মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ, স্বাধীন বাংলাদেশের প্রথম বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আবদুল করিম খন্দকার (এ কে খন্দকার) বীরউত্তম শনিবার সকালে মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। এ বীর মুক্তিযোদ্ধার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তাঁর ‘১৯৭১ : ভেতরে বাইরে’ বই থেকে কিছু অংশ প্রকাশ করা হলো।

ভারতীয় সামরিক বাহিনীর লিয়াজোঁ অফিসার কর্নেল পি দাস অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রীকে তাঁর ব্যক্তিগত সচিব ফারুক আজিজ খানের মাধ্যমে ১৬ ডিসেম্বর বিকেলে অনুষ্ঠেয় পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের খবর জানান। প্রধানমন্ত্রী বাংলাদেশ বাহিনীর প্রধান সেনাপতি কর্নেল এম এ জি ওসমানীর খোঁজ করতে গিয়ে জানতে পারেন যে, কর্নেল ওসমানী, ব্রিগেডিয়ার উজ্জ্বল গুপ্ত (ভারতীয় বাহিনী) এবং লেফটেন্যান্ট কর্নেল আবদুর রব মুক্ত এলাকা পরিদর্শনে সিলেট গেছেন।

কর্নেল ওসমানীর অনুপস্থিতিতে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত গ্রহণ করে যে, ঢাকার রেসকোর্স ময়দানে বিকেল ৪টায় পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে আমি বাংলাদেশ বাহিনীর পক্ষে প্রতিনিধিত্ব করব। … মেজর নূরুল ইসলাম, ড. ফারুক আজিজ খান ও ফ্লাইট লেফটেন্যান্ট রেজা আমাকে দমদম বিমানবন্দরে পৌঁছে দেন। সেখানে গিয়ে দেখি যে, একটি সামরিক যাত্রীবাহী বিমান দাঁড়ানো আছে। আমি আমার সফরসঙ্গীদের বিদায় জানিয়ে টারমাকে দাঁড়িয়ে থাকা সামরিক বিমানে আরোহণের জন্য বিমানের দু-তিন সিঁড়ি ওঠার পর লক্ষ্য করলাম, ভারতীয় সেনাবাহিনীর একটি জিপ বিমানের দিকে আসছে। … জিপটি সিঁড়ির কাছে এসে থামলে লক্ষ্য করলাম, মিত্রবাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রধান জেনারেল জগজিৎ সিং অরোরা এবং মিসেস বান্তি অরোরা গাড়ি থেকে নামছেন। … আমি সিঁড়ির মধ্যে কিছুটা সরে গিয়ে তাদের জন্য জায়গা করে দিলাম, যাতে তারা বিমানে উঠতে পারেন। জেনারেল অরোরা আমার পিঠে হাত দিয়ে মৃদু হেসে বললেন, ‘আপনি মুক্তিবাহিনীর কমান্ডার। আপনি আগে যাবেন।’ … আমরা দমদম বিমানবন্দর থেকে প্লেনে রওনা হয়ে ঢাকার ওপর দিয়ে আগরতলা বিমানবন্দরে এসে নামি। তেজগাঁও বিমানবন্দরের রানওয়ে যুদ্ধে খুব খারাপভাবে বিধ্বস্ত হওয়ায় সেখানে কোনো ফিক্সড উইং বিমান ওঠানামা করা সম্ভব ছিল না। সেখানে একমাত্র হেলিকপ্টারই ওঠানামা করছিল। … আগরতলা পৌঁছে দেখি, বেশ কয়েকটি হেলিকপ্টার আমাদের জন্য অপেক্ষা করছে।

ইতোমধ্যে ১৬ ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল জ্যাকব আত্মসমর্পণের দলিল নিয়ে আলোচনার জন্য দুপুর ১টার দিকে হেলিকপ্টারে তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করেন। …জেনারেল নিয়াজির অফিসে এসে জেনারেল জ্যাকব লক্ষ্য করেন যে, নিয়াজি আর জেনারেল নাগরা পাঞ্জাবি ভাষায় পরস্পরকে একটার পর একটা স্কুল আদিরসাত্মক কৌতুক উপহার দিচ্ছেন। সেখানে আরও উপস্থিত ছিলেন জেনারেল রাও ফরমান আলি, জেনারেল মোহাম্মদ জামসেদ খান, রিয়ার অ্যাডমিরাল শরিফ ও এয়ার ভাইস মার্শাল ইনাম উল হক। নিয়াজির সঙ্গে আলোচনার আগে জ্যাকব জেনারেল জি সি নাগরাকে আলাদাভাবে ডেকে নিয়ে প্রয়োজনীয়সংখ্যক ভারতীয় সৈনিক ঢাকায় আনার নির্দেশ দেন এবং ঢাকার নিরাপত্তা, আত্মসমর্পণ অনুষ্ঠানের খুঁটিনাটি যেমন, গার্ড অব অনার, টেবিল-চেয়ার ইত্যাদির ব্যবস্থা করতে পাঠিয়ে দেন।

