গত বৃহস্পতিবার ময়মনসিংহের ভালুকায় একটি গার্মেন্ট কারখানায় কর্মরত দীপু চন্দ্র দাস নামে এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছে। তার এক নারী সহকর্মী নামাজ পড়তে যাওয়ার সময় উক্ত যুবক মহানবী হযরত মুহাম্মদকে (স.) নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন বলে অভিযোগ উঠে। এ ঘটনা দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। উত্তেজিত জনতা কারখানার গেটে জড়ো হলে নিরাপত্তাকর্মীরা তাকে বের করে দেয়। বিক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মৃত্যুর পরও তারা থেমে থাকেনি। যুবকের লাশ গাছে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ ঘটনা অবর্ণনীয়, নৃশংস, অমানবিক এবং মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। সমাজের একটি শ্রেণীর মধ্যে উগ্রবাদী আচরণ এবং অসহিষ্ণুতা কতটা বৃদ্ধি পেলে এমন ঘটনা ঘটতে পারে, তা অনুমান করতে কষ্ট হয় না। এ ধরনের নিষ্ঠুর ঘটনা বর্হিবিশ্বে কী বার্তা দিল? এই বার্তাই দিল, বাংলাদেশে উগ্রবাদী গোষ্ঠীর উত্থান ঘটছে। উগ্রবাদ বিস্তার লাভ করছে।

গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর সকলেরই প্রত্যাশা ও স্বপ্ন দেশ একটি সাম্য, মানবিক, পরমমতসহিষ্ণু, বৈষম্যহীন, ইনসাফ ও ন্যায়বিচারভিত্তিক দেশে পরিণত হবে, যা তার দীর্ঘ দেড় দশকের শাসনামলে বিদায় নিয়েছিল। অথচ আমরা দেখছি, ফ্যাসিস্টমুক্ত পরিবেশে দুর্বৃত্ত ও উগ্রবাদী গোষ্ঠী, যারা সংখ্যায় নগণ্য, মাথাচাড়া দিয়ে উঠছে। এই গোষ্ঠীর মতের সাথে না মিললেই তারা মব তৈরি করে আক্রমণ করছে। কথিত যুবককে পিটিয়ে হত্যা ও লাশ পুড়িয়ে দেয়ার ঘটনা তারই ধারাবাহিকতা। এ এক নতুন আতঙ্ক ও প্রপঞ্চ হয়ে দাঁড়িয়েছে। এসব ঘটনার মধ্য দিয়ে কে কখন উগ্রবাদীদের দ্বারা আক্রান্ত হয়, এমন ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে।

সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে, উগ্রবাদী গোষ্ঠী এ ধরনের ঘটনা ঘটিয়ে বর্হিবিশ্বে বাংলাদেশকে উগ্রবাদীদের উত্থানের ভূমি হিসেবে পরিচিত করে তুলছে। হাসিনার পতনের পর এ কাজটি হাসিনার দোসর ও ভারতের যৌথ প্রযোজনায় করা হচ্ছে। হিন্দু নির্যাতন কার্ড খেলে হিন্দুদের মন্দির, বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদিতে নাশকতা করে দেখানোর অপচেষ্টা করা হয়েছে যে, হাসিনার পতনের পর বাংলাদেশ উগ্রবাদীদের কবলে পড়েছে। তাদের এই ষড়যন্ত্র-চক্রান্ত দেশের আলেম-ওলামা, মাদরাসা শিক্ষার্থী, রাজনৈতিক দলের কর্মী ও সাধারণ মানুষ বারবার রুখে দিয়েছে। তারা রাত জেগে মন্দির পাহারা দিয়েছে। হিন্দুদের নিরাপত্তার ঢাল হয়েছে। সামাজিক প্রতিরোধ গড়ে তুলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র রুখে দিয়েছে।

