অনেক অপেক্ষা, প্রতিক্ষা, অনেক জল্পনা-কল্পনা, অনেক অপপ্রচার ও প্রতিবন্ধকতা-বৈরিতা ডিঙিয়ে দীর্ঘ ১৭ বছর পর আজ ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরছেন। সবকিছু ঠিকঠাক থাকলে লন্ডন থেকে একটি ফ্লাইটে আজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন তিনি। এরপর উত্তর-পূর্ব ঢাকায় সুপরিসর ৩০০ ফিট রাস্তায় নির্মিত সম্বর্ধনাস্থলে লাখো জনতার সমাবেশে যোগদান শেষে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসারত তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে সেখানে যাবেন তিনি। মূলত মুমুর্ষূ মাকে দেখতে এবং জাতির এই ক্রান্তিকালে দল ও দেশের বিশেষ প্রয়োজনে তিনি এক বিকল্পহীন নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন।

নভেম্বরের শেষদিকে খালেদা জিয়ার সংকটাপন্ন অবস্থায় দলীয় নেতাকর্মী ও দলমত নির্বিশেষ দেশের মানুষ যখন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের জন্য প্রহর গুনছিল, তখন তিনি আকারে-ইঙ্গিতে কিছু অনিবার্য প্রতিবন্ধকতার কথা বলেছিলেন। অন্যদিকে কিছু প্রবাসী অ্যাক্টিভিস্ট ও পতিত স্বৈরাচারের দোসর তাঁর স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে নানা অপপ্রচার ও বিভ্রান্তি ছড়িয়েছিল। কেউ কেউ বলেছিলেন, দল ক্ষমতায় না আসলে তিনি আর কখনোই দেশে ফিরতে পারবেন না। অবশেষে গত ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তিনি যখন নিজেই ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তনের তারিখ ঘোষণা করলেন, তখনো এক শ্রেণির সমালোচক ও সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট নানা অপতথ্য ছড়িয়েছে। তবে তাদের এসব অপপ্রচারে দলের নেতাকর্মী বা সাধারণ মানুষকে বিভ্রান্ত করা সম্ভব হয়নি। আজ তাঁর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানী ঢাকায় স্মরণকালের বৃহত্তম জনসমাবেশ ঘটতে চলেছে। দেড়যুগ ধরে অধীর আগ্রহে অপেক্ষমান নেতাকর্মী ও গুণগ্রাহীরা তাঁকে এক নজর দেখার জন্য দুইদিন আগে থেকেই সমাবেশস্থলে উপস্থিত হতে শুরু করে বলে খবর পাওয়া যাচ্ছিল।

জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা এক নতুন উচ্চতায় উন্নীত হতে চলেছে। এই যাত্রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র এক অবিসংবাদিত অংশীদারিত্ব রয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে দেশের স্বাধীনতার ঘোষণা এসেছিল। তিনি বাংলাদেশে প্রথম বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক এবং ভূরাজনৈতিক শক্তি হিসেবে বাংলাদেশের সম্ভাবনাকে জাগিয়ে তোলার কৃতিত্ব শহীদ জিয়ার।

স্বাধীনতার এক দশকের মাথায় প্রেসিডেন্ট জিয়া শহীদ হওয়ার পর দেশকে সামরিক স্বৈরাচারের কবল থেকে মুক্ত করতে দেশের গণতন্ত্রকামী মানুষের অকুণ্ঠ সমর্থন নিয়ে ৮ বছর আপসহীন সংগ্রাম করে দেশে আবারো গণতন্ত্র ফিরিয়ে দেশের প্রথম সফল নারী প্রধানমন্ত্রীর গৌরব মুকুট অধিকার করেন বেগম খালেদা জিয়া। তারেক রহমান তাদের সুযোগ্য উত্তরসূরী। তিনি নবিস কোনো রাজনৈতিক কর্মী নন। তাঁর সুযোগ্য নেতৃত্বে ২০০১ সালের জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে বিএনপি ক্ষমতায় প্রত্যাবর্তন করতে সক্ষম হয়। আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্রে এক-এগারো সরকারের সময় তারেক রহমান চরম নির্যাতনের শিকার হন এবং জটিল অসুস্থতা নিয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হন। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট রিজিমের পতন এবং গণতন্ত্রের নবযাত্রার রাজনৈতিক নেতৃত্বে তারেক রহমান এক অনিবার্য-অপরিহার্য নাম। তাঁর আগমনে মুক্তিকামী, গণতন্ত্রকামী, স্বাধীনতাপ্রিয় জনগণ যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছে। বিএনপির নেতাকর্মীরা আজ আনন্দে উদ্বেলিত হয়েও এভারকেয়ার হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার জন্য সকলের মধ্যেই এক অজানা আশঙ্কা ও অস্থিরতা বিরাজ করছে। তারেক রহমান দেশে ফিরেছেন, খালেদা জিয়া সুস্থ হয়ে নেতাকর্মীদের মাঝে ফিরে আসলে তা জাতির এই ক্রান্তিকালের নতুন দিশা ও গতির সঞ্চার করতে পারে। স্বদেশ প্রত্যাবর্তনের এই মাহেন্দ্র ক্ষণে আমরা তারেক রহমানকে স্বাগত ও মোবারকবাদ জানাই।