এরপর দুই পক্ষের মধ্যে আত্মসমর্পণ নিয়ে আলোচনা শুরু হয়। পিনপতন নীরবতার মধ্যে কর্নেল খারা আত্মসমর্পণের শর্তগুলো পড়ে শোনান এবং খসড়া কপিটি জেনারেল নিয়াজিকে দেন। … জেনারেল নিয়াজি দলিলটি অন্যদের দেখার জন্য দেন। কেউ কেউ কিছু পরিবর্তনের কথা বলেন। দলিলে পাকিস্তানিদের পক্ষে বেশ কিছু শর্ত ছিল, যেমন পাকিস্তানি বাহিনীর সঙ্গে জেনেভা কনভেনশন অনুযায়ী আচরণ করা হবে এবং সার্বিক নিরাপত্তাও নিশ্চিত করা হবে। এমনকি পাকিস্তানপন্থি সব বেসামরিক জনগণের নিরাপত্তার বিষয়ও দলিলে উল্লেখ ছিল, যা আগে কখনও কোনো আত্মসমর্পণের দলিলে অন্তর্ভুক্ত হয়নি। পাকিস্তানিরা আরও কিছু সময় নেওয়ার পর আত্মসমর্পণের দলিলে সম্মতি দেয়।

হেলিকপ্টারে করে পড়ন্ত বিকেলে আমরা তেজগাঁও বিমানবন্দরে এসে অবতরণ করি। অবতরণ করার সময় দেখি হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে। তেজগাঁও বিমানবন্দরে জেনারেল নিয়াজি, জেনারেল জ্যাকব এবং আরও কিছু পাকিস্তানি ও মিত্রবাহিনীর কর্মকর্তা আমাদের অভ্যর্থনা জানান। এরপর জিপে করে আমরা রমনা রেসকোর্স ময়দানে রওনা হই। … অনুষ্ঠানটি ছিল অনাড়ম্বর এবং এটি অল্প সময়ে শেষ হয়। অনুষ্ঠানে মাত্র দুটি চেয়ার আর একটি টেবিল ছিল। একটি চেয়ারে জেনারেল নিয়াজি ও অন্যটিতে জেনারেল অরোরা বসলেন। আত্মসমর্পণ অনুষ্ঠানটি খুব সুশৃঙ্খলভাবে হয়নি। মানুষের ভিড়ে অতিথিদের দাঁড়িয়ে থাকাটা কঠিন ছিল। আমি, ভারতীয় নৌবাহিনীর প্রধান রিয়াল অ্যাডমিরাল এস এম নন্দা ও পূর্বাঞ্চল বিমানবাহিনীর কমান্ডার এয়ার মার্শাল হরি চান্দ দেওয়ান পাশাপাশি দাঁড়িয়ে ছিলাম, আর পাশেই ছিলেন পূর্বাঞ্চল সেনাবাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল এফ আর জ্যাকব। আমি জেনারেল অরোরার ঠিক পেছনে দাঁড়িয়ে ছিলাম।

আত্মসমর্পণের দলিল নিয়ে আসা হলো। প্রথমে পাকিস্তানি বাহিনীর পূর্বাঞ্চলের প্রধান জেনারেল নিয়াজি এবং পরে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান লেফটেন্যান্ট জেনারেল অরোরা দলিলে স্বাক্ষর করলেন। স্বাক্ষরের জন্য নিয়াজিকে কলম এগিয়ে দেন অরোরা। প্রথম দফায় কলমটি দিয়ে লেখা যাচ্ছিল না। অরোরা কলমটি নিয়ে কিছু ঝাড়াঝাড়ি করে পুনরায় নিয়াজিকে দেন। এ দফায় কলমটি আর অসুবিধা করেনি। পরে জেনেছি, ওই দিন শুধু আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করার জন্যই অরোরা কলকাতা থেকে কলমটি কিনে এনেছিলেন। স্বাক্ষর শেষ হলে উভয়েই উঠে দাঁড়ান। তারপর আত্মসমর্পণের রীতি অনুযায়ী জেনারেল নিয়াজি নিজের রিভলবারটি কাঁপা কাঁপা হাতে অত্যন্ত বিষণ্নতার সঙ্গে জেনারেল অরোরার কাছে হস্তান্তর করেন। এরপর মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সদস্যরা পাকিস্তানি সৈন্য ও কর্মকর্তাদের কর্ডন করে ক্যান্টনমেন্টে নিয়ে যায়।

আত্মসমর্পণের পর ঢাকায় ৯ মাস ধরে অবরুদ্ধ থাকা জনতা আবেগে আপ্লুত হয়ে পড়ে; কয়েকজন আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আমরা কোনো কথাই বলতে পারছিলাম না। আবেগে সবাই বোবা হয়ে গিয়েছিলাম। কিছুটা স্বাভাবিক হওয়ার পর অনেকে বলল, ‘আহ! আজ থেকে আমরা শান্তিতে, নির্ভয়ে ঘুমাতে পারব।’

আত্মসমর্পণের আনুষ্ঠানিকতা শেষে আমরা জিপে করে বিমানবন্দরে চলে আসি। সেখান থেকে হেলিকপ্টারে আমরা আগরতলা হয়ে কলকাতায় যাই। কলকাতা যখন পৌঁছাই, তখন রাত হয়ে গেছে। তখন নিজেকে খুব নির্ভার মনে হচ্ছিল। দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর ওই মুহূর্তে মনে হচ্ছিল, যুদ্ধ শেষ হয়েছে, আমরা একটি স্বাধীন দেশ পেলাম, দেশের মানুষ এখন শান্তিতে থাকবে, মানুষ অর্থনৈতিক মুক্তি পাবে।