পৃথিবীকে মানববান্ধব করে সৃষ্টি করেছেন মহান আল্লাহ। আমাদের চারপাশে ছড়িয়ে রয়েছে অসংখ্য নেয়ামত। কোন কোন নেয়ামতকে অস্বীকার করবো আমরা? তবে একটি বড় নেয়ামতের সাথে সঙ্গত আচরণ করছে না মানবজাতি। এ নেয়ামতের সাথে অনেকেরই সম্পর্ক নেই। অনেকে আবার এ নেয়ামতকে সম্মান প্রদর্শন করলেও তার মর্মমূলে প্রবেশে সক্ষম নয়। এ নেয়ামতের সঠিক চর্চার অভাবে আজ ক্ষতিগ্রস্ত পরিবার, সমাজ, রাষ্ট্র ও বিশ্ব। তবে বর্তমান সময়ে এ নেয়ামত সম্পর্কে অনুসন্ধিৎসা বাড়ছে, নেয়ামতের প্রয়োগের কথা উঠছে। মর্যাদা প্রদর্শনের তৎপরতাও লক্ষ্য করা যাচ্ছে। এ নেয়ামতের নাম আল-কোরআন।

আগামী জানুয়ারিতে পবিত্র কোরআন ছুঁয়ে মার্কিন সিনেটর হিসেবে শপত নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন মিশিগান থেকে নির্বাচিত সিনেটর আবদুল আল-সাইয়েদ। এর মধ্য দিয়ে তিনিই হবেন কোরআন ছুঁয়ে শপথ নেয়া প্রথম মার্কিন সিনেটর। তবে পবিত্র গ্রন্থটির কোন কপিটি তিনি ব্যবহার করবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেন নি। উইয়ন নিউজ এ খবর পরিবেশ করেছে। গত বৃহস্পতিবার এনপি আরের নিউজ মেকার্স অনুষ্ঠানে লেইলা ফাদেলের সঙ্গে আলাপকালে আল-সাইয়েদ দু’টি সম্ভাব্য পছন্দের কথা উল্লেখ করেন। এর একটি হলো সাবেক মার্কিন প্রেসিডেন্ট টমাস জেফারসনের ব্যক্তিগত সংগ্রহে থাকা কোরআনের কপি এবং অন্যটি মিশিগান বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত অঙ্গরাজ্যটির প্রথম ও অতি প্রাচীন কোরআনের কপি। আল-সাইয়েদ বলেন, আমি সম্ভবত কোরআন ছুঁয়েই শপথ নেব; তবে কোন কোরআনটি, তা এখনও নিশ্চিত নই। তিনি আরো বলেন, টমাস জেফারসনের কাছে কোরআনের একটি কপি ছিল। কিথ এলিসন যখন কংগ্রেসে শপথ নিয়েছিলেন, তখন তিনি ওই কপিটি ছুঁয়ে শপথ নিয়েছিলেন। এছাড়া মিশিগান অঙ্গরাজ্যের প্রথম কোরআনটিও রয়েছে, যা মিশিগান বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত। এটি অনেক পুরোনো এবং এটিও পছন্দ হতে পারে। কোনটি, তা আমি এখনো জানি না; তবে আমি কোরআন ছুঁয়েই শপথ নেব। উল্লেখ্য, ২০০৭ সালে প্রথম মুসলিম হিসেবে মার্কিন কংগ্রেসের নির্বাচিত হয়ে ডেট্রয়েটে জন্মগ্রহণকারী কিথ এলিসন (যিনি ক্যাথলিক পরিবারে বড় হয়ে ১৯ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেন) লাইব্রেরি অব কংগ্রেসে সংরক্ষিত জেফারসনের ১৯৭৪ সালের কোরআন অনুবাদ ছুঁয়ে শপথ নিয়ে ইতিহাস গড়েছিলেন। উল্লেখ্য, গত ৩ নভেম্বর মিশিগানের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে প্রথম মুসলিম আমেরিকান হিসেবে মার্কিন সিনেটর নির্বাচিত হন ৪২ বছর বয়সি আল-সাইয়েদ। ২০২৭ সালের ৩ জানুয়ারি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাকে শপথ বাক্য পাঠ করাবেন।

শুধু কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার আকাঙ্ক্ষা প্রকাশের জন্য নয়, গুরুত্বপূর্ণ আরো কিছু কারণে আবদুল-আল সাইয়েদ বর্তমান সময়ের একজন আলোচিত ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। তিনি নিজেকে একজন যোগ্য মানুষ হিসেবে, যোগ্য মুসলিম হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছেন। ৪২ বছর বয়সি মিসরীয় বংশোদ্ভূত আবদুল আল-সাইয়েদ এবার বিরাট ব্যবধানে সিনেটর নির্বাচিত হয়ে মার্কিন রাজনীতিতেও সাফল্যের পরিচয় দিয়েছেন। ২০০৭ সালে ইউনিভার্সিটি অব মিশিগান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন আল সাইয়েদ। এরপর রোডস স্কলার হিসেবে ২০১১ সালে ইউনিভার্সিটি অব অক্সফোর্ড থেকে জনস্বাস্থ্য বিষয়ে ডক্টরেট ডিগ্রি নেন। ২০১৪ সালে কলম্বিয়া ইউনির্ভাসিটি থেকে চিকিৎসা বিজ্ঞানে ডিগ্রী অর্জন করেন। ২০১৫ সালে মিশিগানের সবচেয়ে বড় শহর ডেট্রয়েটের স্বাস্থ্য বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব নেন আল সাইয়েদ। উপলব্ধি করা যায়, আল-সাইয়েদ নিজেকে যোগ্য করে গড়ে তুলেছেন সমাজের জন্য। ফলে ধর্ম পরিচয় তাকে বাধার মুখে ফেললেও ব্যর্থ করতে পারে নি। রাজনৈতিক ময়দানে যেমন তিনি সিনেটর, তেমনি মসজিদে ইমামতির দায়িত্ব পালনেও তিনি সক্ষম। বর্তমান সভ্যতায় এমন মুসলমানদেরই আমাদের প্রয়োজন। সময়ের দাবি পুরণে আমরা কতটা এগিয়ে আসতে পারি, সেটাই এখন দেখার বিষয়।