বাংলাদেশের জনগণ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। জুলাই অভ্যুত্থানের পর হাসিনাকে নয়াদিল্লিতে আশ্রয় প্রদান এবং রাজনৈতিক কর্মকা- ও বাংলাদেশ বিরোধী অপতৎরতা চালিয়ে যাওয়ার সুযোগ দিয়ে শুরু থেকেই দিল্লির শাসকরা প্রমাণ করেছেন, তারা স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ চান না। তারা বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের সংস্কারের প্রত্যাশাকে ব্যর্থ করে দিয়ে পতিত ফ্যাসিস্টের পক্ষাবলম্বনের পথ বেছে নিয়েছে। জুলাই অভ্যুত্থানের পর থেকেই দিল্লিকে একের পর এক ষড়যন্ত্রের কার্ড খেলতে দেখা গেছে। সংখ্যালঘু সম্প্রদায়কে মাঠে নামিয়ে, ইশকনকে মাঠে নামিয়ে, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে মাঠে নামিয়ে সরকারকে অস্থিতিশীল ও গদিচ্যুত করার ষড়যন্ত্র দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে মোকাবেলার মাধ্যমে ব্যর্থ করে দিতে সক্ষম হয়েছে। এসব ষড়যন্ত্রের সাথে দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা ও তার দোসর, দিল্লির গোয়েন্দা নেটওয়ার্ক এবং দেশে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা জড়িত আছে। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে অগণতান্ত্রিক রিজিমের পতন এবং গণতান্ত্রিক রূপান্তরের প্রেক্ষাপটে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে পশ্চিমা বিশ্বসহ আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থন জানালেও ভারত ভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়। তারা দুই দেশের জনগণের স্বার্থ কিংবা দেশের সাথে দেশের স্থিতিশীল সম্পর্কের চেয়ে দিল্লির বশংবদ শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী এজেন্ডা বাস্তবায়নের দিকে।
নির্বাচন যতই ঘনিয়ে আসছে দিল্লির ষড়যন্ত্র ও বাংলাদেশ বিরোধী অবস্থান ততই স্পষ্ট হয়ে উঠছে। জুলাই অভ্যুত্থান পরবর্তী দেড় বছর ধরে নানামুখী ষড়যন্ত্রের মধ্য দিয়ে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে দুই পক্ষের আর্থিক ক্ষতির পরিমাণও নেহায়েত কম নয়। এতদসত্ত্বেও বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রত্যাশার বিপরীতে গিয়ে পতিত স্বৈরাচারের সাথে হাত মিলিয়ে দিল্লির বাংলাদেশবিরোধী অবস্থান খুবই বিস্ময়কর। নির্বাচনকে সামনে রেখে দিল্লির অবস্থান এখন উলঙ্গভাবে প্রকাশিত হয়ে যাচ্ছে। ভারতের হিন্দুত্ববাদীদের সাম্প্রদায়িক অবস্থানের কারণে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজকে আইপিএল থেকে বহিষ্কারের মধ্য দিয়ে ভারতীয় ক্রিকেট কাউন্সিল এক ন্যক্কারজনক পদক্ষেপ গ্রহণ করেছে।
সর্বশেষ বাংলাদেশে অবস্থানরত ভারতীয় কূটনীতিকদের পরিবার-পরিজনদের ঢাকা থেকে দিল্লিতে সরিয়ে নেয়ার ঘোষণার মধ্য দিয়ে দিল্লি বিশ্বে প্রচার করতে চায়, ঢাকায় তাদের কূটনীতিক ও তাদের পরিবার নিরাপদ নয়। অথচ, তাদের এহেন সিদ্ধান্ত গ্রহণের সপক্ষে এমন কোনো ঘটনাই ঘটেনি। যেখানে ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অর্ধশতাধিক রাষ্ট্রের কূটনীতিক ও তাদের স্বজনরা ঢাকায় নিরাপদে ও স্বাচ্ছন্দে বসবাস করছে, সেখানে নিরাপত্তা ঝুঁকির দোহাই দিয়ে দিল্লি তার কূটনীতিকদের পরিজনদের সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়ে তারা কি বার্তা দিতে চায় তা সহজেই অনুমেয়। রাজনৈতিক বিশ্লেষক, কূটনীতিক ও অভিজ্ঞ মহলের ধারণা, নির্বাচনের আগে বাংলাদেশ থেকে ভারতীয় কূটনীতিক