দেড়যুগের ফ্যাসিবাদি দুঃশাসনের বিরুদ্ধে দেশের গণতন্ত্রকামী মানুষ বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে আপসহীন আন্দোলন চালিয়েছেন। বিএনপি নেতৃত্বাধীন জোটের হাজার হাজার নেতাকর্মী গুম ও বিচারহীন হত্যাকা-ের শিকার হয়েছেন। লাখ লাখ নেতাকর্মী হয়রানিমূলক মিথ্যা মামলার শিকার হয়ে ফেরারি জীবন কাটাতে বাধ্য হয়েছেন। সেই নিপীড়িত জনতার অংশগ্রহণের মধ্য দিয়েই ছাত্রদের নেতৃত্বে চব্বিশের জুলাই অভ্যুত্থান সংঘটিত হয়েছিল। তারেক রহমান লন্ডন থেকে দলীয় নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়ে গণঅভ্যুত্থান সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

প্রতিটি রাজনৈতিক-সাংস্কৃতিক কর্মকা-ে ভার্চুয়াল মাধ্যমে তাঁর নিয়মিত সরব উপস্থিতি নেতাকর্মীদের সাথে তাঁর হাজার মাইলের দূরত্ব ঘুচিয়ে দিলেও নেতার বাস্তব উপস্থিতি ও স্পর্শের অপূর্ণতার তৃষ্ণা বেড়ে গিয়েছিল। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সেই অপূর্ণতাকেই পূর্ণতা দান করবে। এটি শুধু এক আবেগি মুহূর্ত নয়। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতন্ত্র ও ভবিষ্যৎ রাজনীতির জন্য এক অনন্যসাধারণ অনুঘটক হিসেবে বিবেচিত হচ্ছে। তবে আমাদের মনে রাখতে হবে, জাতির এই ক্রান্তিকালে আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ বিদ্যমান। পতিত স্বৈরাচারের দোসর ও পৃষ্ঠপোষকরা এখনো নানা অপতৎপরতায় সক্রিয় রয়েছে। জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের পাশাপাশি তারেক রহমানও বাংলাদেশের গণতন্ত্রের শত্রুদের টার্গেট। দিনেদুপুরে ঢাকায় প্রকাশ্য রাজপথে আততায়ীর হাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির শহীদ হওয়ার পর তারেক রহমানের নিরাপত্তার প্রশ্নে বাড়তি সতর্কতা ও যৌক্তিক আশঙ্কা দেখা দিয়েছে। কোনো অপপ্রচার, ষড়যন্ত্র, হুমকি ও আশঙ্কার প্রাচীর তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের অগ্রযাত্রা কেউ দাবিয়ে রাখতে পারবে না। পর্দার অন্তরালের ষড়যন্ত্রকারী ও অপপ্রচারের বিরুদ্ধে তারেক রহমানের সাহসী উপস্থিতি ও দৃঢ় নেতৃত্বে ৩১ দফার আলোকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা নিশ্চিত হবে, এটাই সকলের প্রত্যাশা। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন জাতির জন্য এক ঐতিহাসিক দিন। তিনি আজ কোনো একক দলীয় গ-িতে সীমাবদ্ধ নন। দেশ ও গণতন্ত্রের প্রয়োজনে তিনি এখন এক অনিবার্য রাজনৈতিক সত্তা।