গণপরিবহন যে কোনো দেশের জন্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর রাজধানী শহরে এই বিষয়টি অধিকতর গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যেমন রাজধানী ঢাকায় ব্যাটারিচালিত তিন চাকার যান নিয়ে এখন তুমুল আলোচনা চলছে। সেমিনারও হচ্ছে। কেউ কেউ বলছেন, ব্যাটারিচালিত তিন চাকার যান একেবারে তুলে না দিয়ে নীতিমালা করে নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার আওতায় আনা জরুরি। এছাড়া যন্ত্রাংশের আমদানি, সংশ্লিষ্ট কারখানা ও চার্জিং পয়েন্ট নিয়ন্ত্রণের পাশাপাশি বিকল্প পরিবহন এবং সাশ্রয়ী গণপরিবহন নিশ্চিত করা দরকার। গত বুধবার বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) কনফারেন্স হলরুমে ‘ব্যাটারিচালিত তিন চাকার যান এবং টেকসই গণপরিনহন পরিকল্পনা ও ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। বিআইপি ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর এবং অঞ্চল পরিকল্পনা বিভাগ যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, ব্যাটারিচালিত তিন চাকার যানসহ স্বল্পদূরত্বের যাতায়াতের জন্য জনবান্ধব পরিবহন পরিকল্পনার প্রয়োজনীয়তা রয়েছে। এগুলো হঠাৎ করে সরিয়ে দেওয়া সম্ভব নয়। এ বিষয়ে কমিটি গঠন করা হয়েছে এবং নীতিমালা প্রণয়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইপি’র সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোসলেহ উদ্দীন হাসান ও পরিকল্পনাবিদ তাহসিন রেজা। মোসলেহ উদ্দীন হাসান বলেন, ব্যাটারিচালিত তিন চাকার যানকে প্রচলিত রিকশার সঙ্গে এক করে না দেখে এর গতি, চলাচলের ধরন ও সড়কে চলাচলের ভিত্তিতে যান হিসেবে বিবেচনা এবং ব্যবস্থাপনা করা প্রয়োজন। নগরের দীর্ঘদিনের পরিবহন সমস্যার সমাধানে শক্তিশালী গণপরিবহনের কোনো বিকল্প নেই। সেমিনারে অংশগ্রহণকারীরা বলেন, সব ব্যাটারিচালিত রিকশাকে লাইসেন্সের আওতায় এনে যোগ্যতা নির্ধারণের পাশাপাশি প্রাইভেটকার ও মোটর সাইকেলসহ সবধরনের যানবাহনকে সমানভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। ব্যাটারিচালিত তিন ঢাকার যানের জন্য নিরাপত্তার লক্ষ্যে প্রযুক্তিগত মানদণ্ড প্রণয়নের কথাও উল্লেখ করা হয়। ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ট্রাফিক) তেজগাঁও বিভাগের ডিসি রফিকুল ইসলাম বলেন, বিপুল সংখ্যক ব্যাটারিচালিত তিন চাকার যান সড়কে ছড়িয়ে পড়ায় ট্রাফিক ব্যবস্থাপনা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। উৎপাদন, সরবরাহ ও চার্জিং নিয়ন্ত্রণ না করে শুধু ট্রাফিক পুলিশের মাধ্যমে এসব যান নিয়ন্ত্রণ করা কঠিন।
বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের গবেষক অধ্যাপক ড. সোহেল মাহমুদ বলেন, মালিক, চালক, মেকানিক ও তাদের পরিবারের সদস্যসহ বিপুল সংখ্যক মানুষ এ খাতের সঙ্গে যুক্ত থাকায় অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থা অনেকাংশে এসব যানবাহনের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। যথাযথ নীতি ও ব্যবস্থাপনার মাধ্যমে এসব যান নিয়ন্ত্রণ করা সম্ভব। এদিকে পরিবহন বিশেষজ্ঞ সৈয়দ ওয়ালিউল্লাহ বলেন, ব্যাটারিচালিত তিন চাকার যান বর্তমানে ঢাকার প্রায় পুরো নগর এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যা নগর পরিবহন ব্যবস্থার কাঙ্ক্ষিত কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ঢাকায় কার্যকর গণপরিবহনের কোনো বিকল্প নেই। মানসম্মত বাস সার্ভিস নিশ্চিত করা গেলে মানুষ স্বাভাবিকভাবেই উন্নত বিকল্প পরিবহনের দিকে যাবে। এমন কথায় যুক্ত আছে। কিন্তু যৌক্তিক এমন বক্তব্য তো নতুন কিছু নয়। তবে বাস্তবায়নেই যত সমস্যা। ব্যাটারিচালিত তিন চাকার যান একেবারে তুলে না দিয়ে নীতিমালা করে নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার আওতায় আনার কথা বলা হয়েছে। এই যানের নিরাপত্তা ও প্রযুক্তিগত উন্নয়নের কথা ও আলোচনায় উঠে এসেছে। এমন বক্তব্যে বিবেচনাবোধের পরিচয় পাওয়া যায়। কিন্তু সুবিবেচনাপ্রসূত বিষয়গুলো দেশে বাস্তবায়ন কঠিন হয়ে পড়ে কেন? দেশে সরকার আছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে। জনস্বার্থে কাজ করাইতো তাদের দায়িত্ব। এখানে তো কোনো ভূরাজনীতি নেই। তাহলে তাদের আটকায় কে? এখানে কি কায়েমী স্বার্থ কিংবা দুর্নীতির কোনো বিষয় আছে? অন্যায় ও অবৈধ কিছু থাকলে তা দূর করার দায়িত্ব তো সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর বর্তায়। আর ব্যবস্থাপনাগত সমস্যা বা দুর্বলতা থাকলে তা দূর করার দায়িত্বও পালন করতে হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে। রাজধানীতে গণপরিবহণের ক্ষেত্রে যে সমস্ত সমস্যা বিরাজ করছে জরুরিভিত্তিতে তার সমাধান প্রয়োজন। এ ক্ষেত্রে কালক্ষেপণের কোনো সুযোগ নেই।
