আমাদের ছোট্ট এ পৃথিবীটায় একেক সময় একেকটা বিষয় বেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এখন যেমন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ইসরাইল এবং আমেরিকার নির্বাচন। এই নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বেশ সংকটে পড়েছেন। নেতানিয়াহু নির্বাচনে জিততে পারেন নি। তার প্রতিপক্ষরা জোটবদ্ধ হলেই তাকে পরাজিত হতে হবে। তবে ইসরাইলে নতুন সরকারের বিষয়টা এখনো ঝুলে আছে। কট্টর ও নৃশংস ইহুদীবাদের লাগাম যদি সমাজ বাস্তবতায় কিছুটা শিথিল হয়, তাহলে ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে স্বাভাবিক হাওয়া বইতে পারে। এমন সম্ভাবনায় এখন ভীত নেতানিয়াহু, মলিন ট্রাম্পের মুখও। ইসরাইলের সমাজে এখন যে বিভক্তি, তা সম্ভাব্য পরিবর্তনের বার্তা দেয়। যুক্তরাষ্ট্রেও মধ্যবর্তী নির্বাচন হয়ে গেল ৩ নভেম্বরে। নির্বাচন-পূর্ববর্তী জরিপের ফলাফল ট্রাম্পের জন্য সুখকর নয়। ভুল কর্মকাণ্ডের জন্য তার জনসমর্থন কমছে। এখন থেকে তিনি ভিন্ন রণকৌশলের কথাও ভাবছেন। কর্মফল বলে একটা কথা আছে না! সেটাই যেন এখন ঘটতে চলেছে ট্রাম্প এবং নেতানিয়াহুর রাজনৈতিক জীবনে।

রাজনীতিতে জয়-পরাজয়ের রেখা সবসময় সরল পথে চলে না। আছে সর্পিল পথ, ঘোরপথও কম নয়। তবে রাজনীতির গতিপথে এবার হোঁচট খেয়েছেন ট্রাম্প ও নেতানিয়াহু। মানুষ যত বড়ই হোক তার একটা সীমাবদ্ধতা আছে, জাতির ক্ষেত্রেও কথাটা সমান সত্যি। রোম ও পারস্য সম্রাজ্যের পতন তার বড় প্রমাণ। এবার ইসরাইলের নির্বাচনে যেমন ট্রাম্পের তৎপরতা লক্ষ্য করা গেছে, তেমনি আমেরিকার নির্বাচনে লক্ষ্য করা গেছে ইসরাইলি লবিগুলোর তৎপরতা। গতিবিধি লক্ষ্য করলে মনে হয়, শুধু মধ্যপ্রাচ্যে নয়, যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও নাক গলাতে কসুর করছে না ইসরাইল। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ঘটনাপ্রবাহ লক্ষ্য করলেও বিষয়টি উপলব্ধি করা যায়।

মধ্যবর্তী নির্বাচনে মার্কিন আইনসভা সংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সব ও উচ্চকক্ষ সিনেটের ৩৫ আসনে এবার ভোট হওয়ার কথা। তবে সবগুলো আসনের মধ্যে যে অল্প কয়েকটির ওপর মানুষের বিশেষ দৃষ্টি রয়েছে, তার মধ্যে একটি হলো মিশিগানের সিনেট আসনটি। এ আসনে বিরোধী ডেমোক্রেটিক পার্টির পক্ষে লড়াই করছেন আবদুর রহমান আল-সাইয়েদ। ‘আবদুল আল-সাইয়েদ’ হিসেবে বেশি পরিচিত এ প্রার্থী যদি বিজয়ী হতে পারেন, তবে তিনিই হবেন প্রথম আমেরিকান মুসলিম সিনেটর।

উল্লেখ্য, মিশিগানের এ আসনে বর্তমান সিনেট সদস্য হলেন গ্যারি পিটার্স। কিন্তু এবারের নির্বাচনে ডেমেক্রেটদলীয় এ রাজনীতিবিদ প্রতিদ্বন্দ্বিতা করতে অনিচ্ছা প্রকাশ করেন। ফলে দলীয় প্রার্থী নির্বাচনে গত আগস্টে ডেমোক্রেটিক সিনেট প্রাইমারিতে প্রার্থী হিসেবে মনোনীত হন আবদুল আল-সাইয়েদ। ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির প্রার্থী মাইক রজার্সের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। নির্বাচনের আগে প্রকাশিত বিভিন্ন জনমত জরিপ অনুসারে রজার্সের থেকে সামান্য কিছু ব্যবধানে এগিয়ে রয়েছেন আল-সাইয়েদ। সিনেটের এ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে বলে জরিপগুলোর তথ্যে জানানো হয়েছে। ু

নির্বাচনে হারজিত আছে, সবাই জয়লাভ করতে পারে না। তবে এখানে নির্বাচনের চালচিত্রটা বেশ গুরুত্বপূর্ণ বিষয়। যেখানে ধরা পড়ে যায় ব্যক্তি, দল বা বিশেষ গোষ্ঠীর মতলব বা চরিত্র। লক্ষণীয় বিষয় হলো, আল-সাইয়েদের বিরুদ্ধে প্রাইমারিতে সিনেট সদস্য প্রার্থিতার জন্য লড়াই করা ডেমোক্রেট নেতা হ্যালি স্টিভেন্স দলীয় মনোনয়নের বিরুদ্ধে গিয়ে রিপাবলিকান প্রার্থী রজার্সকে সমর্থন দিয়েছেন। এই রাজনীতিবিদের এমন পদক্ষেপ দলের মধ্যে সমালোচনার সৃষ্টি করেছে। আল-সাইয়েদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় হারার পরও এতদিন তাকে সমর্থন দিয়ে আসার কথা জানিয়েছেন স্টিভেন্স। কিন্তু রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক ভিডিও পোস্টে রজার্সকে সমর্থন দেন তিনি। ডেট্রয়েট শহরে রজার্সের সঙ্গে গির্জায় সাপ্তাহিক প্রার্থনা শেষে সমর্থন পরিবর্তনের ওই ভিডিও পোস্ট করেন তিনি। ভিডিওতে তিনি বলেন, ‘আমি আমেরিকার সিনেট নির্বাচনে মাইক রজার্সকে সমর্থন দিচ্ছি। আজ থেকে আমি আবদুলের প্রচারের কোনো অংশ নই।’ পরে রোববার আমেরিকার সংবাদমাধ্যম সিএনএনকে এক সাক্ষাৎকারে এ বিষয়ে হ্যালি স্টিভেন্স বলেন, নির্বাচনি প্রচারে ‘ইহুদিবিদ্বেষী’ প্রচার চালাচ্ছেন আল-সাইয়েদ। স্টিভেন্স বলেন, ‘আবদুল ক্রমেই ক্রোধ ছড়াচ্ছেন। আমি চেষ্টা করছি ডেমোক্রেটিক পার্টিকে সাহায্য করার।’ স্টিভেন্স ডেমোক্রেটিক পার্টিকে কিভাবে সাহায্য করছেন, তার নমুনা তো পাওয়া গেল। আর আল-সাইয়েদের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হয়েছে, তার জবাব দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও ডেমোক্রেট নেতা বারাক ওবামা। তিনি বলেছেন, আল-সাইয়েদ উগ্র নয়, বরং আমার মত আদর্শবাদী।

