শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে করণীয় বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তালিকাভুক্ত ৩০ ব্রোকারেজ হাউজের সঙ্গে আলোচনা অনুষ্ঠানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশের শেয়ারবাজার চাঙ্গা হয়ে উঠবে বলে আশা করছেন ডিএসই কর্তৃপক্ষ। অনেক দিন ধরেই দেশের শেয়ারবাজারের অবস্থা ভালো যাচ্ছে না। তাই সরকার চেষ্টা করছে কিভাবে শেয়ারবাজারকে অধিকতর চাঙ্গা ও গতিশীল করা যায়। আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্রোকারেজ হাউজের মালিকগণ অবিযোগ করেন, অনেক দিন আগে সংঘটিত নানা অনিয়মের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। এধরনের তদন্তের কারণে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। এই বক্তব্যের প্রেক্ষিতে ডিএসই কর্তৃপক্ষ জানিয়েছেন, বাজারে স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং বিনিয়োগকারীদের স্বার্থরক্ষার জন্যই তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে। কাজেই এতে উদ্বিগ্ন হবার কিছু নেই। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) জানিয়েছে আগামী ডিসেম্বর মাস থেকে ‘ডে নেটিং’ সুবিধা চালু করার উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) ‘ডে নেটিং’ সুবিধা চালুর ব্যাপারে কাজ করছে। শেয়ারবাজারে ‘ডে নেটিং’ সুবিধা বলতে এমন একটি ব্যবস্থাকে বুঝায় যেখানে একজন বিনিয়োগকারী দিনে দিনে শেয়ার ক্রয়-বিক্রয়ের সুবিধা পাবেন। অর্থাৎ তারা যেদিন শেয়ার ক্রয় করবে সেই দিনই চাইলে তা বিক্রি করতে পারবেন। বর্তমান পদ্ধতিতে মূল ধারার শেয়ার বিক্রির ক্ষেত্রে টি+২ পদ্ধতি চালু আছে। এর অর্থ হচ্ছে কোন কোম্পানির শেয়ার হাতবদল হলে তা ক্রেতার অ্যাকাউন্টে জমা হয়ে লেনদেন শুরু হতে ২ দিনি সময় লাগে। আর সাধারণ ঝুঁকিপূর্ণ শেয়ার হাতবদল হবার পর লেনদেন শুরু হতে ৩ কর্মদিবস অপেক্ষা করতে হয়। ডে নেটিং পদ্ধতি পুরোপুরি চালু হলে একজন ক্রেতা যেদিন শেয়ার ক্রয় করবেন সেই দিনই যতবার ইচ্ছে তা বিক্রি করতে পারবেন। আলোচনায় অংশগ্রহণকারী ব্রোকারেজ হাউজের মালিকদের পক্ষ থেকে শর্টসেল পদ্ধকি চালুর দাবি জানান। শর্টসেল হচ্ছে এমন একটি ব্যবস্থা যেখানে পড়তি বাজারে বিনিয়োগকারীগণ লোকসানে থাকা তাদের শেয়ার কয়েক মাসের জন্য ধার নিতে পারে সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজগুলো। নির্ধারিত সময় শেষে এই শেয়ার পুনরায় তার মালিককে বুঝিয়ে দেয়া হয়। যে কত মাসের জন্য ব্রোকারেজ হাউজগুলো শেয়ার ধার নিবে সেই সময়ের জন্য সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজ শেয়ার মালিকদের নির্দিষ্ট হারে আর্থিক সুবিধা দিয়ে থাকে। এতে লোকসানের সময়ও বিনিয়োগকারিগণ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন না। এতে শেয়ার বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়ে। উন্নত দেশগুলোতে উদ্যোক্তাগণ তাদের দীর্ঘ মেয়াদি অর্থায়ন সংগ্রহের জন্য প্রধানত শেয়ারবাজারের উপর নির্ভর করে থাকে। কিন্তু আমাদের দেশের উদ্যোক্তাগণ এখনো প্রয়োজনীয় পুঁজি সংগ্রহের জন্য ব্যাংকিং ব্যবস্থার উপর নির্ভর করে থাকেন। শেয়ারবাজার থেকে অর্থায়ন সংগ্রহের ক্ষেত্রে বেশ কিছু বিশেষ সুবিধা পাওয়া যায় যা ব্যাংকিং সেক্টর থেকে কোনভাবেই পাওয়া সম্ভব নয়। বাংলাদেশের ব্যাংকিং সেক্টর বর্তমানে খেলাপি ঋণের আধিক্যের কারণ প্রচণ্ড চাপে রয়েছে। তারা চাইলেও উদ্যোক্তাদের জন্য পর্যাপ্ত বিনিয়োগ সুবিধা দিতে পারছে না। ব্যাংকিং সেক্টরের একটি বড় ধরনের দুর্বলতা হচ্ছে নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন করতে না পারা। ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা ৩৬০টি। এর সঙ্গে মিউচ্যুয়াল ফান্ড, সরকারি ট্রেজারি বন্ড ও করপোরেট বন্ডসহ তালিকাভুক্ত সিকিউরিটিজের সংখ্যা ৬৪০টি। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা ৩২৬টি। মিউচ্যুয়াল ফান্ড, সরকারি ট্রেজারি বন্ড ও করপোরেট বন্ডসহ তালিকাভুক্ত সিকিউরিটিজের সংখ্যা ৬১৯টি। স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হবার যোগ্যতা সম্পন্ন কোম্পানির সংখ্যা ১ হাজার থেকে দেড় হাজারটি। দেশে প্রায় ৫০০ বৃহৎ কোম্পানি রয়েছে যেগুলো শেয়ারবাজারে তালিকাভুক্ত হবার যোগ্যতা রাখে। এসব কোম্পানির পরিশোধিত মূলধনের পরিমাণ কোম্পানিপ্রতি ৩০ কোটি টাকা বা তারও বেশি। অন্যদিকে ৫ কোটি টাকা থেকে ৩০ কোটি টাকার মধ্যে পরিশোধিত মূলধনসহ সিএমএসএমই প্রকল্প রয়েছে ৮শ’ থেকে ১ হাজারটি। এগুলো শেয়ার বাজারে তালিকাভুক্ত হবার উপযোগি। যাচাই-বাছাই করে এসব কোম্পানিকে শেয়ার বাজারে নিয়ে আসার উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে রাষ্ট্রীয় মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানকে শেয়ার বাজারে নিয়ে আসার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে।