আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে। ভোটের বাকী আছে এক মাসেরও কম সময়। সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে সারাদেশে প্রচারণার লক্ষ্যে ২২ ডিসেম্বর যাত্রা শুরু করেছে ১০টি ভোটের গাড়ি সুপারক্যারাভ্যান। এছাড়া সারাদেশে ব্যানার, বিলবোর্ড, লিফলেট ও ফেস্টুন টানানোর পদক্ষেপ নেয়া হয়েছে। একই সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশন ও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার সঙ্গে বৈঠক করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালানোর জন্য আলাদা দলও গঠন করা হয়েছে। বলা বাহুল্য, সংসদ নির্বাচন ও গণভোটে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য সরকারের তরফে এ ধরনের প্রচার-প্রচারণা চালানো অযৌক্তিক নয়।
বরং কিছুটা স্বাভাবিক একারণে যে, দেড় দশকের বেশি সময় দেশে গ্রহণযোগ্য কোনো নির্বাচন হয়নি। জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। অন্যদিকে গণভোটের অভিজ্ঞতাও এখনকার বেশিরভাগ ভোটারের নেই। এমতাবস্থায়, তাদের উদ্বুদ্ধ করে ভোট কেন্দ্রে আনা ও ভোট দিতে অনুপ্রাণিত করার প্রয়োজন এড়িয়ে যাওয়া যায় না। কিন্তু প্রশ্ন উঠেছে, অন্তর্বর্তী সরকার কি গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণা চালাতে পারে? সরকার যদি কোনো দলের পক্ষে বা মার্কার পক্ষে ভোট চাইতে না পারে, তবে ‘হ্যাঁ’র পক্ষে ভোট চাইতে পারে কীভাবে? সরকার অন্তর্বর্তী হোক বা নির্বাচিত, তার তরফে নির্বাচনে কোনো পক্ষ অবলম্বন করা আইনসিদ্ধ হতে পারে না। নির্বাচনের সময় যে সরকারই ক্ষমতায় থাক, তাকে সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে হয়, নিরপেক্ষ আচরণ প্রদর্শন করতে হয়।
এর ব্যতিক্রম হলে নির্বাচনকে আর নিরপেক্ষ নির্বাচন বলা যায় না। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত হয়েছে যে, সরকার গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণা চালাবে। ইতোমধ্যে সিদ্ধান্ত কার্যকর হতেও শুরু করেছে। প্রধান উপদেষ্টা ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধানকে সম্প্রতি জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে ও করবে। এ ব্যাপারে সরকার পরামর্শ নিয়েছে এবং লিগ্যাল এক্সপার্টরা লিখিতভাবে জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার ‘হ্যাঁ’ ভোট চাইতে পারবে। এ বিষয়ে কোনো আইনি প্রতিবন্ধকতা নেই। ওদিকে গত রোববার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোট সংক্রান্ত জনসচেতনমূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বরিশাল বিভাগ সফর করে বিভাগীয় ইমাম সম্মেলনে বক্তব্য রেখেছেন। সেখানে অধ্যাপক আলী রীয়াজ ‘হ্যাঁ’র পক্ষে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন। ২৪ জানুয়ারি পর্যন্ত বাকী সাতটি বিভাগীয় শহরে তারা অনুরূপ প্রচারণামূলক মতবিনিময় চালাবেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের নাগরিক পদক-২০২৫ অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অত্যন্ত স্পষ্টভাষায় বলেছেন, “যদি সত্যি সংস্কার চান তাহলে উত্তরটা ‘হ্যাঁ’ বলতে হবে।”
গণভোটে ‘হ্যাঁ’ ও ‘না’Ñ দুটি বিষয়ে সিদ্ধান্ত চাওয়া হয়। ভোটারদের হয় ‘হ্যাঁ’ অথবা ‘না’ বলতে হবে। এরপর ভোট গণনা শেষে ‘হ্যাঁ’র পক্ষে যদি ভোট বেশি পড়ে, তবে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে বলে সিদ্ধান্ত হবে। ‘না’ জয়যুক্ত হলে ‘না’র পক্ষে সিদ্ধান্ত হবে। ওয়াকিবহাল মহলের অজানা নেই, ফ্যাসিস্ট সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতাসীন হয়। সরকার শুরুতেই কয়েকটি সংস্কার কমিশন গঠন করে। কমিশনগুলো যথারীতি সংস্কার প্রস্তাব পেশ করে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের পর ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়। এই সনদে থাকা সংবিধানসংক্রান্ত ৪৮টি প্রস্তাব নিয়ে হচ্ছে গণভোট। এই ৪৮টি সংস্কার প্রস্তাবকে চারটি বিষয়ে ভাগ করে গণভোটের প্রশ্ন তৈরি করা হয়েছে।
