গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের সময় জামায়াতে ইসলামী সকল শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা বোর্ড, মাদরাসা বোর্ড, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়, প্রশাসনসহ সর্বত্র নিরঙ্কুশ আধিপত্য বিস্তার করে। অন্তর্বর্তী সরকারে থাকা কোনো কোনো উপদেষ্টার সহযোগিতায় জামায়াতের পদধারী, সমর্থক ও অনুসারিরা গুরুত্বপূর্ণ পদগুলো দখল করে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ প্রায় ৩২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে দলটির মতাদর্শের ভিসি নিয়োগ দেয়া হয়। দলটি পুরো শিক্ষাখাতকে নিজের দখলে নিয়ে নেয়। প্রশাসনে আধিপত্য বিস্তার করে ছায়া সরকারে পরিণত হয়। বলা হয়ে থাকে, স্বাধীনতার পর থেকে দলটি এমন ক্ষমতা উপভোগের সুযোগ আর কখনো পায়নি। জামায়াত সবার আগে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে টার্গেট করে। এর ফলাফল দেশবাসী দেখেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ যে পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, তাতে ছাত্রশিবির সমর্থিত প্যানেল নিরঙ্কুশ বিজয় পেয়েছে। এর অন্যতম কারণ হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ প্রশাসন ছাত্রশিবিরের অনুকূলে থাকায় এসব নির্বাচনে তার বিজয় নিশ্চিত হয়। পরবর্তীতে ক্যাম্পাসগুলোতে ছাত্রশিবির নানা অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে কীভাবে নিজের আধিপত্য বিস্তার করেছে, তা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়।
১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ আসন নিয়ে নিরঙ্কুশ বিজয় লাভ করে সরকার পরিচালনা করছে। সঙ্গতকারণেই বিএনপির ইশতেহার এবং দেশের নব্বই ভাগ মুসলমানের ইসলামী মূল্যবোধ অনুযায়ী শিক্ষা খাতকে ঢেলে সাজানোর কথা। দুঃখের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, সরকারের মেয়াদ দুই মাসের বেশি হওয়ার পরও শিক্ষাখাতে এখনো জামায়াতপন্থীদের আধিপত্য অক্ষুণœ রয়েছে। এর তেমন কোনো পরিবর্তন হয়নি। ভয়াবহ বিষয় হচ্ছে, দেশের নব্বই ভাগ মুসলমান আহলে সুন্নত ওয়াল জামাত তথা হানাফী মাযহাবের অনুসারী হলেও অন্তর্বর্তী সরকারের সময়ে জামায়াতপন্থীরা আলিয়া মাদরাসাশিক্ষার স্বকীয়তা নষ্ট করে সুকৌশলে ‘জামায়াতীকরণ’ এবং বিতর্কিত ‘মওদুদীবাদ’ অন্তর্ভুক্ত করে, যা এখনো অক্ষুণœ রয়েছে।
তারা আলিয়া মাদরাসার ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত আকাইদ ও ফিকহ বই থেকে সুকৌশলে সুন্নি ও হানাফি মতাদর্শের পাঠসমূহ বাদ দিয়েছে, যা মাদরাসা শিক্ষার স্বকীয়তা ও শৃঙ্খলা নষ্ট করছে। জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী বলেন, অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগে মাদরাসা শিক্ষা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানসমূহ তথা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, বিএমটিটিআই, মাদরাসা শিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা বোর্ডের গুরুত্বপূর্ণ পদে বিশেষ একটি দলের (জামায়াত) লোকজন দখল করে বসে। এতে দেশের সকল মাদাসার ম্যানেজিং কমিটি ও গভর্নিংবডি গঠনে দলটির লোকজন প্রভাব বিস্তার করে প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন পদে আসীন হয়ে আছে।
