রাজনীতিতে মতপার্থক্য থাকবে, দলীয় বিরোধ থাকবে, থাকবে রাজনৈতিক কর্মসূচি ও পাল্টাপাল্টি বক্তব্য। কিন্তু কোনো মতবিরোধের জেরে একজন জনপ্রতিনিধির বাড়িতে হামলা, ভাঙচুর কিংবা পরিবারের সদস্যদের নিরাপত্তা বিঘ্নিত করার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। পত্রিকান্তরে প্রকাশিত খবরে বলা হয়েছে, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের শীর্ষস্থানীয় নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ হামলা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

একজন সংসদ সদস্যের রাজনৈতিক পরিচয়, দলীয় অবস্থান কিংবা বক্তব্যের সঙ্গে কারও দ্বিমত থাকতে পারে। দ্বিমত প্রকাশের অধিকারও সবার রয়েছে। কিন্তু তার জবাব দিতে হবে রাজনৈতিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে। হামলা, ভয়ভীতি প্রদর্শন, সম্পদ নষ্ট করা কিংবা পরিবারের সদস্যদের আতঙ্কিত করার মাধ্যমে কোনো রাজনৈতিক বক্তব্যের প্রতিবাদ জানানো যায় না। এ ধরনের কর্মকাণ্ড মূলত গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী এবং সমাজে অসহিষ্ণুতা ও সহিংসতার বিস্তার ঘটায়।

এ ধরনের হামলা শুধু একজন সংসদ সদস্যের ওপর আঘাত নয়; এটি রাজনৈতিক সহনশীলতা, আইনের শাসন এবং নাগরিক নিরাপত্তার ওপরও আঘাত। জনপ্রতিনিধির বাড়িতে হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যেও নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি হয়। মানুষ যদি মনে করে রাজনৈতিক পরিচয় বা মতপ্রকাশের কারণে কারও বাড়িঘর নিরাপদ নয়, তাহলে সমাজে আইনের প্রতি আস্থা দুর্বল হয়ে পড়বে।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ১১ নভেম্বর দিবাগত রাতে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম এমপির পৈতৃক বাড়িতে হামলার কারণে আগুনে বাড়ির কয়েকটি কক্ষ পুড়ে যায় এবং দুটি ছাগল মারা যায়। সংসদ সদস্য ও তাঁর দলের পক্ষ থেকে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার অভিযোগ করা হয়েছে। আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। তারা সবাই নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী। বিভিন্ন স্থানে আগুন সন্ত্রাসের ঘটনাও ঘটেছে বলে খবর। পতিত স্বৈরাচারী সরকারের সহযোগী সংগঠনের এসব সদস্য এখনো কিভাবে হামলার সাহস পায় এটা নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে। জানা যায় নুসরাত টেলিফোনে হুমকি পাওয়ার পর নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছিলেন। তারপরও হামলার ঘটনা ঘটায় গুরুতর প্রশ্নের সৃষ্টি করেছে। আমরা মনে করি নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেয়ার প্রয়োজন ছিল।

এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এ ঘটনার গুরুত্ব খাটো করে দেখারও সুযোগ নেই। অগ্নিকাণ্ডটি দুর্ঘটনা, নাশকতা নাকি পরিকল্পিত হামলা—তা যথাযথ তদন্তে বেরিয়ে আসতে হবে। এ ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে জনপ্রতিনিধি ও তাঁর পরিবারের নিরাপত্তা। একজন সংসদ সদস্যকে যদি নিজের পৈতৃক বাড়ি নিয়েও নিরাপত্তাহীনতায় ভুগতে হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তার অবস্থা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। সরকারকে নুসরাত তাবাসসুম ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক প্রতিহিংসা, হামলা ও ভয়ভীতি প্রদর্শনের প্রবণতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

আমরা মনে করি, রাজনৈতিক সহিংসতা বন্ধে সরকার, রাজনৈতিক দল এবং সামাজিক নেতৃত্ব—সব পক্ষের দায়িত্ব রয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষকে দমন নয়, বরং যুক্তি, আদর্শ ও জনসমর্থনের মাধ্যমে মোকাবিলা করাই গণতন্ত্রের সৌন্দর্য। অতীতের রাজনৈতিক সহিংসতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে না পারলে নতুন বাংলাদেশের প্রত্যাশা পূরণ হবে না। বাংলাদেশে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নিয়ে অনেক কথা বলা হয়। কিন্তু তাঁদের নিরাপত্তা, মর্যাদা ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা না গেলে সে অগ্রগতি অর্থবহ হবে না। নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার ঘটনাকে তাই বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই।

আমাদের প্রত্যাশা, সরকার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ প্রকাশ করবে। অপরাধ প্রমাণিত হলে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে। একই সঙ্গে রাজনৈতিক পরিচয় নির্বিশেষে প্রত্যেক নাগরিকের জানমাল ও নিরাপত্তা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। আমরা মনে করি, আগুন সন্ত্রাস ও পতিত স্বৈরাচারকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। গণতন্ত্রে মতের লড়াই হবে, আগুনের লড়াই নয়। সহিংসতা নয়, আইনের শাসনই হোক রাষ্ট্র পরিচালনার প্রধান ভিত্তি।