পরিবারের সদস্যদের সরিয়ে নেয়ার মধ্য দিয়ে তারা বাংলাদেশ সম্পর্কে বিশ্বে একটি নেতিবাচক ধারণা ছড়িয়ে দিতে চায়। সেই সাথে দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের রাজনৈতিক কর্মকা- এবং গণমাধ্যমে প্রকাশ্যে আসার সুযোগ দিয়ে বাংলাদেশকে আবারো অস্থিতিশীল করে তোলার ষড়যন্ত্রে হাত মিলিয়েছে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের গৎবাঁধা মিথ্যা অভিযোগ ইতোমধ্যে বিশ্বাসযোগ্যতা হারালেও দিল্লি সেই অচল কার্ড এখনো খেলে চলেছে। এমনকি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকেও মৌলবাদী ট্যাগ লাগিয়ে এই সরকারের অধীনে মৌলবাদের উত্থানের অপপ্রচার চালাচ্ছে তারা।
হুমকি বা নিরাপত্তা ঝুঁকির কোনো রকম আলামত ছাড়াই ঘোষণা দিয়ে ঢাকা থেকে দিল্লির কূটনীতিক পরিবারকে সরিয়ে নেয়ার পেছনে দিল্লির অশুভ উদ্দেশ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেন কোনো প্রতিক্রিয়াই নেই। ড. ইউনূসের শক্ত অবস্থানের কারণে দিল্লির ষড়যন্ত্র ব্যর্থ হলেও শুরু থেকেই ঢাকার পররাষ্ট্রমন্ত্রণালয় নিরবতা ও ব্যর্থতার ভুরি ভুরি নজির সৃষ্টি করেছে। ক্রিকেটার বরখাস্তের প্রতিক্রিয়ায় উপদেষ্টা আসিফ নজরুলের স্পষ্ট বার্তা ও শক্ত অবস্থানকে দেশের মানুষ সমর্থন জানিয়েছে। সে তুলনায় পররাষ্ট্র উপদেষ্টার ভূমিকা এখনো প্রশ্নবিদ্ধ।
সরকার, নির্বাচন কমিশন ও দেশের জনগণ যখন ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে, তখন দিল্লির শাসকরা বাংলাদেশের আহ্বান এবং নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করে শেখ হাসিনাকে প্রকাশ্যে এনে রাজনৈতিক বক্তব্য দেয়াচ্ছে। প্রকাশিত এক সংবাদে জানা যায়, দিল্লিতে ভারতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের সাথে আজ শুক্রবার শেখ হাসিনা এক সংবাদ সম্মেলন করবেন। গত কিছুদিনের মধ্যে সেখানে আওয়ামী ফ্যাসিবাদের চিহ্নিত দোসর ও ভারতীয় কালচারাল হেজিমনির কুশীলবদের নিয়ে সিরিজ সেমিনার ও বিতর্কিত গ্রন্থের প্রকাশনা উৎসবে মিথ্যা ও কল্পিত অভিযোগের ধারাবাহিক প্রচারণা দেখা গেছে। এসব নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেন তেমন কোনো গরজ নেই।
একইভাবে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকেও প্রকাশ্যে কোনো প্রতিবাদ বা প্রতিক্রিয়া জানাতে দেখা যাচ্ছে না। তবে এ কথা সত্য যে, জাতীয় নির্বাচন ও ভোটের রাজনীতি সামনে রেখে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ভারতীয় আধিপত্যবাদের চ্যালেঞ্জ মোকাবেলার প্রশ্নে তাদের মধ্যে কোনো মতভেদ নেই। নির্বাচন সামনে রেখে ভারতীয় আধিপত্যবাদী ষড়যন্ত্র যতই প্রকাশ্যে আসছে, নির্বাচন নিয়ে আশঙ্কাও বাড়িয়ে তোলছে। এহেন বাস্তবতায় গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের প্রশ্নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও দেশের জনগণের সচেতন ঐক্য ও জোরালো উদ্যোগ থাকতে হবে। দেশের জনগণ ভারতীয় ষড়যন্ত্রের বিপরীতে পররাষ্ট্রমন্ত্রণালয়ের শক্ত অবস্থান দেখতে চায়। অবাধ ও উৎসবমুখর পরিবেশে সারাদেশে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। কোনো ষড়যন্ত্র যেন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে নস্যাৎ করতে না পারে, দেশের আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনীসহ সরকার ও জনগণকে সে বিষয়ে সদা সতর্ক থাকতে হবে এবং সামগ্রিকভাবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