কেবল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটি পূর্বের অবস্থা থেকে মুক্তি পেয়েছে। বাকী দপ্তরসমূহ আগের মতোই রয়েছে। তিনি বলেন, আগে মাদরাসা বোর্ডের ধর্মীয় বইসমূহ বিশেষ করে ফিকহ ও আকাইদ বইসমূহ প্রণয়নের ক্ষেত্রে দেশের বেশিরভাগ মানুষের আক্বীদা বিশ্বাসের প্রতি লক্ষ্য রেখে প্রণয়ন করা হতো। অত্যন্ত দুঃখের বিষয়, অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগে এবং বিশেষ একটি দলের সার্বিক সহযোগিতায় (জামায়াত) সালাফী, লা-মাযহাবী একজন কারিকুলাম বিশেষজ্ঞ মাদরাসা বোর্ডে বসে সকল বইয়ের মূল আলোচ্য বিষয়সমূহ পরিবর্তন করে নিজস্ব ভ্রান্ত মতাদর্শ সন্নিবেশিত করে, যা এদেশের সকল পীর মাশায়েখ, আহলে সুন্নত ওয়াল জামাতের অনুসারী ও হানাফী মাযহাবের সকল মানুষকে চরমভাবে ব্যথিত করেছে।
অনতিবিলম্বে ঐসকল বিতর্কিত বই প্রত্যাহার করে দেশের মোহাক্কেক আলেম ও সহীহ আক্বীদার কারিকুলাম বিশেষজ্ঞদের নিয়ে ফিকহ ও আকাইদ বইসহ অন্যান্য বিতর্কিত বই সংশোধন ও প্রণয়নের জন্য একটি টিম তৈরি করা জরুরি। বলার অপেক্ষা রাখে না, যেকোনো দেশের শিক্ষাব্যবস্থা তার সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে ধারণ করে যুগোপোযোগীভাবে প্রণয়ন করা হয়। এখানে বিশেষ কোনো দল বা মতের আদর্শ চাপিয়ে দেয়ার সুযোগ নেই। অথচ অন্তর্বর্তী সরকারের সময়ে প্রশাসনে ঘাপটি মেরে থাকা জামায়াতপন্থীরা সুকৌশলে তাদের ভ্রান্ত ও দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে অগ্রহণযোগ্য মতাদর্শ মাদরাসা শিক্ষাসহ অন্যত্র চাপিয়ে দেয়ার কৌশল অবলম্বন করে। এটা অত্যন্ত গর্হিত কাজ। আলেম-ওলামাদের মতে, দেশের ধর্মীয় স্থিতিশীলতা বজায় রাখতে মাদরাসা শিক্ষার কারিকুলামকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা এবং মওদুদীবাদী বিতর্ক থেকে দূরে রাখা জরুরি। তা নাহলে, অবশ্যম্ভাবীভাবেই দেশের সাধারণ ধর্মপ্রাণ মুসলমানের মধ্যে বিভেদ ও বিতর্ক তৈরি হবে। বলা বাহুল্য, বিএনপি সরকার বরাবরই এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান যে ইসলামী রীতি-নীতি ও আদর্শের অনুসরী, তা ধারণ করে। তারাই তাকে ভোট দিয়ে নির্বাচিত করে এবং করেছে। এবারের নির্বাচনেও সংখ্যাগরিষ্ঠ ভোটাররা জামায়াতের মওদুদীবাদ ও ভ্রান্ত ইসলামী ধারণাকে প্রত্যাখ্যান করে বিএনপিকে নিরঙ্কুশ বিজয় দিয়েছে এ আশায় যে, দলটি প্রকৃত ইসলামী মূল্যবোধকে অক্ষুণœ ও অটুট রাখবে। এক্ষেত্রে, যদি ব্যতিক্রম হয় কিংবা শিক্ষাখাতে জামায়াতের আধিপত্য থাকে, তাহলে তা দলটির জন্য বুমেরাং হয়ে দাঁড়াবে। তাই অবিলম্বে শিক্ষাখাতের সকল বোর্ড ও প্রতিষ্ঠানে ঘাপটি মেরে থাকা জামায়াতপন্থীদের দ্রুত অপসারণ করা অপরিহার্য।