আসলে ইসরাইল ইস্যুতে আল-সাইয়েদের সঙ্গে স্টিভেন্সের মতপার্থক্য রয়েছে। তার জের ধরেই সমর্থন পরিবর্তনের ঘটনা ঘটলো। স্টিভেন্স ইসরাইলের একজন জোরালো সমর্থক। অন্যদিকে গাজায় ইসরাইলের গণহত্যামূলক আগ্রাসন এবং তেলআবিবকে ওয়াশিংটনের সামরিক সহযোগিতার তীব্র সমালোচনা করে আসছেন আল-সাইয়েদ। বিষয়টা আসলে উগ্রতার নয়, নীতির। একজন ইসরাইলী আগ্রাসন ও যুদ্ধাপরাধের সমর্থক, অপরজন ইসরাইলী আগ্রাসনের বিরোধী। উল্লেখ্য, আগস্টে ডেমোক্রেট প্রাইমারিতে আল-সাইদকে ঠেকাতে স্টিভেন্সের পক্ষে বিপুল অর্থ খরচ করেছিল ইসরাইলপন্থী লবিগুলো। আমেরিকার ফেডারেল ইলেকশন কমিশনের (এফইসি) তথ্য অনুসারে আইপ্যাক ও ইসরাইলপন্থী অন্য লবিগুলো স্টিভেন্সের জন্য পাঁচ কোটি ৪০ লাখ ডলার খরচ করেছে। কিন্তু তা সত্ত্বেও প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন আল-সাইয়েদ। স্টিভেন্সের সমর্থন পরিবর্তনের ঘটনায় সমালোচনা করছেন ডেমোক্রেট নেতারা। সিনেট ডেমোক্রেট নেতা চাক শুমার সমর্থন বদলকে ‘জঘণ্য বিশ্বাসঘাতকতা’ বলে মন্তব্য করেছেন। এছাড়া ডিএনসি চেয়ার কেন মার্টিন বলেন, স্টিভেন্সের এমন হতাশাজনক সিদ্ধান্ত ডেমোক্রেটিক পার্টির মূল্যবোধের প্রতি বিশ্বাসঘাতকতা। ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আগ্রাসন ও যুদ্ধাপরাধের যারা সমর্থক, তাদের জন্য বিশ্বাসঘাতকতা কোনো বিষয় নয়। স্টিভেন্স সে পথে হাঁটলেও আল-সাইয়েদ হয়েছেন অন্য পথের অভিযাত্রী।

ইসরাইলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ধ্বংসের পথে হাঁটছেন, সাথে যুক্ত করতে চাইছেন যুক্তরাষ্ট্রকে। নেতানিয়াহুর এই কৌশল পছন্দ নয় আমেরিকার ছাত্র-জনতার। ফলে সমর্থন কমছে ট্রাম্পের। স্বদেশে সমর্থন কমেছে নেতানিয়াহুরও। ইসরাইলের ভবিষ্যৎ নিয়ে শংকিত হয়ে পড়েছেন ইসরাইলের বহু বিদগ্ধ নাগরিক। ইসরাইলের সাবেক মেজর জেনারেল ইতজাক ব্রিক সতর্ক করে বলেছেন, দেশটি তার সামরিক বাহিনী, অর্থনীতি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এক ‘অনিবার্য পতনের’ মুখে দাঁড়িয়ে আছে। তিনি আরো বলেন, তেলআবিব তার আন্তর্জাতিক বৈধতা ও মিত্রদের অনুমোদন হারিয়ে ফেলেছে। দীর্ঘদিন এভাবে আন্তর্জাতিক বিচ্ছিন্নতা নিয়ে টিকে থাকা ইসরাইলের পক্ষে সম্ভব হবে না বলে মন্তব্য করেন তিনি। রোববার ইসরাইলের দৈনিক মারিভে প্রকাশিত এক মতামতধর্মী নিবন্ধে ইতজাক ব্রিক দেশটির বর্তমান সংকটকে কেবল একটি রাজনৈতিক সংকট নয়, বরং একটি সামগ্রিক পতন হিসেবে বর্ণনা করেছেন।

গত মঙ্গলবারের সাধারণ নির্বাচনের ফরাফলকে ইতজাক ব্রিক বর্ণনা করেছেন ভিন্নভাবে। তিনি বলেছেন, ‘আমরা যে ইসরাইলকে চিনতাম, তার আনুষ্ঠানিক মৃত্যুসনদ হচ্ছে এই ফলাফল।’ তিনি টেলিভিশন ভাষ্যকারদের সমালোচনা করে বলেন, তারা কেবল আসন সংখ্যা এবং জোট গঠনের আলোচনা নিয়ে ব্যস্ত, অথচ গভীর সংকটগুলোকে উপেক্ষা করছেন। এ ধরনের সংবাদ বিশ্লেষণকে টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার শেষ মুহূর্তে অর্কেস্ট্রা বাজিয়ে যাওয়ার সঙ্গে তুলনা করেন তিনি।

