বাণিজ্য, অর্থনীতি ও প্রযুক্তির উন্নয়নের মধ্য দিয়ে বিশ্ব যখন গ্লোবাল ভিলেজে পরিণত হচ্ছে; দেশগুলো আঞ্চলিক ও উপ-আঞ্চলিক জোটের মাধ্যমে ভিসা প্রক্রিয়া ও বাণিজ্য সহজিকরণের পদক্ষেপ গ্রহণ করছে, তখন প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্রগুলো বাংলাদেশিদের জন্য ভিসানীতিতে কড়াকড়ি আরোপের বার্তা দিচ্ছে। অর্থনৈতিকভাবে অগ্রসরমান ও সম্ভাবনাময় রাষ্ট্র হিসেবে আমাদের জন্য এটি অস্বস্তি ও অপ্রীতিকর। গতকাল ইনকিলাবে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন দেশের দূতাবাস বাংলাদেশিদের জন্য ভিসা নীতিতে আরো নিয়ন্ত্রণ ও কঠোরতা আরোপ করছে। ইউরোপ-আমেরিকার পাশাপাশি এখন দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশের দূতাবাস বাংলাদেশিদের ভিসা প্রদানের ক্ষেত্রে কঠোরতা আরোপের সিদ্ধান্ত নিয়েছে। ভিসার জন্য আবেদন ও সাক্ষাৎকার দিতে গিয়ে দূতাবাসগুলোতে অহেতুক বিড়ম্বনার শিকার হচ্ছেন ভিসাপ্রার্থীরা। এমনকি ল্যান্ডলক্ড প্রতিবেশী দেশ নেপাল ও ভারতও বাংলাদেশিদের ভিসা প্রদানের ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করছে। বাংলাদেশের অর্থনীতি বৈদেশিক কর্মসংস্থান, শিল্পের কাঁচামাল ও কৃষিপণ্য আমদানি-রফতানি বাণিজ্যের উপর বহুলাংশে নির্ভরশীল। সেই সাথে বিপুল সংখ্যক শিক্ষার্থীর বিদেশে পড়াশোনা, মেডিকেল ট্যুরিজমসহ জরুরি স্বাস্থ্যসেবার মতো খাতগুলোও পরিবর্তিত ভিসানীতির দ্বারা সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারে। যেখানে ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়নসহ আঞ্চলিক জোটগুলো নাগরিকদের জন্য ভিসামুক্ত চলাচলের সুযোগ বাড়াচ্ছে, সেখানে বাংলাদেশে অবস্থিত দূতাবাসগুলো বিচারহীনভাবে ভিসা প্রত্যাখ্যান করে ভিসা প্রার্থীদের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এ ধরনের বাস্তবতা নাগরিক অধিকার ও আত্মসম্মানবোধের উপর আঘাতের শামিল।

বাংলাদেশিদের পাসপোর্টের মান ও ভিসা প্রদানের ক্ষেত্রে নতুন নতুন খড়গ বা কড়াকড়ি হঠাৎ করেই আরোপিত হচ্ছে না। এটি দীর্ঘদিনের আভ্যন্তরীণ রাজনৈতিক-অর্থনৈতিক বাস্তবতার আলোকে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর ভূরাজনৈতিক কৌশলের অংশ। বিগত বহু বছর ধরে দেশে এফডিআই বা সরাসরি বিদেশি বিনিয়োগসহ বিনিয়োগ ও কর্মসংস্থানে খরা চলছে। দেশে সুশাসন না থাকা এবং রাজনৈতিক অনিশ্চয়তার কারণে এ ধরনের স্থবিরতা দেখা দিয়েছিল। ভুয়া নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত দুর্বল সরকারের দুর্বৃত্তায়িত রাজনৈতিক প্রশাসন ও দুর্নীতিপরায়ণ আমলাতন্ত্রের কারণে বিপুল সম্ভাবনা ও নীতিগত সহায়তা সত্ত্বেও ব্যবসাবান্ধব সূচকে দেশ ক্রমান্বয়ে পিছিয়ে পড়েছিল। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতন ঘটলেও ড.

মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত ১৫ মাসেও পরিস্থিতির উন্নয়নে তেমন কোনো স্বাক্ষর রাখতে পারেনি। বিগত সরকার প্রতিটি সেক্টরে মেধা ও যোগ্যতার বদলে স্বজনপ্রীতি ও দলীয় পরিচয়ের ভিত্তিতে সর্বত্র অযোগ্য ও দুর্নীতিবাজদের পদায়ন করেছিল। বিদেশি মিশন বা দূতাবাসগুলোতে মেধাবী, যোগ্য ও পেশাদার লোকদের নিয়োগ না দিয়ে দলান্ধ ব্যক্তিদের নিয়োগ দিয়েছিল। অন্তর্বর্তী সরকার এসব লোকদের সরিয়ে যথাযথ যোগ্যতাসম্পন্ন লোকদের নিয়োগ ও পদায়নের মাধ্যমে এ ক্ষেত্রে একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে পারতো। এ সরকারের আমলে প্রত্যাশিত তেমন কিছুই হয়নি। কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। সর্বত্র পতিত স্বৈরাচারের দোসর, সুবিধাভোগী ও তল্পিবাহকরা এখনো বসে আছে। তারা সরকারের নীতি বাস্তবায়নের বদলে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে নেপথ্যে ভূমিকা পালন করছে বলে অভিযোগ উঠেছে। ইউরোপে গিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের দ্বারা আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের নাজেহাল হওয়া এবং সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে গিয়ে বিএনপি ও এনসিপি নেতাদের বিব্রতকর ও নিরাপত্তাহীন পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্য সংশ্লিষ্ট মিশনের কর্মকর্তা ও পররাষ্ট্র উপদেষ্টাসহ পররাষ্ট্র মন্ত্রণালয় তার দায় এড়াতে পারে না।

অর্থনীতি ও ভূরাজনীতি বিশেষজ্ঞ ড. ইমতিয়াজ আহমদের মতে, ভিসা কমানোর সিদ্ধান্তগুলো ভূরাজনৈতিক কৌশলের অংশ, যা বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর প্রভাব ফেলছে। অন্যভাবে বলতে গেলে, দেশের আভ্যন্তরীণ রাজনীতি ও অর্থনৈতিক বাস্তবতা আন্তঃরাষ্ট্রীয় ভিসানীতির উপর নেতিবাচক প্রভাব রাখছে। জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের পাসপোর্টের মান, বাণিজ্য-উন্নয়ন অংশীদার ও প্রতিবেশী দেশগুলোর ভিসানীতিতে ইতিবাচক পরিবর্তন প্রত্যাশিত হলেও আদতে ঘটেছে তার বিপরীত। যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট সূচকে গত বছরের ৯৭তম স্থান থেকে ২০২৫ সালে বাংলাদেশের তিনধাপ অবনমিত হয়ে ১০০তম স্থান লাভ করেছে। পাসপোর্টের মান ভিসা প্রদানের ক্ষেত্রে প্রভাব ফেলে।

এক সময়ের কৃষি ভিত্তিক অর্থনীতির বাংলাদেশ এখন বৈদেশিক কর্মসংস্থান ও আমদানি-রফতানি বাণিজ্য নির্ভর অর্থনীতিতে পরিণত হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোর সাথে দ্বিপাক্ষিক ও কূটনৈতিক সম্পর্কে ভিসানীতির সরাসরি যোগসূত্র থাকে। এ ক্ষেত্রে সরকারের অবস্থান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সক্ষমতার প্রশ্ন জড়িত। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ও সরকারের নিয়োগকৃত হাই-প্রোফাইল কর্মকর্তা হাই-রিপ্রেজেন্টেটিভদের ভূমিকা ও সক্ষমতাও প্রশ্নবিদ্ধ। দেশের আভ্যন্তরীণ রাজনীতি-অর্থনীতি যখন নাজুক, টালমাটাল ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, তখন বৈদেশিক কর্মসংস্থান, বাণিজ্য ও উন্নয়ন অংশীদারদের ভিসানীতির খড়গ সংকটকে আরো বাড়িয়ে তুলতে পারে। বিদেশের মিশনগুলোতে নিয়োগকৃত কর্মকর্তাদের দায়-দায়িত্ব ও স্বচ্ছতা নিশ্চিত করা যেমন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। একইভাবে দেশের অভ্যন্তরে থাকা বিদেশ মিশনগুলোর কর্মকা-েরও স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা আবশ্যক। দূতাবাসগুলোতে ভিসা প্রার্থীদের অহেতুক হয়রানি, দুর্নীতি ও দালালদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে সরকারের সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা পালন করতে হবে। বাণিজ্য, বৈদেশিক কর্মসংস্থান, উচ্চশিক্ষা ও জরুরি চিকিৎসা সেবার প্রয়োজনে ভিসা সহজিকরণে সরকারের নিষ্ক্রিয়তার কোনো সুযোগ নেই। বিদ্যমান বাস্তবতা পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের ব্যর্থতা-অদক্ষতার প্রমাণ বহন করছে।