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর গত আড়াই মাসে কিছু কিছু প্রতিষ্ঠান জামায়াতমুক্ত হলেও মাদরাসা শিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটসহ বেশিরভাগ মাদরাসাসংশ্লিষ্ট প্রতিষ্ঠান এখনো জামায়াতের নিয়ন্ত্রণে থাকা দুঃখজনক। শিক্ষামন্ত্রী দক্ষ, অভিজ্ঞ এবং কর্মঠ। তবে তার মাইন্ডসেট যেন সেই ‘নকল ধরার’ মধ্যে আবদ্ধ হয়ে রয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ সমালোচিত হয়েছেন। অনেকের মতে, বাস্তবতার সাথে তিনি নিজেকে এখনো খাপ খাইয়ে নিতে পারেননি। আধুনিক প্রজন্মের শিক্ষার্থীদের মাইন্ডসেট এবং লেখাপড়ার ধরনে অনেক পরিবর্তন হয়েছে। তাদের মধ্যে নকল করার প্রবণতা কম।
তাদের যে সমস্যা তা হচ্ছে, তারা সুসম, যথাযথ ও যুগোপোযোগী শিক্ষাসংকটে ভুগছে। গতকাল বিভিন্ন দৈনিকে প্রকাশিত ইউনিসেফের এক গবেষণা প্রতিবেদন থেকে জানা যায়, বেশির ভাগ প্রাথমিক শিক্ষার্থীরা বেসিক দক্ষতা ছাড়াই মাধ্যমিকে প্রবেশ করছে। ষষ্ঠ শ্রেণিতে যে শিক্ষার্থীরা পড়াশোনা করেছে, তাদের ৯১ ভাগই পঞ্চম শ্রেণির অংক ও ৬৫ ভাগ বাংলা প্রশ্নের উত্তর দিতে পারে না। এ থেকে সহজেই বোঝা যাচ্ছে, শিক্ষার মান কোথায় অবস্থান করছে। এ ব্যাপারে শিক্ষামন্ত্রীর সচেতন হওয়া এবং দৃষ্টি দেয়া জরুরি। তাকে মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করে শিক্ষার্থীদের যথাযথ শিক্ষা লাভের ওপর জোর দিতে হবে। এ ব্যাপারে তাকে দক্ষতা ও বিজ্ঞতার পরিচয় দিতে হবে। বলা হয়ে থাকে, তার মন্ত্রণালয় লোকজনের পদচারণায় ভারি হয়ে উঠেছে।
কাজ যতটা হওয়া প্রয়োজন, তা হচ্ছে না। এমন হলে কীভাবে হবে? একদিকে শিক্ষা খাতে জামায়াতের আধিপত্য, অন্যদিকে পাঠ্যক্রমের ত্রুটি, এই দুইয়ে মিলে দেশের শিক্ষা ব্যবস্থা বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। উল্লেখ করা প্রয়োজন, জামায়াতে ইসলামী অন্তর্বর্তী সরকারের সময় নানাভাবে রাজনৈতিক সংকট সৃষ্টি এবং নির্বাচন বানচালের চেষ্টা করেছে। নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর বিভিন্ন ইস্যুতে নতুন করে সংকট তৈরি অব্যাহত রেখেছে। রাজনীতির মাঠে তার ব্যাপকভাবে সক্রিয় হওয়ার আলামত প্রত্যক্ষ করা যাচ্ছে। স্থানীয় নির্বাচন তার লক্ষ্য। এ নির্বাচনে বিজয় নিশ্চিত করার জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে। অন্যদিকে, বিএনপি নিস্ক্রিয় হয়ে রয়েছে। ফলে পর্যবেক্ষকরা আগামী স্থানীয় নির্বাচনে বিএনপির বিপর্যয়ের আশঙ্কা করছেন। এক্ষেত্রে জামায়াতের দখলে থাকা শিক্ষাখাত বড় ধরনের ফ্যাক্টর হয়ে উঠবে। বিএনপি যে এ খাতে এখনো সক্রিয় বা যথাযথ দৃষ্টি দিচ্ছে না, তা জামায়াতের আধিপত্য থেকে বোঝা যাচ্ছে। পর্যবেক্ষকদের মতে, শিক্ষা খাতকে জামায়াতমুক্ত করে দেশের মানুষের আকাক্সক্ষা অনুযায়ী, এ খাতে বিএনপির নিয়ন্ত্রণ নিশ্চিত করা উচিত। ভ্রান্ত মওদুদী মতবাদ থেকে দেশের মানুষকে মুক্ত রাখতে শিক্ষা খাতকে জামায়াতমুক্ত করতে হবে। শুধু শিক্ষা খাতই নয়, প্রশাসনের যেখানেই ঘাপটি মেরে থাকা জামায়াতের লোকজন রয়েছে, সেখানেই সরকারের তীক্ষè নজর রাখতে হবে। তাদের নিয়ন্ত্রণে রাখতে হবে, অথবা অপসারণ করতে হবে।