প্রশ্ন প্রকাশ করার পর থেকেই অনেকেই বলে আসছেন, প্রশ্নগুলো জটিল ও সাধারণ মানুষের জন্য দুর্বোধ্য। সাধারণ মানুষ কেন অধিকাংশ শিক্ষিত মানুষেরও ওই ৪৮টি সংস্কার প্রস্তাব সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই। পর্যবেক্ষক মহলের মতে, প্রশ্নগুলো আরো ছোট ও সহজবোধ্য হলে ভোটারদের বুঝা ও ভোট দেয়া সহজ হতো। তা না করে সরকার প্রশ্নগুলো সেভাবেই রেখে দিয়েছে। গণভোট সম্পর্কে প্রচারণা জোরদার হলেও কথা ছিল; তা হয়নি বা হচ্ছে না। প্রশ্নগুলো ভোটারদের বুঝানো দরকার ছিল। প্রচারণা এ ধরনের হয়নি বা হচ্ছে না। ফলে গণভোটের ব্যাপারে ভোটারদের আগ্রহ এখনো জোরালো হয়ে ওঠেনি। গণভোটের বিষয়টি আরো আগে থেকেই প্রশ্নবিদ্ধ হয়ে আছে। চারটি ভাগে প্রশ্ন, কিন্তু উত্তর দিতে হবে একটিÑ হয় ‘হ্যাঁ’ অথবা ‘না’। এটা অবৈজ্ঞানিক সিদ্ধান্ত। একটি বা দুটি ভাগের প্রতি কারো সম্মতি থাকতে পারে, অসম্মতিও থাকতে পারে। কিন্তু সে অনুযায়ী সিদ্ধান্ত নেয়ার সুযোগ তার জন্য রাখা হয়নি। দ্বিতীয়ত, মৌলিক কিছু সংস্কারের বিষয়ে রাজনৈতিকদলগুলোর মধ্যে ঐকমত্য হয়নি; ভিন্নমত আছে। যেমন, বিএনপির কিছু বিষয়ে অমত আছে। কিন্তু এই অমত বা মতপার্থক্যকে সরকার পাত্তা দিতে চাইছে না। গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে এবং বিএনপি সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে তার মত-অমতের সব প্রস্তাবই বাস্তবায়ন করতে হবে। সরকার সব বিষয়ে ও প্রশ্ন ‘হ্যাঁ’ সিদ্ধান্ত চাইছে। জামায়াত ও এনসিপি, ইসলামী আন্দোলন ‘হ্যাঁ’র পক্ষে তাদের অবস্থান জানিয়েছে। দেখা যাচ্ছে, সরকার এসব দলের অবস্থানকেই সমর্থন করছে। এটা সরকারের পক্ষপাতিত্ব, যা সে করতে পারে না।
গণভোটে ‘হ্যাঁ’ বলার যেমন সুযোগ আছে, ‘না’ বলার সুযোগও আছে। যদি ‘হ্যাঁ’, ‘না’ না থাকে, তবে গণভোটের প্রয়োজনীয়তাও থাকে না। সরকার কোনো রাজনৈতিক দল বা পক্ষ নয় যে, ‘হ্যাঁ’ বা ‘না’র পক্ষে অবস্থান নেবে। সরকার এক পক্ষে অবস্থান করায় তার উদ্দেশ্য বা টার্গেট কী, তা বুঝতে অসুবিধা হয় না। গণভোটের পক্ষে স্বাভাবিক ও সঙ্গত প্রচারণা সমর্থনযোগ্য হলেও পক্ষপাতমূলক প্রচারণা সমর্থনীয় নয়। এই প্রচারণায় অবশ্যই অর্থব্যয় হচ্ছে বা হবে। এ অর্থ কোথা থেকে আসবে? দেশের অর্থনৈতিক অবস্থানকে শোচনীয় বললেও কম বলা হয়। উন্নয়ন কর্মকা- তো দূরের কথা, সরকার চালানোর মতো অর্থেরও সংস্থান নেই। এর ওপর আছে নির্বাচনের বিপুল ব্যয়। সাধারণ মানুষ উচ্চ মূল্যস্ফীতির চাপে চিড়েচেপ্টা। বিনিয়োগ নেই। কর্মসংস্থান নেই।
শিল্পকারখানা বন্ধ হয়ে বেকারের সংখ্যা বাড়া অব্যাহত রয়েছে। অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে। অবস্থার এই প্রেক্ষাপটে গণভোটের নামে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার-প্রচারণার অর্থ ব্যয় কীভাবে মানুষ মানবে? সরকার ডেঙ্গুর বিরুদ্ধে ক্যাম্পেইন চালাতে পারে না অর্থাভাবে, মশা নিধনে অর্থ ব্যয় করতে পারে না। আরো অনেক জরুরি বিষয় অর্থাভাবে বাদ পড়ে যায়। অথচ, অপ্রয়োজনে বিভিন্ন ক্ষেত্রে প্রচুর অর্থ বেরিয়ে যাচ্ছে। পর্যবেক্ষকদের অনেকের মতে, গণভোটের আদৌ কোনো প্রয়োজন ছিল না। রাজনৈতিক দলগুলোর জুলাই সনদ স্বাক্ষরই যথেষ্ট ছিল। যারা নির্বাচিত হয়ে সরকার গঠন করবে, তাদের ওপর নৈতিক দায়িত্ব বর্তাতো সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করার। এখানে বিশেষভাবে বলা দরকার, নির্বাচিত সরকারকে অবশ্যই হতে হবে কার্যকর সরকার। তাকে শর্তের বাঁধনে বেঁধে ফেলা কখনোই সমীচীন হতে পারে না। বিভিন্ন ক্ষেত্রে সংস্কার আমাদের প্রয়োজন আছে। আগামীতে যারাই ক্ষমতায় আসবে তাদের সংস্কার করতেই হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যথার্থই বলেছেন, সংস্কার আমাদের মজ্জাগত। এটি একটি চলমান প্রক্রিয়া। এ থেকেই স্পষ্ট বিএনপি সংস্কারবিরোধী দল নয়। তার ৩১ দফাও মূলত সংস্কার প্রস্তাব।
