বৎসরের পরিক্রমায় পুনরায় আসিয়াছে পবিত্র রমজান। বাংলাদেশ ও বিশ্বব্যাপী শুরু হওয়া এই মাসকে আমরা স্বাগত জানাই। ত্যাগ ও সংযমের শাশ্বত আবাহনীর এই মাহেন্দ্রক্ষণে আমরা শুভেচ্ছা জানাই সমকালের পাঠক, লেখক, শুভানুধ্যায়ীদের। সংযম সাধনের মাসটি আসিবার পূর্বেই প্রতি বৎসরের মতো এইবারও বাজার ঊর্ধ্বমুখী। বিষয়টি লইয়া উদ্বেগ প্রকাশ করিয়া আমরা সমকালের সম্পাদকীয় স্তম্ভে মঙ্গলবারই লিখিয়াছি। আমরা জানি, রোজা মানে কেবল দিনভর অনাহার নয়; ভোগবিলাস ত্যাগ করিয়া খোদাভীতি অর্জন করিবার মধ্যেই রমজানের সফলতা। বিশ্বের অন্যান্য দেশে রমজান মাসে দ্রব্যমূল্যের উপর বিশেষ ছাড় দেওয়া হইলেও আমাদের ব্যবসায়ীরা উহাকে সুযোগরূপে গ্রহণ করিয়া থাকেন।
এই বৎসর রমজান মাস শুরু হইবার পূর্বমুহূর্তে শপথ লওয়া নূতন সরকারকে শুরুতেই রমজানের বাজারের পরীক্ষায় অবতীর্ণ হইতে হইবে। যদিও অন্তর্বর্তী সরকার বিদায় লইবার পূর্বেই রমজান উপলক্ষে দ্রব্যমূল্য ও পণ্য সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখিবার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তৎপর হইবার কঠোর নির্দেশনা দিয়া গিয়াছেন। তাহার পরও যেই অস্বস্তি রহিয়াছে, উহা দূর করিতে নূতন সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবে বলিয়া আমাদের বিশ্বাস।
সুবেহ সাদিক হইতে সূর্যাস্ত পর্যন্ত পানাহার হইতে বিরত থাকিবার মাধ্যমে রোজা পালনের মধ্যে ধর্মীয় অনুশাসন, তৎসহিত সামাজিক দিকও উপেক্ষণীয় নহে। ইহা সমাজে সহানুভূতি, সমতা, ভ্রাতৃত্ববোধ ও সুশৃঙ্খল জীবনযাপনের শিক্ষা দেয়। রমজান ধনী-দরিদ্রের বৈষম্য দূর করিয়া ক্ষুধা ও তৃষ্ণার বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে অভাবী মানুষের প্রতি সহমর্মিতা জাগরূক করে, যাহা পারস্পরিক সম্পর্ক ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণেও ভূমিকা রাখে। অনাহারী মানুষের ক্ষুধার অনুভূতি অনুধাবনের যেই শিক্ষা রোজাদার পাইয়া থাকে, উহার সামাজিক গুরুত্ব অপরিসীম। দরিদ্র, অসহায় ও প্রান্তিক মানুষের পার্শ্বে দাঁড়াইবার বাস্তব শিক্ষা রোজাদার যথাযথই পাইয়া থাকে।
রমজানে সেই জন্যই জাকাত, ফিতরা ও দান-অনুদানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। রমজান শেষে ঈদুল ফিতরের আনন্দে সবাইকে যুক্ত করিবার ইহাও অন্যতম মাধ্যম। রমজান আত্মসমালোচনা, আত্মসংযম ও পাপকার্য হইতে বিরত থাকিবার শিক্ষা দিয়া থাকে। মিথ্যা, দুর্নীতি, সহিংসতা ও অন্যায় হইতে ব্যক্তি, পরিবার ও সমাজকে মুক্ত থাকিবার শিক্ষা দেয় রমজান। মহানবী (সা.) বলিয়াছেন, যেই ব্যক্তি রোজা রাখিয়া অশ্লীল কার্য ও পাপাচার ত্যাগ করিতে পারিল না, তাহার পানাহার ত্যাগ করিবার কোনো মূল্য নাই। রমজান আসিলেও বিশ্বশান্তি এখনও অধরা। গাজায় যুদ্ধবিরতি হইলেও দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংসতা এখনও বন্ধ হয় নাই। তথাকার গণহত্যায় নিরীহ ফিলিস্তিনিদের যেই সংখ্যক প্রাণহানি ঘটিয়াছে; বিংশ ও একবিংশ শতাব্দীতে উহা আমরা দেখি নাই। সুদূর ইউক্রেন এবং গৃহের সন্নিকটে মিয়ানমারেও শান্তি নাই। আমরা প্রত্যাশা করি, যুদ্ধ পরিস্থিতিতে থাকা সকল দেশ ও অঞ্চলে রমজান মাস শান্তি এবং স্থিতিশীলতার বাতাবরণ তৈয়ার করিবে। শাবান মাসের শেষ গোধূলিবেলায় পশ্চিম দিগন্তে উদিত কৃষকের কাস্তের ন্যায় বক্র চন্দ্র যে ত্যাগ ও সংযমের বার্তা বহন করিয়া আনিয়াছে, উহা সকলেই শুনিতে পাইবে।
দেশের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবেশে রমজানের শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক। সংকট মোকাবিলায় সংযম, ধৈর্য ও ঐক্যের বিকল্প নাই। রমজান যেন আত্মশুদ্ধি ও সমাজ সংস্কারের প্রেরণা হইয়া উঠে– ইহাই আমাদের প্রত্যাশা। সরকার ও বিরোধী দল মিলিয়া মিশিয়া দেশের উন্নয়নে কাজ করুক। জনগণের ভাগ্যের উন্নয়নে এইবারের রমজান বিপুল সমৃদ্ধির সম্ভাবনা লইয়া আসিয়াছে। গণতান্ত্রিক পরিবেশ এই ক্ষেত্রে সহায়ক হইবে বলিয়া আমাদের বিশ্বাস।
