কারা হেফাজতে আরও এক শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতার মৃত্যু ঘটিল। সমকালসহ বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুসারে, শনিবার সকালে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক পানিসম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন কারাবন্দি অবস্থায় মৃত্যুবরণ করিয়াছেন।
দিনাজপুর জেলা কারাগারের জেলারের বক্তব্য অনুযায়ী, এই বর্ষীয়ান জননেতা যদিও হৃদরোগ, মস্তিষ্কজনিত জটিলতাসহ নানা ধরনের অসুখে আক্রান্ত ছিলেন এবং কারাগারে অসুস্থ হইয়া পড়িলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে লইবার পর তাঁহার মৃত্যু হয়। এই প্রাণহানি আমাদের অনেক প্রশ্নের সম্মুখে দাঁড় করাইয়া দেয়। বিশেষত এইরূপ বয়োবৃদ্ধ ও গুরুতর অসুস্থ ব্যক্তিকে কী বিবেচনায় জামিন না দিয়া কারাগারে আটক রাখা হইয়াছিল? তাঁহার ‘অপরাধ’ কতখানি গুরুতর?
প্রসঙ্গত, গণঅভ্যুত্থানের পর রমেশ সেন আওয়ামী লীগের অন্যান্য শীর্ষ নেতার ন্যায় আত্মগোপনে যান নাই। ১৭ আগস্ট নিজ গৃহ হইতেই পুলিশ তাঁহাকে গ্রেপ্তার এবং দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করে। অশীতিপর ও গুরুতর অসুস্থ এই রাজনীতিক ১৭ মাসেরও অধিক সময় বন্দি না থাকিলে সম্ভবত এহেন বেঘোরে মৃত্যুবরণ করিতে হইত না। স্মর্তব্য, গত সেপ্টেম্বরে আওয়ামী লীগের আরেক শীর্ষস্থানীয় নেতা, সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ আসনের পাঁচবারের সংসদ সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে প্রায় অনুরূপভাবে বন্দি অবস্থায় প্রাণ হারাইতে হইয়াছে। তিনিও অশীতিপর বৃদ্ধ ছিলেন। ভুগিতেছিলেন বিবিধ জটিল রোগে।
মৃত্যুকালে এই সাবেক মন্ত্রীর হাতে হাতকড়ার ছবি তখন সামাজিক মাধ্যমে ছড়াইয়া পড়িলে সরকারের এহেন অমানবিক আচরণের কঠিন সমালোচনা হইয়াছিল। সম্ভবত নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের মৃত্যু লইয়া উদ্ভূত সকল সমালোচনা এড়াইতেই রমেশ সেনকে মৃত্যুকালে হাতকড়া পরানো হয় নাই। কিন্তু ওই ন্যক্কারজনক ঘটনা হইতে যেই শিক্ষাটি গ্রহণ করিলে আইনের শাসনের প্রতি শ্রদ্ধা প্রকাশ পাইত এবং কারা হেফাজতে এহেন মৃত্যু প্রতিরোধ সম্ভব হইত, তাহা অন্তর্বর্তী সরকার দৃশ্যত গ্রহণ করে নাই। সেই শিক্ষাটি হইল, মাসের পর মাস বিনা বিচারে বন্দি, গুরুতর অসুস্থ এবং বয়োবৃদ্ধ আসামির জামিনের অধিকার নিশ্চিত করা। সমকালসহ বিভিন্ন সংবাদমাধ্যমে বিশেষত গত এক বৎসরে প্রায় প্রতি মাসেই দেশের বিভিন্ন কারাগারে একাধিক আওয়ামী লীগ নেতার মৃত্যুর ঘটনার খবর আসিয়াছে, যাহারা অসুস্থ হইলেও জামিন পান নাই। অথবা এক মামলায় জামিন পাইলেও নূতন মামলায় গ্রেপ্তার দেখানো হইয়াছে।
হতাশার বিষয়, দেশের প্রথিতযশা আইনজীবী ও মানবাধিকারকর্মীর পক্ষে সংবিধান ও প্রচলিত আইনবিরোধী অবস্থানের সমালোচনা সত্ত্বেও ‘মানবাধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ’ অর্ন্তবর্তী সরকারের টনক নড়ে নাই। শুধু উহাই নহে। নিয়ম অনুযায়ী এই প্রকার প্রতিটা প্রাণহানির স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্ত করা সরকারের দায়িত্ব হইলেও অদ্যাবধি কোনো ক্ষেত্রে উহা প্রতিপালিত হয় নাই। এমনকি গত ৩১ ডিসেম্বর মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র ২০২৪ সালে গণঅভ্যুত্থানের পর ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ১৫ মাসে ১১২ জন কারা হেফাজতে মৃত্যুবরণ করিয়াছেন মর্মে তথ্য প্রকাশ করিলে যখন অভিযোগ উঠে– উক্ত মৃতদের তালিকায় উল্লেখযোগ্যসংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মী রহিয়াছেন, তখনও সরকার নীরবতার আশ্রয় গ্রহণ করে।
স্বীকার্য, কারা হেফাজতে প্রাণহানি দেশে নূতন নহে। কিন্তু পরিসংখ্যান বলিতেছে, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের এহেন ঘটনা অন্তর্বর্তী সরকারের আমলে অতীতের যেই কোনো সময়ের তুলনায় বাড়িয়া গিয়াছে। অথচ ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থান-পরবর্তী সকলেই বিরোধী মত বা পক্ষ দমনের এই অপসংস্কৃতির অবসান কামনা করিয়াছিলেন। অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি রক্ষা না করিলেও আমাদের প্রত্যাশা, আগামী নির্বাচিত সরকার এহেন বিচারবহির্ভূত হত্যার শিকার মানুষের স্বজনদের ন্যায়বিচার নিশ্চিতকরণ, তৎসহিত এই সকল ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধেও সচেষ্ট হইবে।
