অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীতে ব্যাংক-বীমা ও আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় কোন নিয়োগ দেয়া হবে না। আর্থিক খাত সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন। অর্থমন্ত্রী যে কথা বলেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দিক নির্দেশনামূলক। ব্যাংক, বীমা তথা আর্থিক খাতকে একটি দেশের আর্থনীতির ‘লাইফ লাইন’ বলা হয়। কোন দেশের আর্থিক খাত যদি সুষ্ঠু এবং সঠিকভাবে না চলে তাহলে সেই দেশের অর্থনীতি কখনোই ভালোভাবে চলতে পারে না। বাংলাদশের মতো উন্নয়নশীল দেশের উদ্যোক্তাগণ বিনিয়োগের জন্য পুঁজি চাহিদার মেটানোর লক্ষ্যে ব্যাংক, বীমা ও আর্থিক খাতের উপর নির্ভর করে থাকে। উন্নত দেশগুলোতে উদ্যোক্তাগণ দীর্ঘ মেয়াদি পুঁজির জন্য সাধারণত শেয়ার মার্কেটের উপর নির্ভর করে থাকে। কিন্তু বাংলাদেশের শেয়ারবাজার সেভাবে বিকশিত হতে পারেনি। এছাড়া ১৯৯৬ এবং ২০১০ সালের শেয়ার বাজারে স্মরণকালে ভয়াবহতম দুর্নীতি এবং কেলেঙ্কারির কারণে বিনিয়োগকারিরা শেয়ার বাজারের উপর আস্থা হারিয়ে ফেলেছে। এই অবস্থায় বিনিয়োগযোগ্য পুঁজির জন্য উদ্যোক্তাদের প্রধানত ব্যাংকের উপর নির্ভর করতে হচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে ব্যাংকগুলো নানা সমস্যায় জর্জরিত হয়ে থাকার কারণে উদ্যোক্তাদের চাহিদা মতো ঋণ দিতে পারছে না। খেলাপি ঋণ তথা নন-পারফর্মিং লোনের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান বিশ্বে শীর্ষ পর্যায়ে।
বিগত আওয়ামী লীগ সরকার আমলে প্রত্যক্ষ করা গেছে কিভাবে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোকে দলীয়করণ করা হয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের পরিচালনা বোর্ডে দলীয় ক্যাডারদের চেয়ারম্যান ও পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেয়া হয়েছে দলীয় বিবেচনায়। সেখানে যোগ্যতার কোন বালাই ছিল না। যাদের রাজনৈতিক বিবেচনায় ব্যাংক পরিচালনা পর্ষদে নিয়োগ দেয়া হয়েছিল তাদের মধ্যে এমন ব্যক্তিও ছিলেন যিনি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সম্পর্কে ন্যূনতম কোন জ্ঞান রাখতেন না। এরা নানাভাবে আর্থিক সুবিধা গ্রহণ করতেই ব্যস্ত থাকতেন। ঋণ অনুমোদনকালে কমিশন গ্রহণ, নিয়োগ বদলীতে অর্থ গ্রহণ ইত্যাদি ছিল তাদের প্রধান উদ্দেশ্য। তারা সার্বক্ষণিক ব্যাংকের গাড়ি ব্যবহার করতেন। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও পরিচালকদের পদ ব্যাংকের নিয়মিত কর্মকর্তাদের মতো কোন পদ নয়। তাদের দায়িত্ব হচ্ছে শুধু নীতি নির্ধারণী পর্যায়ের। তারা ব্যাংকের নিত্যদিনের কর্মকাণ্ডে অংশ গ্রহণ অথবা হস্তক্ষেপ করতে পারেন না। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ অন্যরকম। পরিচালনা বোর্ড যদি সঠিকভাবে সততার সঙ্গে তাদের দায়িত্ব পালন করতো তাহলে খেলাপি ঋণের পরিমাণ এতটা বৃদ্ধি পাবার কোন কথা ছিল না। কারণ একটি নির্দিষ্ট পরিমাণের বেশি ঋণ প্রস্তাব অনুমোদনের জন্য ব্যাংকের পরিচালনা পর্ষদে উপস্থাপন করতে হয়। সাধারণভাবে শিক্ষকদের অন্য যে কোন পেশার চেয়ে বেশি সৎ বলে মনে করা হয়। কিন্তু বিগত রাজনৈতিক সরকার আমলে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে দলীয় বিবেচনায় পরিচালনা পর্ষদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়োগ দেয়া হয়েছিল। তারা প্রমাণ করেছেন, শিক্ষক হলেই নৈতিকতা ভালো হয় না।
অর্থমন্ত্রী বলেছেন, আগামীতে রাজনৈতিক বিবেচনায় কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগদান করা হবে না। অর্থমন্ত্রী যদি তার অঙ্গীকার বজায় রাখেন তাহলে ব্যাংক ও আর্থিক খাতের জন্য মঙ্গল সাধিত হতে পারে। কিন্তু অর্থমন্ত্রী কি তার কৃত অঙ্গীকার রক্ষা করতে পারবেন?
