মানুষ তো সমাজবদ্ধ হয়েছে সম্প্রীতির চেতনায় এবং উন্নত জীবন যাপনের লক্ষ্যে। রাষ্ট্র এর বিধিবদ্ধ বৃহৎ সাংবিধানিক রূপ। রাষ্ট্র শান্তি, সমৃদ্ধি, অধিকার ও ন্যায্যতার নিশ্চয়তা দেবে। এর বিপরীত পথে হাঁটলে প্রশ্নের সম্মুখীন হবে রাষ্ট্র। রাষ্ট্রে নানা ধর্ম, বর্ণ ও ভাষার মানুষ বাস করতে পারে, কিন্তু ভিন্নতার কারণে কারো অধিকার ক্ষুণœ হতে পারে না। আর সংখ্যাগরিষ্ঠের হিংসা-বিদ্বেষমূলক আচরণ তো রাষ্ট্রে নিষিদ্ধ বিষয়। রাষ্ট্রের সংবিধান এমন আচরণ অনুমোদন করে না। তারপরও কোনো কোনো রাষ্ট্রে এমন আচরণ লক্ষ্য করা যাচ্ছে। এ প্রসঙ্গে আমাদের প্রতিবেশী দেশ ভারতের কথা উল্লেখ করা যায়।
ভারতে দিনদিন বাড়ছে বিদ্বেষমূলক বক্তব্য ও অপরাধের সংখ্যা। চলতি বছরের ২৬ মার্চ পশ্চিম দিল্লির মুসলিমদের ঈদ পালন করতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছিল ‘হিন্দু রক্ষা কমিটির’ লোকজন। দেরাদুন, মিরাট, রায়বেরেলি ও উত্তর প্রদেশের বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন উত্তমনগরের জেজে কলোনির অলিগলিতে মাইক্রোফোন হাতে ঘোষণা করতে থাকেনÑএবার ঈদ পালন করতে দেবেন না তারা। হিন্দু রক্ষা দলের উত্তরাখন্ড রাজ্য সভাপতি ললিত শর্মা ঘোষণা করেন, ‘এবার কোনো মোল্লা ঈদ পালন করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না কোনো মোল্লার বুকে গুলী লাগে?’ পরের কয়েক সপ্তাহে এমন ঘটনার সংখ্যা বাড়তে থাকে। সে সময় অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস (এপিআরসিআর) নামে একটি নাগরিক অধিকার সংগঠন দিল্লির একটি এলাকাকে কেন্দ্র করেই এমন ১১০টি ভিডিও ক্লিপ নথিবদ্ধ করে। এসব ক্লিপের মধ্যে ৬০ ক্লিপে মুসলিমদের হত্যা, গুলী, এমন কি পুলিশকে ‘এনকাউন্টার’ করার আহ্বান জানানো হয়েছিল। অথচ দিল্লি পুলিশ এর কোনটির বিরুদ্ধে একটি এফআইআরও দায়ের করেনি। ১০ নভেম্বর নয়াদিল্লিতে এপিআরসিআর ‘‘হেট স্পিচ ট্র্যাকার’ প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন অনুযায়ী, অন্তত ১৬টি রাজ্যে ৫৭ জন বক্তা মুসলিম ও খৃস্টানদের বিরুদ্ধে ৮৩টি বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন। এর মধ্যে ৩৩টি বক্তব্য দিয়েছেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা, যে তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং চার রাজ্যের মুখ্যমন্ত্রী। এ ৮৩টি বক্তব্যের মধ্যে মাত্র ছয়টির ক্ষেত্রে এফআইআর দায়ের করা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন মাত্র একজন। তবে সেটি কোনো বক্তব্যের জন্য নয়; বরং মুসলিমবিরোধী গ্রাফিতি আঁকার অভিযোগে। মার্চ মাসে হিন্দু রক্ষা দলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছি। এছাড়া বিশ^ হিন্দু পরিষদ (ভিএইচপি), বজরং দল, হিন্দু রক্ষা দল, সকল হিন্দু সমাজসহ বিভিন্ন সংগঠন ও ধর্মীয় নেতাদের ২৫টি বক্তব্য নথিভুক্ত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ৮৩টি বক্তব্যের মধ্যে ৩৭টিতে সরাসরি সহিংসতার আহ্বান অথবা হিন্দুদের অস্ত্র ধরার পরামর্শ দেওয়া হয়েছে। ১৯টি বক্তব্যে মুসলমানদের ‘অনুপ্রবেশকারী’ ও ‘বাংলাদেশী’ বলা হয়েছে। ১৬টিতে মুসলমানদের ‘সাপ’, ‘কীটপতঙ্গ’ ও ‘আবর্জনা’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ১৮টি বক্তব্যে মুসলমানদের সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কটের আহ্বান জানানো হয়েছে। আর ১২টিতে বিভিন্ন ঘটনাকে ‘লাভ জিহাদ’, ‘ল্যান্ড জিহাদ’ ও ‘করপোরেট জিহাদ’ হিসেবে চিহ্নি করা হয়েছে। খৃস্টানদের লক্ষ্য করে চারটি বক্তব্য পাওয়া গেছে। এসব বক্তব্যের অধিকাংশই ধর্মান্তরকে কেন্দ্র করে দেওয়া হুমকি।
হেট স্পিচ ট্র্যাকারের পাশাপাশি হেট ক্রাইম বা বিদ্বেষমূলক অপরাধ বিষয়ক প্রতিবেদনও প্রকাশ করেছে এপিআরসিআর। এতে দেখা গেছে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে ২৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মুসলিম ও খৃস্টানদের বিরুদ্ধে ৩২২টি বিদ্বেষমূলক অপরাধ সংঘটিত হয়েছে। এতে ৫৪ জন নিহত হয়েছেন, যার মধ্যে ২১ জন পুলিশ বা সেনাবাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন। সব মিলিয়ে এ দুটি ট্র্যাকার মোট ৪০৫টি ঘটনার নথিপত্র তুলে ধরেছে। এসব ঘটনার ৯৫ শতাংশই ছিল মুসলিমদের লক্ষ্য করে। ৩২২টি ঘটনার মধ্যে ৩০৭টি মুসলিমদের বিরুদ্ধে, ১৪টি খৃস্টানদের বিরুদ্ধে এবং একটি উভয় সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে সংগঠিত হয়েছে। এসব ঘটনায় ভুক্তভোগীদের মধ্যে অন্তত ৪৮৮ জন মুসলিম এবং ৯০ জন খৃস্টান হামলার শিকার হয়েছেন, হয়রানির মুখে পড়েছেন, গ্রেপ্তার হয়েছেন বা বাস্তচ্যুত হয়েছেন। তবে এসব ঘটনায় পুলিশ সবসময়ই নিষ্ক্রিয় ভূমিকা পালন করে আসছে। প্রশ্ন হলো, ধর্মপার্থক্যের কারণে কোনো দেশের সংখ্যালঘু নাগরিকদের ওপর কি এভাবে ‘হেট স্পিচ’ ও ‘হেট ক্রাইম’ চালানো যায়? হিন্দুত্ববাদীদের বিদ্বেষমূলক আচরণকে প্রশ্রয় দিয়ে মোদি সরকার কি প্রমাণ করতে চান? উগ্রতা ও বিদ্বেষের ফলকি কখনো ভালো হয়?
