নির্বাচনের ট্রেন দ্রুত গতিতে ছুটে চলেছে। দেশের মানুষের প্রত্যাশা আর মাত্র দুই সপ্তাহের মধ্যে এই ট্রেন তার কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে যাবে। এই ট্রেনের যাত্রী, সরকার, রাজনৈতিক দল, প্রার্থী এবং দেশের জনগণ। দেশের সর্বত্র এখন নির্বাচনের হিসাব-নিকাশ চলছে। শহর-বন্দর, গ্রাম-গঞ্জের, বাজার, পথ-প্রান্তর, চয়ের দোকান, উঠান-আঙ্গিণা, অফিস-আদালত থেকে শুরু করে সব জায়গায় নির্বাচনী আলাপ ও হিসাব-নিকাশ চলছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও কর্মী-সমর্থকরা ক্লান্তিহীনভাবে ভোটারদের মন জয় করার জন্য ছুটছে। তাদের দ্বারস্থ হচ্ছে। পুরো দেশ এখন ভোটের উৎসবে মেতেছে। দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে নির্বাচন নিয়ে দেশের মানুষকে এত উৎসবমুখর হতে দেখা যায়নি। তারা ভোট দিতে পারেনি।

বিনাভোট, রাতের ভোট, আমি-ডামির ভোট তাদেরকে এই উৎসব ও ভোট দেয়া থেকে বঞ্চিত করে রেখেছিল। দেড় দশক পর মানুষ মুক্তপরিবেশে, মুক্তমত প্রকাশের সুযোগ পেয়েছে। তারা এখন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদে পছন্দের দল ও প্রার্থীকে ভোট দেয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এর মধ্যে প্রতিদ্বন্দ্বী দল ও প্রার্থী নির্বাচনে বিজয়ী হলে দেশ ও জনগণের জন্য কল্যাণ করার যেমন নানা প্রতিশ্রুতি রয়েছে, তেমনি রয়েছে পারস্পরিক দোষারোপ, অভিযোগ-পাল্টা অভিযোগ এবং বাকযুদ্ধও। আমাদের দেশে নির্বাচনে এই সংস্কৃতি কিংবা কথার যুদ্ধ চিরকালের। এর মধ্য দিয়েই নির্বাচন হয়ে থাকে। এবারের নির্বাচন দেশের ভবিষ্যত নির্ধারণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, স্বৈরাচারের দেড় দশকের শাসনের অবসানের পর দেশ যে ভঙ্গুর ও ক্রান্তিকালের মধ্যে রয়েছে, তা থেকে উত্তরণে এ নির্বাচন নীতিনির্ধারক হবে। নির্বাচন নিয়ে জনগণের মধ্যে যে আগ্রহ ও উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে, এর মধ্যেই নির্বাচন না হওয়া, পেছানো বা বানচালের ষড়যন্ত্রও রয়েছে। তবে পর্যবেক্ষকরা মনে করছেন, নির্বাচনী ট্রেনের যে গতি, তা থামানো সম্ভব নয়, যদি না সরকারের তরফ থেকে থামানোর প্রচেষ্টা না থাকে।

দেশে নির্বাচনের যে উৎসবমুখর পরিবেশ বিরাজমান, তাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা জনমনে উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে। গতকাল দৈনিক ইনকিলাবের অনলাইন সংস্করণে ‘ ১৩ শীর্ষ সন্ত্রাসীর নির্দেশ, ঢাকায় সক্রিয় সাড়ে চারশোর ভাড়াটে খুনি’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে যে চিত্র উঠে এসেছে, তা শঙ্কা জাগানিয়া। শীর্ষ সন্ত্রাসীদের নির্দেশে ভাড়াটে খুনিদের নির্বাধে বিচরণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল থাকার ক্ষেত্রে মারাত্মক হুমকি হয়ে রয়েছে। আমরা বেশ কয়েক মাস ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি চাঞ্চল্যকর ‘টার্গেট কিলিং’-এর ঘটনা দেখেছি। এসব কিলিং মিশনে পেশাদার ভাড়াটে কিলারদের নাম উঠে এসেছে। এদের মধ্যে অনেকে ধরা পড়েছে।

