পাথরখেকো দুর্বৃত্তরা সিলেটের কোম্পানীগঞ্জের পশ্চিম ইসলামপুর ইউনিয়নের শারফিন তথা শাহ আরেফিন টিলার যেই দশা করিয়াছে, উহা দুর্ভাগ্যজনক হইলেও বিস্ময়কর নহে। ইসলামী সাধক শাহ আরেফিনের (রহ.) মাজার ও মসজিদ থাকার সুবাদে পাথর কোয়ারি হিসাবে চিহ্নিত টিলাটির নাম শারফিন টিলা হয়। দুই বৎসর পূর্বেও ঐ সাধকের ওরসে গাড়ি লইয়া ভক্তরা টিলা পর্যন্ত যাইতে পারিতেন। কিন্তু শনিবার প্রকাশিত সমকালের প্রতিবেদনে বলা হইয়াছে, মাজার ও মসজিদ ব্যতীত এখন আর সেখানে কোনো টিলা নাই। স্থানটিতে পুকুরতুল্য বৃহৎ কয়েকটি গর্ত সৃষ্টি হইয়াছে। প্রাকৃতিক পরিবেশের এহেন ধ্বংসযজ্ঞ বিদ্যমান পরিবেশ আইনে শাস্তিযোগ্য অপরাধ। দণ্ডবিধি অনুসারেও ইহা অপরাধ বলিয়া গণ্য। এই বিষয়ে ২০২০ সালের ফেব্রুয়ারিতে জারিকৃত এক রায়ে উচ্চ আদালতও উক্ত টিলা হইতে পাথর উত্তোলন নিষিদ্ধ করেন। উপরন্তু ৩০ বৎসর পূর্বে টিলার একাংশে ৬০ একর জায়গাকে শারফিন টিলা পাথর কোয়ারি হিসাবে গেজেটভুক্ত করে সরকার। পরবর্তী সময়ে মাজারের জন্য প্রায় ৮ একর জায়গা ওয়াক্‌ফ এস্টেটের অন্তর্ভুক্ত করা হয়। ইহার পূর্বে শারফিনসহ কয়েকটি কোয়ারিতে পাথর উত্তোলন নিষিদ্ধ করে সরকার। কিন্তু এই সকল নিষেধাজ্ঞা অদ্যাবধি অকার্যকর। তাই অবৈধ পাথর উত্তোলন তথায় চলমান বেশুমার। শুধু উহাই নহে, প্রশাসনের এহেন উদাসীনতার মধ্যে একই উপজেলায় সরকারি ছোট সাতবিলা বড় সাতবিলা জলমহালটি দখল করিয়া এক নেতা পুকুর খনন করিয়াছেন বলিয়া অভিযোগ উঠিয়াছে।

স্থানীয় প্রশাসনের বক্তব্য, বারংবার অভিযান ও আটকের পরও এইরূপ অপতৎপরতা প্রতিহত করা যাইতেছে না। এমনকি পাথর তুলিতে গিয়া গত ২০২০ সাল-পূর্ববর্তী পাঁচ বৎসরেই সেখানে অন্তত ২৫ শ্রমিক নিহত হইবার পরও পাথরখেকোদের নিবৃত্ত করা যাইতেছে না। তবে ইহাও সত্য, সমস্যার মূলে হাত না দিয়া নিছক পুলিশি অভিযান দুর্বৃত্তদের দমাইতে পারিবে না। প্রতিবেদন অনুসারে, গত এক দশক ধরিয়া টিলার ভূমি মালিকানা দাবি করিয়া পাথর তুলিতেছেন স্থানীয় বাসিন্দা, তৎসহিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এই নেতাকর্মীর মধ্যে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রাধান্য ছিল; এখন চলিতেছে বর্তমান ক্ষমতাসীন বিএনপির আধিপত্য। জানা গিয়াছে, শারফিন টিলায় বেআইনি পাথর উত্তোলনের দায়ে স্থানীয় উপজেলা বিএনপির সভাপতি সাহাবউদ্দিনকে দল হইতে বহিষ্কার পর্যন্ত করা হইয়াছে। তথাপি পাথর লুটপাটে ক্ষান্তি নাই। জলমহালে অবৈধ পুকুর খননের সহিত যিনি যুক্ত তিনিও জাতীয়তাবাদী কৃষক দলের স্থানীয় নেতা। ফলে প্রশাসনের শক্ত অবস্থান এবং ক্ষমতাসীন দলসহ সকল রাজনৈতিক দলের কার্যকর সহযোগিতা ব্যতীত টিলাটির যদ্রূপ শেষ রক্ষা হইবে না, তদ্রূপ আলোচ্য জলমহালকেও রক্ষা করা যাইবে না।

উল্লেখ্য, ভারত সীমান্তঘেঁষা শারফিন টিলার নিচ দিয়া আন্তঃসীমান্ত নদী পিয়াইন ও ডাউকির শাখাধারা বহমান। এই অঞ্চল নদীবাহিত নুড়ি পাথর ও প্রাগৈতিহাসিক শিলার জন্য বিখ্যাত। এই কারণে শারফিন টিলা বহু দশক ধরিয়া একটি পর্যটন কেন্দ্রও বটে। অর্থাৎ পরিবেশ-প্রতিবেশগত মূল্যের পাশাপাশি জাতীয় ও স্থানীয় পরিসরে এই টিলার অর্থনৈতিক অবদানও সামান্য নহে। প্রায় অনুরূপ গুরুত্ব উক্ত দখলকৃত জলমহালটিও ধারণ করে, ইহা নিঃসন্দেহে বলা যায়। এহেন পরিস্থিতিতে প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক এমপি শারফিন টিলা রক্ষায় পুলিশ ক্যাম্পের জন্য যেই আধা সরকারিপত্র দিয়াছেন তাহা সাধুবাদযোগ্য। তবে মন্ত্রীর এই উদ্যোগ যদি উক্ত ডিও পর্যন্তই সীমাবদ্ধ থাকে, তাহা হইলে কাজের কাজ কিছুই হইবে না। পাথরখেকোদের সহিত জলমহালের দখলদারদের দৌরাত্ম্য চলিতেই থাকিবে। স্থানীয় জনগণ এবং দেশের সচেতন মহলকেও এই বিষয়ে থাকিতে হইবে উচ্চকণ্ঠ।