পত্রিকান্তরে প্রকাশিত এক সংবাদ থেকে জানা গেছে, বাংলাদেশ অল্প দিনের মধ্যেই বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তিতে যুক্ত হতে চলেছে। ‘রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশীপ’ (আরসিইপি) চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি এখন সময়ের ব্যাপার মাত্র। বাংলাদেশসহ ৪টি দেশকে নতুন করে আরসিইপি চুক্তিতে অন্তর্ভুক্ত করার জন্য সংস্থটি একটি অ্যাডহক একসেশন ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে। এই ওয়ার্কিং গ্রুপের আনুষ্ঠানিক সুপারিশ পেলেই বাংলাদেশ এই মুক্ত বাণিজ্য জোটে অন্তর্ভুক্ত হতে পারবে। বাংলাদেশের পাশাপাশি আরো যে তিনটি দেশ এই গ্রুপে সদস্য হতে যাচ্ছে তারা হচ্ছে চিলি,দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা ও হংকং। বর্তমানে আরসিইপি জোটে রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার জোট আসিয়ানের ১০টি দেশসহ অস্ট্রেলিয়া, চীন জাপান ও নিউজিল্যান্ড ও দক্ষিণ কোরিয়া।
যেসব দেশ নিয়ে আরসিইপি গঠিত হয়েছে তাদের প্রত্যেকের সঙ্গে বাংলাদেশের চমৎকার দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক রয়েছে। কিন্তু এসব দেশের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক খুব একটা উল্লেখ করার মতো নয়। এসব দেশের মধ্যে চীনের সঙ্গে বাংলাদেশের চমৎকার বাণিজ্যিক সম্পর্ক থাকলেও তা একতরফা সম্পর্ক। বাংলাদেশ চীন থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি করে থাকে। কিন্তু চীনে বাংলাদেশের পণ্য রপ্তানির পরিমাণ অতি নগন্য। ২০২৫-২০২৬ অর্থবছরে বাংলাদেশ থেকে চীনে মোট ৮০ কোটি মার্কিন ডলারের পণ্য ও সেবা রপ্তানি করে। আর চীন থেকে বাংলাদেশ আমদানি করে ২ হাজার কোটি মার্কিন ডলারের পণ্য। তার অর্থ হচ্ছে এক অর্থ বছরেই বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক বাণিজ্যে বাংলাদেশের প্রতিকূলে ঘাটতির পরিমাণ ছিল ১ হাজার ৯শ’ ২০ কোটি মার্কিন ডলার। জোটভুক্ত অন্য দেশগুলোর সঙ্গে বাংলােেশর বাণিজ্যিক সম্পর্ক খুব একটা উল্লেখ করার মতো নয়। এই অবস্থায় বাংলাদেশ যদি আরসিইপি জোটে অন্তর্ভুক্ত হতে পারে তাহলে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হবে।
মুক্তবাজার অর্থনীতিতে জোটভুক্ত হয়ে বাণিজ্যিক সম্ভাবনাকে কাজে লাগানোর কোন বিকল্প নেই। বাংলাদেশে ইউরাপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশ থেকে শুল্কমুক্ত বাণিজ্য সম্বলিত জিএসপি সুবিধা পেয়ে থাকে। মূলত এ কারণেই বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নে সর্বাধিক পরিমাণ পণ্য ও সেবা রপ্তানি করতে পারছে। তবে বাংলাদেশ ২০২৯ সালে চূড়ান্তভাবে উন্নয়নশীল দেশের তালিকায় উত্তীর্ণ হবার পর জিএসপি সুবিধা বন্ধ হয়ে যাবে। বর্তমানে বাংলাদেশের মোট রপ্তানি পণ্যের ৪৫ থেকে ৪৫ দশমিক ৫০ শতাংশ যায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশে। বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে প্রতি বছর যে বিপুল পরিমাণ পণ্য রপ্তানি করে তার ৯৪ শতাংশই তৈরি পোশাক ও ওভেন গার্মেন্টস। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় প্রতিযোগী হচ্ছে ভিয়েতনাম। বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে। ভিয়েতনাম তৃতীয় অবস্থানে আছে। ভিয়েতনাম সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন কর্তৃপক্ষের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি কার্যকর হলে খুব শিঘ্রই দেশটি তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশকে অতিক্রম করে যাবে। বাংলাদেশ চূড়ান্তভাবে উন্নয়নশীল দেশের তালিকায় উত্তীর্ণ হবার পর প্রতি বছর রপ্তানি আয় কমে যাবে ৭ থেকে ৮ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের রপ্তানি পণ্য তালিকায় ৮৪ শতাংশ স্থান জুড়ে আছে তৈরি পোশাক। কিন্তু তৈরি পোশাক খাতটি মূলত আমদানিনির্ভর একটি সেক্টর। যেকারণে এই খাতে যে বৈদেশিক মুদ্রা অর্জিত হয় তার ৩৫ থেকে ৪০ শতাংশ কাঁচামাল,ক্যাপিটাল মেশিনারিজ ও মধ্যবর্তী পণ্য আমদানিতে পুরনায় বিদেশে চলে যায়। ফলে তৈরি পোশাক শিল্প জাতীয় অর্থনীতিতে ৬০ থেকে ৬৫ শতাংশ মূল্য সংযোজন করে। ভিয়েতনাম আগামীতে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের মূল প্রতিদ্বন্দ¦ী হতে চলেছে। বাংলাদেশে সস্তায় পর্যাপ্ত সংখ্যক শ্রমশক্তি পাওয়া যায়। ভিয়েতনামের তৈরি পোশাক খাতের শ্রমশক্তি গড় উৎপাদনশীলতা ৫৫ থেকে ৬০ শতাংশ। বাংলাদেশে শ্রমশক্তির উৎপাদনশীলতা ৪৫ থেকে ৪৮ শতাংশ। ভিয়েতনামের শ্রমশক্তির দক্ষতা বাংলাদেশের শ্রমিকদের তুলনায় বেশি হওয়ার কারণে তারা সুবিধাজনক অবস্থানে রয়েছে।
বাংলাদেশ রপ্তানি বাণিজ্যে ব্যাপক সাফল্য অর্জনের পেছনে তাদের যুগোপযোগী কৌশল অত্যন্ত কার্যকর বলে প্রতীয়মান হয়েছে। ভিয়েতনাম বিশ্বের ১৭টি দেশ ও অঞ্চলিক জোটের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে সমর্থ হয়েছে। আর বাংলাদেশ একমাত্র ভুটানের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে সমর্থ হয়েছে। আরসিইপি’র সদস্য হওয়ার পাশাপাশি বাংলাদেশকে জরুরি ভিত্তিতে অন্যান্য অর্থনৈতিক জোটের সঙ্গে যুক্ত হবার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। অর্থনৈতিক জোটে অন্তর্ভুক্ত হয়ে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে হবে। অন্যথায় আগামীতে অন্তর্জাতিক বাণিজ্যে আমাদের অবস্থা খারাপ হতে বাধ্য। একই সঙ্গে রপ্তানি পণ্যে ভিন্নমুখিতা আনার জন্য উদ্যোগ নিতে হবে। স্থানীয় কাঁচামালনির্ভর পণ্য বেশি বেশি করে রপ্তানি তালিকায় স্থান দিতে হবে।