আবার অনেক চিহ্নিত সন্ত্রাসী ও বিভিন্ন নামের সন্ত্রাসী বাহিনীর সদস্যরা আদালত থেকে জামিনে বের হয়ে এসেছে। খুনি-সন্ত্রাসীরা একদিকে ধরা পড়ছে, আরেকদিকে জামিনে বের হয়ে আসছেÑএই চিত্র খুবই আতঙ্ক ও উদ্বেগের। এতে মনে হতে পারে, আইন যেন এসব সন্ত্রাসীদের ধরে রাখতে পারছে না। অথচ সবাই দেখছে এবং জানছে, তারা খুন-সন্ত্রাসের সাথে জড়িত। তাহলে, আইন কেন দেখছে না? গলদ কোথায়? কথায় আছে, বিচারের ক্ষেত্রে আইন অন্ধ বা পক্ষপাতিত্ব করে না। যেসব অপরাধীকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে, তাদের কাজ অপরাধীর তথ্য-উপাত্ত ও সাক্ষ্য-প্রমাণ যথাযথভাবে তুলে ধরে আইনকে দেখানো। এই কাজে যে, আইনশৃঙ্খলা বাহিনীর আন্তরিকতার অভাব ও গাফিলতি রয়েছে, তাতে সন্দেহের অবকাশ নেই। তা নাহলে, যে চিহ্নিত অপরাধী, সে জামিনে বের হয় কী করে?

শুধু গাফিলতি নয়, আইনের যথাযথ প্রয়োগের ক্ষেত্রেও আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশের কার্যকর ভূমিকার অভাব রয়েছে। এর উদারহরণ হচ্ছে, গতকাল প্রকাশিত দৈনিক যুগান্তরের ‘এক ঘন্টায় জামিনে সিক্স স্টার বাহিনীর দুই সদস্য’ শিরোনামের একটি প্রতিবেদন। প্রতিবেদন থেকে জানা যায়, গত শুক্রবার রাজশাহীর বাগমারায় সেনাবাহিনী অভিযান চালিয়ে আলোচিত ‘সিক্স স্টার’ সন্ত্রাসী বাহিনীর দুই সদস্যকে ২২ বোরের এয়ার রাইফেল ও একটি আধুনিক ওয়াকিটকিসহ আটক করে বাগমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ চিহ্নিত এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো মামলা না করে শুধু ৫৪ ধারায় সন্দেহমূলক গ্রেফতার প্রতিবেদন দিয়ে ওই দিন দুপুরেই রাজশাহীর আদালতে পাঠায়। দেখা গেছে, শুক্রবার ছুটির দিন হলেও এক ঘন্টার নোটিশে বিশেষ আদালত বসিয়ে তাদের জামিন দেয়া হয়।

শুধু চিহ্নিত সন্ত্রাসী গ্রুপের সদস্যরাই নয়, ভয়ংকর শীর্ষ সন্ত্রাসীরাও আদালত থেকে জামিনে বেরিয়ে যাচ্ছে। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর এমন বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী জেল থেকে জামিনে বের হয়েছে। এদের বেশিরভাগই বিদেশে চলে গেছে। পুলিশের গোয়েন্দা সূত্র বলছে, বিদেশে অবস্থানরত এসব শীর্ষ সন্ত্রাসীরাই এখন তাদের অনুসারিদের ভাড়াটে খুনি হিসেবে ব্যবহার করছে। ইনকিলাবের প্রতিবেদনে ডিএমপির হিসাব উল্লেখ করে বলা হয়েছে, ঢাকা মহানগরীর ৮টি অপরাধ বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ভাড়াটে খুনি রয়েছে মতিঝিল বিভাগে। এখানে শতাধিক শুটার সক্রিয়। দ্বিতীয় অবস্থানে রয়েছে ওয়ারী বিভাগ, যেখানে ভাড়াটে খুনির সংখ্যা ৭৩ জন। তেজগাঁও বিভাগে রয়েছে ৬১ জন এবং মিরপুর বিভাগে ৬০ জন শুটার।