ইসরাইলী সামরিক কলেজগুলোর সাবেক কমান্ডার এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সেনা সদস্যদের অভিযোগবিষয়ক ন্যায়পাল হিসেবে দায়িত্ব পালন করা ইতজাক ব্রিক বলেন, ইসরাইল এখন আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়েছে। ইসরাইলের স্থল বাহিনীর কাঠামোগত বিপর্যয় ও মনোবলের ভাঙন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ব্রিক। তার দাবি, দেশের ভেতর ও বাইরে থেকে একযোগে আসা হুমকি মোকাবিলার সক্ষমতা ইসরাইলী বাহিনীর আর নেই। তিনি সতর্ক করে বলেন, দীর্ঘদিনের যুদ্ধে ক্লান্ত একটি সেনাবাহিনীর পক্ষে বড় ধরনের অনুপ্রবেশ ঠেকানো কিংবা বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের সময় বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়া সম্ভব হবে না। ব্রিক আরো জানান, দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে দেশটির জাতীয় ঋণ ১.৪ ট্রিলিয়ন শেকেল (৪৪৫ বিলিয়ন ডলার)-এ পৌঁছেছে। তিনি অভিেিযাগ করেন- অর্থনৈতিক নিষেধাজ্ঞা, অস্ত্র সরবরাহের ওপর বিধিনিষেধ এবং ক্রমবর্ধমান আর্থিক বিচ্ছিন্নতা এই চাপকে আরো বাড়িয়ে তুলছে। আর দেশের অভ্যন্তরীণ বিভাজনের বিষয়ে ইতজাক ব্রিক বলেন, ইসরাইলী সমাজ কেবল মেরুকরণের মধ্য দিয়েই যাচ্ছে না, বরং সেখানে এক ধরনের নীরব গৃহযুদ্ধ চলছে। চিকিৎসক, বিজ্ঞানী, প্রযুক্তি উদ্যোক্তা এবং অন্যান্য দক্ষ পেশাজীবীরা দেশ ছেড়ে চলে যাচ্ছেন, যার ফলে কয়েক দশক ধরে গড়ে ওঠা দক্ষতা ও অভিজ্ঞতার ভাণ্ডার প্রায় শূন্য হয়ে পড়ছে।

ইসরাইলের সাবেক একজন মেজর জেনারেল আশঙ্কা প্রকাশ করে বলেছেন, দেশটি অনিবার্য পতনের মুখে পড়তে পারে। ইতজাক ব্রিক আরো বলেছেন, অভ্যন্তরীণ বিভাজনের কারণে ইসরাইলে এক ধরনের ‘নীরব গৃহযুদ্ধ’ চলছে। চিকিৎসক, বিজ্ঞানী, প্রযুক্তি উদ্যোক্তা এবং দক্ষ পেশাজীবীরা দেশ ছেড়ে চলে যাচ্ছেন। ফলে কয়েক দশক ধরে গড়ে ওঠা দক্ষতা ও অভিজ্ঞতার ভাণ্ডার প্রায় শূন্য হয়ে পড়ছে। এমন বাস্তবতায় প্রশ্ন জাগে, ইসরাইলী নেতৃত্ব তথা বেনিয়ামিন নেতানিয়াহু এতগুলো বছর আসলে কী করলেন? তারা শুধু যুদ্ধাপরাধ করেন নি, যুক্তরাষ্ট্রকে সাথে নিয়ে ভূমিপুত্র ফিলিস্তিনীদের উৎখাত করেছেন, নারী-শিশু নির্বিশেষে গণহত্যা চালিয়েছেন, মধ্যপ্রাচ্যসহ বিশ্বে অশান্তির দাবানল জ্বালিয়ে রেখেছেন। এতকিছুর পরও নিজ দেশের জন্য ভালো কিছু করতে পেরেছেন কি নেতানিয়াহুর প্রশাসন’। অভ্যন্তরীণ বিভাজন, নীরব গৃহযুদ্ধ, জনমনে অনাস্থা এবং শূন্যতা কি কোনো শাসকের অবদান হতে পারে? যারা এতদিন ছড়ি ঘুরিয়েছেন, সেই ট্রাম্প এবং নেতানিয়াহু এখন জনতার কাঠগড়ায়। হিসেব তাদের দিতেই হবে।