুতি ছাড়া নতুন পদ্ধতি চালু এবং শিক্ষকদের প্রয়োজনীয় সহায়তার অভাবও ধারাবাহিক শিখন ব্যাহত করছে। শিক্ষার্থী কোন শ্রেণীতে পড়ে, তার ভিত্তিতে নয়, সে বাস্তবে কী পারে তার ভিত্তিতে পাঠদান সাজানো জরুরি। নিয়মিত মূল্যায়নে কে সংখ্যা চিনতে, তুলনা করতে, যোগ করতে বা বিন্যাস বুঝতে পারছে না, তা শনাক্ত করতে হবে। এরপর শেখার স্তর অনুযায়ী ছোট দলে সহায়ক পাঠ, অতিরিক্ত অনুশীলন ও প্রয়োজনীয় উপকরণ দিতে হবে। খেলাধুলা, বাস্তব বস্তু, বাজারের হিসাব ও মাপজোখের উদাহরণে গণিতের বিমূর্ত ধারণা সহজে বোঝানো সম্ভব।
শিক্ষক নিয়োগে বিষয়ভিত্তিক যোগ্যতা নিশ্চিত করার পাশাপাশি কর্মরত শিক্ষকদের ধারাবাহিক প্রশিক্ষণ, শ্রেণীকক্ষভিত্তিক পরামর্শ ও জবাবদিহিতা নিশ্চিতে সরকারকে উদ্যোগ নিতে হবে। পিছিয়ে থাকা অঞ্চল এবং দরিদ্র পরিবারের শিশুদের জন্য অতিরিক্ত শিক্ষক, শিখন উপকরণ ও পুনরুদ্ধারমূলক পাঠের ব্যবস্থা করতে হবে। বিদ্যালয়ভিত্তিক শিখনফল নিয়মিত প্রকাশ করে অগ্রগতি যাচাই করাও জরুরি। জাতীয় গড়ের উন্নতি দিয়ে স্থানীয় বৈষম্য আড়াল করা যাবে না।
ভর্তি, উপস্থিতি ও পরীক্ষায় উত্তীর্ণের হার পরিমাণগত অগ্রগতির সূচক হলেও এসব শিক্ষার মান নিশ্চিতের একমাত্র মানদণ্ড নয়। শিশু বিদ্যালয়ে কত বছর থাকল, তার চেয়ে গুরুত্বপূর্ণ সে কী শিখল এবং শেখা জ্ঞান কাজে লাগাতে পারল কিনা। প্রাথমিক স্তরেই প্রত্যেক শিশুর ভিত্তিমূলক গণিত ও ভাষাদক্ষতা নিশ্চিত করতে লক্ষ্য, অর্থায়ন ও ফলভিত্তিক জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে। অন্যথায় শ্রেণী অতিক্রম করলেও শেখার ঘাটতি জমতে থাকবে; এর মূল্য দিতে হবে একের পর এক প্রজন্মকে।