রমনা বিভাগে ৩৬ জন, লালবাগ বিভাগে ২৪ জন, গুলশান বিভাগে ১৬ জন এবং উত্তরা বিভাগে রয়েছে ১৩ জন ভাড়াটে খুনি। এ চিত্রা ভয়াবহ এবং মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার জন্য যথেষ্ট। গোয়েন্দা সূত্র বলেছে, এসব ভাড়াটে খুনির অধিকাংশের সঙ্গেই বিদেশে অবস্থান করা ওই ১৩ জন শীর্ষ সন্ত্রাসীর সরাসরি যোগাযোগ রয়েছে। তারা বিদেশ থেকে টার্গেট নির্ধারণ, অর্থ লেনদেন ও নির্দেশনা দিচ্ছে। ঢাকায় থাকা শুটাররা সেই নির্দেশ বাস্তবায়ন করছে। নির্বাচনের আগে ভাড়াটে খুনিদের সক্রিয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অপরাধ ও নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলেছেন, নির্বাচন যখন সন্নিকটে, তখন টার্গেট কিলিংয়ের মতো ঘটনা ঘটলে ভোটার, রাজনৈতিক কর্মী ও প্রার্থীদের মধ্যে ভয় ও আতঙ্ক বাড়বে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি তৈরি হবে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এবং নির্বাচন ব্যবস্থাকে দুর্বল করতে দেশি ও বিদেশি নানা শক্তি সক্রিয় হতে পারে। বিশ্লেকদের মতে, রাজধানীর নিরাপত্তা এখন বড় চ্যালেঞ্জের মুখে। ভাড়াটে খুনিদের এই সংগঠিত নেটওয়ার্ক ভাঙতে হলে অনতিবিলম্বে সমন্বিত ও দৃশ্যমান উদ্যোগ নিতে হবে।

আদালত থেকে চিহ্নিত সন্ত্রাসীদের জামিনে বের হওয়া নিয়ে ইতোমধ্যে বিতর্কের সূচনা হয়েছে। আদালত থেকে সন্ত্রাসীদের জামিন পাওয়া নিয়ে গত ১০ জানুয়ারি দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে রাজনৈতিক দল, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ক এক সংলাপে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগের কিছু সন্ত্রাসীর জামিন হওয়ার ক্ষেত্রে বিচারপতিদের দায় রয়েছে। এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর তিনি সদ্য অবসরে যাওয়া প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের শেষ কর্মদিবসে বিদায়ী সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বলেছিলেন, উচ্চ আদালত থেকে বাছবিচার ছাড়া সন্ত্রাসীদের জামিন হওয়া নিয়ে উদ্বেগের কথা জানিয়েছি।

যেখানে স্বয়ং আইন উপদেষ্টা আদালত থেকে সন্ত্রাসীদের জামিন পাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, সেখানে আদালতের সঠিক ভূমিকার বিষয়টি প্রশ্নবিদ্ধ হওয়া স্বাভাবিক, যা মোটেও কাম্য নয়। বলা বাহুল্য, আদালত এভিডেন্সের ভিত্তিতে জামিন দেয়া, না দেয়ার আদেশ দেন। আবার আদালত জননিরাপত্তা ও জনস্বার্থে স্বপ্রণোদিত হয়েও আদেশ দিয়ে থাকেন। এ প্রেক্ষিতে, যারা চিহ্নিত সন্ত্রাসী এবং জননিরাপত্তার জন্য হুমকি এবং জামিনে বের হয়ে সন্ত্রাসী কর্মকা- ও খুনের সাথে জড়াতে পারে, তাদের জামিন না দেয়ার ক্ষেত্রে আদালত স্বপ্রণোদিত আদেশ দিতে পারেন। বিশেষ করে, দেশের ভবিষ্যতের গতিপথ নির্ধারক অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচনকে সন্ত্রাসমুক্ত রাখার জন্য গ্রেফতারকৃত ভয়ংকর সন্ত্রাসীদের জামিন না দেয়ার বিষয়টি বিবেচনায় নিতে পারেন। জনগণও প্রত্যাশা করে দাগী সন্ত্রাসীরা যাতে অন্তত নির্বাচনের আগে আদালত থেকে জামিন না পায়। এক্ষেত্রে, আইন মন্ত্রণালয়কেও গুরুত্ব দিয়ে বিষয়টি দেখভাল করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব, রাজধানীসহ সারাদেশে যেসব চিহ্নিত সন্ত্রাসী ও ভাড়াটে খুনি বিচরণ করছে, সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের দ্রুত গ্রেফতার করা। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও ভয়হীন রাখতে পুলিশ, সশস্ত্র বাহিনী, আদালত ও রাজনৈতিক দলের সমন্বিত ভূমিকা থাকতে হবে।