দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একের পর এক নৃশংস হত্যাকাণ্ড নাগরিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। কুমিল্লায় সামান্য একটি মোবাইল ফোনকে কেন্দ্র করে কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতীমের নৃশংস হত্যাকাণ্ড, খুলনায় ‘ভাত চুরি’র অভিযোগে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা এবং সাভারে প্রকাশ্যে এক পুলিশ কর্মকর্তাকে হত্যার মতো ঘটনাগুলোকে বিচ্ছিন্ন অপরাধ হিসেবে দেখার সুযোগ নেই। এসব ঘটনা সমাজে সহিংসতা, আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা এবং অপরাধীদের মধ্যে আইনের ভয় কমে যাওয়ার একটি উদ্বেগজনক চিত্র তুলে ধরছে। খুলনা ও সাভারের ঘটনাও একইভাবে উদ্বেগজনক। কোনো ব্যক্তির বিরুদ্ধে চুরি বা অন্য কোনো অপরাধের অভিযোগ থাকলেও তাকে আইন নিজের হাতে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করার অধিকার কারও নেই। অভিযোগের সত্যতা যাচাই, গ্রেপ্তার, তদন্ত, বিচার ও শাস্তির জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রয়েছে। অথচ মানুষ যদি আইন ও আদালতের পরিবর্তে নিজেরাই শাস্তি দেওয়ার পথ বেছে নেয়, তাহলে আইনের শাসনের ভিত্তিই দুর্বল হয়ে পড়ে। অন্যদিকে প্রকাশ্যে একজন পুলিশ কর্মকর্তাকে হত্যার ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরাপত্তা এবং অপরাধীদের দুঃসাহস নিয়েও গুরুতর প্রশ্ন তৈরি করে।
এই পরিস্থিতির পেছনে একাধিক কারণ কাজ করতে পারে। সামাজিক ও অর্থনৈতিক অস্থিরতা, বেকারত্ব, মাদকাসক্তি, পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া এবং অনলাইনে সহিংসতার সংস্কৃতির বিস্তার অপরাধপ্রবণতা বাড়াতে ভূমিকা রাখতে পারে। তবে এসব কারণের পাশাপাশি আইনের যথাযথ প্রয়োগ এবং অপরাধের দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে না পারাও অপরাধীদের মধ্যে দায়মুক্তির ধারণা তৈরি করতে পারে। কোনো অপরাধের পর যদি অপরাধী দ্রুত আইনের আওতায় না আসে কিংবা বিচার দীর্ঘসূত্রতায় পড়ে, তাহলে তা সাধারণ মানুষের মধ্যে যেমন হতাশা তৈরি করে, তেমনি অপরাধীদেরও উৎসাহিত করতে পারে।
এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা ও জনআস্থার বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। পুলিশের সংস্কার, পেশাদারিত্ব বৃদ্ধি এবং বাহিনীর সদস্যদের সক্ষমতা ও আত্মবিশ্বাস পুনর্গঠনের প্রয়োজনীয়তা নিয়ে যে আলোচনা চলছে, তার বাস্তব প্রতিফলন মাঠপর্যায়ে দেখা জরুরি। পুলিশকে রাজনৈতিক বা অন্য কোনো অনাকাক্সিক্ষত প্রভাবমুক্ত রেখে পেশাদার, দক্ষ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে না পারলে অপরাধ নিয়ন্ত্রণ কঠিন হবে। একই সঙ্গে পুলিশের বিরুদ্ধে নাগরিকদের অভিযোগ থাকলে সেগুলোরও নিরপেক্ষ তদন্ত ও প্রতিকার নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জনগণের আস্থা এবং বাহিনীর প্রতি জনগণের সহযোগিতা পরস্পর সম্পর্কযুক্ত।
তবে শুধু পুলিশি তৎপরতা বাড়ালেই সমস্যার সমাধান হবে না। অপরাধ প্রতিরোধের পাশাপাশি বিচারব্যবস্থার কার্যকারিতাও নিশ্চিত করতে হবে। হত্যাকা-সহ গুরুতর অপরাধের তদন্ত দ্রুত, পেশাদার ও প্রমাণনির্ভর হতে হবে। অপরাধী যে-ই হোক, তার রাজনৈতিক, সামাজিক বা অর্থনৈতিক পরিচয় যেন বিচারের পথে কোনো প্রভাব ফেলতে না পারে। একই সঙ্গে নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হন, সেটিও নিশ্চিত করা জরুরি। দ্রুত বিচার মানে তড়িঘড়ি বিচার নয়; বরং নিরপেক্ষ, প্রমাণভিত্তিক এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে যথাসময়ে বিচার নিশ্চিত করা।
আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা বন্ধ করাও এখন জরুরি। চুরি, ছিনতাই কিংবা অন্য কোনো অপরাধের অভিযোগে কাউকে গণপিটুনি দিয়ে হত্যা করার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। অভিযোগকারী কিংবা প্রত্যক্ষদর্শীর দায়িত্ব অপরাধীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা, নিজেরা বিচার বা শাস্তি দেওয়া নয়। এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি গণপিটুনি ও মব সহিংসতার বিরুদ্ধে দৃশ্যমান আইনি পদক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে অপরাধ প্রতিরোধে স্থানীয় পর্যায়ে পুলিশি টহল, গোয়েন্দা নজরদারি, ঝুঁকিপূর্ণ এলাকায় আলোকায়ন ও নিরাপত্তা ব্যবস্থা এবং জরুরি সাড়া দেওয়ার সক্ষমতা বাড়াতে হবে। বিশেষ করে শিশু-কিশোরদের নিরাপত্তা, মাদক ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসমাগমপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থাকে অগ্রাধিকার দিতে হবে। নাগরিকদের অভিযোগ ও তথ্য জানানোর কার্যকর ব্যবস্থা থাকতে হবে, যাতে অপরাধ সংঘটিত হওয়ার পর নয়, সম্ভাব্য অপরাধের আগেই ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। দেশে নিরাপত্তার পরিবেশ ফিরিয়ে আনা এখন রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব।
