অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে এক ঐতিহাসিক ও অসাধারণ সিরিজ জিতেছে। বৃষ্টি আইনে অস্ট্রেলিয়ার দেওয়া ১৯২ রানের লক্ষ্য ৩৬ বল ও ৫ উইকেট হাতে রেখে এই বিজয় পেয়েছে। গত বৃহস্পতিবার (১১ জুন) মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার সাথে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচে এই ঐতিহাসিক সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১ বছর ধরে বাংলাদেশ কোনো জয় পায়নি। এবার জয়ের পাশাপাশি সিরিজও জিতেছে। অস্ট্রেলিয়াকে সিরিজে হারানোর পর এখন শুধু বাকি রয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ডকে সিরিজ হারাতে পারলে, ক্রিকেটের সব পরাশক্তিকে পরাজিত করার অপূর্ণতা পূর্ণ হবে। বাংলাদেশ ক্রিকেট দল ব্যাটে-বলে নৈপুণ্য ও পরিপক্কতার স্বাক্ষর রেখে পরাশক্তি অস্ট্রেলিয়াকে পরাজিত করেছে। এর কয়েক দিন আগে সফরকারি পাকিস্তানের বিরুদ্ধেও বাংলাদেশ সিরিজ জিতেছে। পরপর দুই বিশ্বশক্তির বিরুদ্ধে সিরিজ জেতা নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটর উন্নতি ও শক্তিমত্তার প্রমাণ। এর মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জেতা ঐতিহাসিক ঘটনা বটে। আমরা বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন ও মোবারকবাদ জানাই।

ঘরের মাঠে বাংলাদেশ এর আগে বিশ্বের শক্তিধর ক্রিকেট দলগুলোকে হারিয়েছে। কোনো কোনো দলকে একাধিকবার হোয়াইট ওয়াশ করেছে। এক্ষেত্রে স্পিননির্ভর উইকেট ও হোমকন্ডিশনকে কাজে লাগিয়ে সিরিজগুলো জেতা হয়েছে। ক্রিকেটে এটা সিদ্ধ, দ্বিপাক্ষিক সিরিজে স্বাগতিক দেশ তার নিজের মতো করে উইকেট তৈরি করে এবং হোমকন্ডিশনকে কাজে লাগিয়ে প্রতিপক্ষকে কুপোকাত করার চেষ্টা করে। সফরকারি দলও তা জেনে প্রস্তুতি নেয়। পরাশক্তি দলগুলো বিশ্বের যেকোনো উইকেট ও কন্ডিশনে খেলার দক্ষতা অর্জন করেছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোর উইকেট সাধারণত গতিশীল ও বাউন্সি হয়ে থাকে। এতে তাদের পেস বোলাররা সুবিধা পায়। ফলে উপমহাদেশের দেশগুলো সেখানে গিয়ে খেলতে কমবেশি সমস্যার মুখোমুখি হয়।

এর কারণ হচ্ছে, উপমহাদেশের ক্রিকেট খেলুড়ে দেশগুলোর উইকেট তৈরি করা হয় তাদের স্পিন বোলারদের বাড়তি সুবিধা দেয়ার জন্য। স্পিন বোলিং দিয়ে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের মতো দেশগুলোকে কুপোকাত করার টার্গেট করা হয়। এতে সাফল্যও আসে। তবে ফিরতি দ্বিপাক্ষিক সিরিজে ওইসব দেশে তাদের পেস বোলিং ও হোমকন্ডিশনে খেলতে গিয়ে হিমশিম খায়। বাংলাদেশের মতো কমশক্তিধর দেশগুলোর জন্য তা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। এজন্য, দায়ী বিশ্বের যেকোনো উইকেট ও কন্ডিশনে খেলার দক্ষতা অর্জনের ঘাটতি। নিজ নিজ দেশে প্রত্যেকেই শক্তিধর হয়। তবে প্রকৃত শক্তিমত্তা প্রমাণিত হয়, অন্যদেশে গিয়ে জেতার মধ্য দিয়ে।

বলার অপেক্ষা রাখে না, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের ক্ষেত্রে বাংলাদেশের উইকেট সেই আগের মতো স্পিন নির্ভর করে তৈরি করা হয়নি। বরং ব্যাটে-বলে দুই দলই সমান সুবিধা লাভ করতে পারে, এমন স্পোর্টিং উইকেট তৈরি করা হয়েছে। এই উইকেটে সিরিজ জয় লাভ করা নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটের উন্নতির নির্দেশক। সিরিজে খেলা পেস বোলার তাসকিন আহমেদ যথাযর্থই বলেছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে এর আগে বাংলাদেশ টি-টুয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেয়েছে, টেস্টও জিতেছে, তবে দুটি জয়ে মুখ্য ভূমিকা পালন করেছে আমাদের স্পিনারদের সহায়ক উইকেট। এবার তা করা হয়নি। পুরোপুরি স্পোর্টিং উইকেট তৈরি কার হয়েছে। এ ধরনের উইকেটে সবার জন্যই সমান সুবিধা রয়েছে। ফলে, উইকেট নিয়ে সমালোচনা করার সুযোগ নেই। আমরা ভালো উইকেটে ভালো দলের সঙ্গে জিতেছি। এটা দারুণ অর্জন। তিনি বলেছেন, বছরখানেক ধরে আমরা ধীরে ধীরে দল হিসেবে গড়ে উঠছি। ভালো উইকেটে, ভালো কন্ডিশনে খেলে দল উন্নতি করছে। আমাদের লক্ষ্য, বড় টুর্নামেন্টে ভালো করার, যেটা এখনো সেভাবে অর্জিত হয়নি। এজন্য, আমাদের বোর্ড এবং খেলোয়াড় সবাই মিলে চাইছে, ভালো কন্ডিশনে খেলে স্কিল বাড়াতে।

বাংলাদেশের ক্রিকেটের উন্নতি দৃশ্যমান হচ্ছে। এক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সুচিন্তিত পরিকল্পনা ও ক্রিকেটারদের দক্ষ করে গড়ে তোলার উদ্যোগ ভূমিকা রাখছে। এর ফলাফল হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমবারের মতো ঐতিহাসিক সিরিজ জয় এসেছে। তবে এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। হোমগ্রাউন্ডের সুবিধা কাজে লাগিয়ে সাফল্য পাওয়ার পাশাপাশি শক্তিধর দেশগুলোর উইকেট ও তাদের হোমগ্রাউন্ডে যাতে সাফল্য পায়, দলকে সেভাবে প্রস্তুত করতে হবে। এজন্য, ক্রিকেট বোর্ডসহ কোচিং স্টাফ ও নির্বাচকদের দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শুধু হোমগ্রাউন্ডের সাফল্যের আনন্দে ভেসে যাওয়া যাবে না। বিশ্বকাপসহ বড় বড় টুর্নামেন্টে সাফল্য লাভের চেষ্টা করতে হবে। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরূপ আচরণ এবং নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের খেলতে না পারা ছিল দুর্ভাগ্যজনক। আইসিসিতে ভারতের একচেটিয়া আধিপত্যও এক্ষেত্রে দায়ী। এতে বিশ্বমঞ্চে বাংলাদেশ খেলা থেকে বঞ্চিত হয়েছে। আইসিসির উচিৎ, কোনো এক বা একাধিক দেশের আধিপত্য থেকে বের হয়ে সবদেশের সাথে ভারসাম্যপূর্ণ আচরণ করা।