এটা সকলেরই জানা, ভারত হাসিনাকে ক্ষমতায় রেখে তথাকথিত জঙ্গী দমন নাটক করে দেখাতে চেয়েছে, হাসিনা উগ্রবাদী ও জঙ্গীদের উত্থান নিয়ন্ত্রণ করছে। হাসিনা ক্ষমতায় থাকার জন্য এবং দেশকে ভারতের করদরাজ্যে পরিণত করার জন্য তার প্রেসক্রিপশনে এসব কাজ করেছে। হাসিনার পতনের পর ভারত নানাভাবে এই ন্যারেটিভ তৈরি করতে উঠেপড়ে লেগেছে যে, বাংলাদেশ একটি ‘উগ্রবাদী’ দেশে পরিণত হয়েছে। ভারতের মিডিয়াগুলো এ নিয়ে ক্রমাগত প্রপাগান্ডা চালাচ্ছে। পশ্চিমা বিশ্বও এতে প্রভাবিত হচ্ছে। বুঝে হোক, না বুঝে হোক, ভারতের ক্রমাগত এই ষড়যন্ত্রের মধ্যেই উগ্রবাদী গোষ্ঠী একের পর এক ঘটনা ঘটিয়ে প্রকারন্তরে ভারতের ন্যারেটিভকেই সমর্থন যুগিয়ে যাচ্ছে। অথচ আমাদের দেশের ধর্মভীরু মুসলমানরা কখনোই উগ্রবাদে বিশ্বাস করে না।

তারা হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে পারস্পরিক সহবস্থানের মাধ্যমে বসবাস করে আসছে। স্বাধীনতার পর কখনো সাম্প্রদায়িক দাঙা লাগেনি। আমাদের দেশে শত শত বছর ধরে অসংখ্য ওলি-আউলিয়া, পীর-মাশায়েখের আগমন ঘটেছে। তারা তাদের আচার-আচরণ, ন্যায়-নীতি ও সততা দিয়ে ইসলামের বাণী প্রচার করেছেন। তাদের আচরণে মুগ্ধ হয়ে মানুষ ইসলাম গ্রহণ করেছে। তারা কখনো জোরজবরদস্তি করেননি। ইসলামে জোরজবরদস্তির কোনো ঠাঁই নেই। আমাদের রাসূলকেও (স.) মহান আল্লাহ নির্দেশ দিয়ে বলেছেন, আপনার কাজ আহ্বান করা, হেদায়েত করার মালিক আমি। তিনি সেভাবেই চলেছেন। এমনকি কাফেররা তাঁকে আঘাত ও গালমন্দ করলেও তিনি কিছু বলেননি কিংবা প্রতিশোধপরায়ন হয়ে উঠেননি। আমাদের দেশের মুসলমানরা তাই মেনে চলে, সহিষ্ণুতা ও ধৈর্য্যের মাধ্যমে তারা বসবাস করে। আমাদের সমাজ ও পরিবার সেভাবেই গড়ে উঠেছে। উগ্রবাদকে কখনোই তারা ঠাঁই দেয়নি, দেয় না। যারা বিচ্ছিন্ন এবং সমাজে ফ্যাতনা-ফ্যাসাদ সৃষ্টি করে তাদের তারা গ্রহণ করে না। কেউ ইসলাম ও রাসূলকে (স.) নিয়ে কটূক্তি বা অবমাননা করে মুসলমানদের মনে আঘাত দিলে, তার জন্য দেশে আইন রয়েছে। এমন ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া যায়। আইনের আওতায় না নিয়ে কাউকে নিষ্ঠুর ও বর্বরভাবে হত্যা করতে হবে, এমন আচরণ ইসলাম কখনোই সমর্থন করে না।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিচ্ছিন্ন কয়েকজনের উগ্র গোষ্ঠীর ঘটনা ঘটানো ও সহিংসতা থেকে জনগণকে সর্তক থাকার আহ্বান জানিয়েছেন। উগ্রবাদীরা যে মাথাচাড়া দিয়ে উঠেছে, তার এই আহ্বানের মধ্যে দিয়ে তিনি তা বলে দিয়েছেন। এটা উদ্বেগের এবং আমলে নেয়ার বিষয়। উগ্রবাদী এই গোষ্ঠী নিয়ন্ত্রণে সরকারের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি সাধারণ মানুষেরও দায়িত্ব রয়েছে। উগ্রবাদীরা যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি করতে না পারে, এজন্য ঘটনার সাথে যারা জড়িত, তাদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এই বার্তা দিতে হবে, দেশে উগ্রবাদের ঠাঁই নেই। উল্লেখিত ঘটনার মতো অমানবিক, নৃশংস, বর্বর ঘটনা আর যাতে না ঘটে, এ ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে হবে। সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। অভিযুক্ত বা অপরাধী যত বড় অপরাধ করে থাকুক না কেন, তাকে হত্যা বা মারধর না করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। আইন নিজের হাতে তুলে নেয়া যাবে না।