আগামীকাল ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোটের নির্বাচন। দীর্ঘ প্রায় দেড় দশক ধরে দেশের মানুষ ভোট দিতে পারেনি। এই সময়ের মধ্যে বিগত তিনটি নির্বাচন হয়েছে। স্বৈরাচার শেখ হাসিনা সরকার ’১৪, ’১৮ ও ’২৪ সালের নির্বাচনগুলো কীভাবে করেছে, তা নতুন করে বলার কিছু নেই। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে ভুয়া নির্বাচন করে তিনি ক্ষমতায় ছিলেন। ’২৪-এর গণঅভ্যুত্থানে তার পতন ও পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকারের সময়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল সকাল সাড়ে সাতটা থেকে দেশের মানুষ নতুন এক বাংলাদেশ গড়ার লক্ষ্যে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করা শুরু করবে। অনেক ত্যাগ, অনেক সংগ্রাম, অনেক প্রাণের বিনিময়ে এই ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ’২৪-এর গণঅভ্যুত্থানে জেন-জিসহ দেশের সর্বস্তরের মানুষ স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই করে তাকে উৎখাত ও পালিয়ে যেতে বাধ্য করেছিল। গণঅভ্যুত্থানে প্রায় দেড় হাজার মানুষ শহীদ এবং হাজার হাজর মানুষ চিরতরে অন্ধ ও পঙ্গু হয়ে গিয়েছে। দেশকে স্বৈরাচারমুক্ত ও ভারতীয় আধিপত্যবাদের কবল থেকে বাঁচাতে দেশের সকল শ্রেণী-পেশার মানুষ জীবনবাজি রেখে এই অভ্যুত্থানে অংশগ্রহণ করে। গণঅভ্যুত্থানের মাধ্যমে তাদের ভোটাধিকারের পথ রচনা করেছে। তারা এখন ভোট দেয়ার জন্য অপেক্ষা করছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শুরু থেকেই বলেছেন, এবারের নির্বাচন হবে ‘ঐতিহাসিক এবং বিশ্বে দৃষ্টান্ত স্থাপনকারি নির্বাচন’ হবে। দেশের মানুষ এই ঐতিহাসিক নির্বাচনের দ্বারপ্রান্তে।
গত ২২ জানুয়ারি থেকে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হওয়ার পর গতকাল প্রচারণার শেষ দিন পর্যন্ত রাজনৈতিক দল ও তাদের মনোনীত প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরা দিন-রাত ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন। রাজনৈতিক দলের প্রধানরা দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বড় বড় জনসভা করেছেন। জনসভাগুলোতে মানুষের উপস্থিতি এবং ভোটের প্রতি তাদের ব্যাপক আগ্রহ পরিলক্ষিত হয়েছে। বুঝতে অসুবিধা হয়নি, তারা ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন ভোটারদের মধ্যে এই আনন্দঘন পরিবেশ সৃষ্টি করতে সক্ষম হয়েছে। রাজনৈতিক দলগুলোও ভোটের এই পরিবেশ উপভোগ করেছে। আমাদের দেশে নির্বাচনের আগে প্রচার-প্রচারণা নিয়ে এবং পারস্পরিক বিদ্বেষপ্রসূত অনেক সংঘাত-সংঘর্ষ হয়ে থাকে।
মারামারি থেকে শুরু করে খুনোখুনি পর্যন্ত হয়। স্বৈরাচার হাসিনার শাসনামলের একতরফা তিনটি নির্বাচনেও ব্যাপক সংঘাত-সংঘর্ষ ও খুন হয়েছে। এবারের নির্বাচনে কোথাও উল্লেখ করার মতো সংঘাত-সংঘর্ষ হয়নি, মৃত্যু হয়নি। বরং দেখা গেছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারণার মিছিল পাশাপাশি চলেছে। কোনো ধরনের উত্তেজনা দেখা যায়নি। অত্যন্ত হার্দিক পরিবেশে প্রত্যেকে প্রচার-প্রচারণা চালিয়েছে। প্রতিদ্বন্দ্বী অনেক প্রার্থী একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জিরো টলারেন্স অবস্থান নিয়েছে। পুলিশ, র্যাব, আনসার, বিজিবি, সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো মাঠে অত্যন্ত সতর্ক থেকে নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি করেছে। এক্ষেত্রে, নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর ভূমিকা প্রশংসনীয়। কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়, এমন আচরণ তারা করেনি। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখার সবচেয়ে বড় কৃতিত্ব দেশের মানুষের। তারা বিশৃঙ্খলা সৃষ্টির ক্ষেত্রে দেয়াল হয়ে দাঁড়িয়েছে। এবারের নির্বাচনে তরুণ প্রজন্ম, বিশেষ করে জেন-জিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই প্রজন্ম জন্মের পর ভোট দিতে পারেনি। এবার তারা ভোট দেবে। এবারের নির্বাচনে সরকার গঠনের ক্ষেত্রে তাদের ভোট অন্যতম নিয়ামক শক্তি হবে। সংবাদ সংস্থা রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, এটি হবে বিশ্বের প্রথম জেন-জি প্রভাবিত নির্বাচন। তারাই এবার ভোট দিয়ে দেশের ভবিষ্যতের গতিপথ নির্ধারণ করে দেবে। শুধু তাই নয়, যাদের বয়স এখন ৩৫-৩৬ বছর তারাও এবার ভোট দিয়ে কারা সরকার গঠন করবে, তা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নির্বাচনকে কেন্দ্র করে কোনো কোনো ক্ষেত্রে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন অভিাযোগ তোলা হয়েছে। রাজনৈতিক দলের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের আপত্তি জানিয়েছে। গণতান্ত্রিক পরিবেশে এ ধরনের অভিযোগ-অনুযোগ থাকা স্বাভাবিক। অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে নির্বাচন কমিশনকে যা যা করা দরকার তাই করতে হয়। কোথাও বিচ্যুতি ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হয়। নির্বাচন কমিশন যেসব অভিযোগ পেয়েছে, তার কিছু প্রতিকারের ব্যবস্থা নিয়েছে। তবে কমিশনকে আরও শক্ত অবস্থানে থাকতে হবে। নির্বাচনের দিন তো বটেই, নির্বাচনের পরও যাতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, এ ব্যাপারে সতর্ক ও সচেতন থাকতে হবে। বিগত তিনটি নির্বাচনে নির্বাচন কমিশনের যে ধরনের ন্যাক্কারজনক ভূমিকা ছিল, বর্তমান নির্বাচন কমিশনের সামনে তার পরিসমাপ্তি ঘটানোর সুযোগ তৈরি হয়েছে। আমরা আশা করব, নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত ঐতিহাসিক নির্বাচন করে ইতিহাসের পাতায় ঠাঁই করে নেবে। দেড় দশক ধরে ভোটাধিকারহীন, গণতন্ত্রহীন দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরার পথ করে দেবে। কারণ, এই নির্বাচন গণতন্ত্রের জন্য জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও চিরতরে অন্ধ-পঙ্গু হয়ে যাওয়াদের দায় পরিশোধের নির্বাচন।
