যুক্তরাষ্ট্র ও ইরান ৬০ দিনের যুদ্ধবিরতির যে চুক্তি করেছে, তা অভিবাদনযোগ্য। কারণ যুদ্ধের চেয়ে খেয়ালি কূটনীতিও উত্তম। কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে এই চুক্তিকে বিজয় হিসেবে দাবি করতে দেওয়া উচিত নয়। তিনি একটি অবৈধ ও উদ্দেশ্যপ্রণোদিত যুদ্ধের পর সাময়িক বিরতি মেনে নিয়েছেন; যে যুদ্ধ তাঁর ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে, ইরানকে বিধ্বস্ত করেছে, লেবাননকে অস্থিতিশীল করেছে এবং জ্বালানি ও সারের বাজারে তীব্র অস্থিতিশীলতা সৃষ্টি করে বহু মানুষকে আরও দরিদ্র ও ক্ষুধার্ত করে তুলেছে। মূলত এই অভিযান শুরু হয়েছিল মার্কিন সামরিক শক্তি প্রদর্শনের জন্য, যা সম্ভবত দেশটির সীমাবদ্ধতা তুলে ধরার জন্যই স্মরণীয় হয়ে থাকবে।
ইরানের সঙ্গে যুদ্ধের চেয়ে একটি চুক্তি শ্রেয়। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট এমন একটি সংকটের তীব্রতা আংশিক কমে আসাকে বিজয় হিসেবে দেখছেন, যা সৃষ্টিতে তিনি এবং ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি ইন্ধন দিয়েছেন। হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া কখনও সাফল্যের মাপকাঠি হতে পারে না, যুদ্ধের কারণে যা বন্ধ হয়ে গিয়েছিল। বরং এই মাপকাঠি হওয়া উচিত আগামী দুই মাসে যাচাইযোগ্য পারমাণবিক বিতর্কের নিষ্পত্তি এবং মার্কিন-ইসরায়েল হামলায় উস্কে দেওয়া আগুন নেভানো।
যদি তা ব্যর্থ হয়, তবে এই যুদ্ধকে শান্তির সূচনা বলে মনে হবে না। এতে উপসাগরীয় অঞ্চলের প্রতিটি রাজতন্ত্র, তেল ব্যবসায়ী এবং সামরিক পরিকল্পনাকারী নিশ্চিত হবে– বিশ্ব অর্থনীতির গলা টিপে ধরার অন্তত একটা কেন্দ্র ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। অধ্যায়টি হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের পতনের ভবিষ্যৎ ইতিহাসে স্থান করে নেবে। এ কারণেই ট্রাম্প ইরানের অবস্থানকে আত্মসমর্পণ হিসেবে উপস্থাপন করতে চান। কিন্তু তেহরান দেখছে ভিন্ন কিছু; ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা শিথিলকরণ এবং হরমুজের ওপর প্রভাব বিস্তারের একটি সুযোগ। কোন পক্ষ বিজয়ী হচ্ছে, তা নির্ভর করছে চূড়ান্ত চুক্তির ওপর। ফাঁস হওয়া খসড়াগুলো চুক্তিতে কী কী বিষয়ে সমঝোতা হয়েছে, সে সম্পর্কে পরস্পরবিরোধী বিবরণ তুলে ধরেছে। মার্কিন কর্মকর্তারা রয়টার্সকে বলেছেন, সম্পদ অবমুক্তকরণ এবং বাণিজ্য নিষেধাজ্ঞা প্রত্যাহার তেহরানের সম্মতির ওপর নির্ভরশীল থাকবে। অন্যদিকে ইরানি সূত্রগুলো বলছে, খসড়ায় তেল সরবরাহে ছাড়, জব্দকৃত তহবিল মুক্তকরণ, লেবাননসহ সব যুদ্ধক্ষেত্রে সংঘাত বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত। ট্রাম্পের ইরান চুক্তির প্রথম পরীক্ষা এই নয় যে, তিনি এটি ঘোষণা করতে পারছেন কিনা; বরং তিনি যুক্তরাষ্ট্রের বন্ধু ও শত্রু উভয়ের ওপরেই এটি কার্যকর করতে পারছেন কিনা, সেটিই হবে আসল পরীক্ষা। ইসরায়েলি মন্ত্রিসভার অনীহা এবং লেবাননের ইসরায়েল অধিকৃত অংশে প্রাণঘাতী ড্রোন হামলার খবর থেকে বোঝা যায়, দেশটির নেতৃত্ব শান্তি প্রক্রিয়ায় অংশগ্রহণে অনিচ্ছুক।
ট্রাম্প এমন একটি পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করছেন, যা একসময় ওবামা আমলের চুক্তির আওতায় ছিল। যে চুক্তিটি তিনি নিজেই ছিঁড়ে ফেলেছেন। একই সঙ্গে তিনি এমন এক প্রণালি পুনরায় খোলার চেষ্টা করছেন, যা তাঁরই শুরু করা একটি যুদ্ধের কারণে বন্ধ হয়ে গিয়েছিল। ২০১৫ সালের সেই চুক্তিটি ইরানের ইউরেনিয়ামের মজুতের পরিমাণ কমিয়েছিল ৯৮ শতাংশে; ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা সীমাবদ্ধ করেছিল ৩.৬৭ শতাংশে, যা বোমা তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রার চেয়ে উল্লেখযোগ্যভাবে কম।
এই যুদ্ধের মধ্য দিয়ে মূলত হাজার হাজার বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে এবং যুক্তরাষ্ট্রের দুর্বলতা বেরিয়ে এসেছে। পরিহাসের বিষয়, ২৮ ফেব্রুয়ারির আগে ইরান আরও ভালো পারমাণবিক শর্তের প্রস্তাব দিয়েছিল। ট্রাম্প এই জুয়া খেললেন এই আশায়, তেহরানের নেতৃত্বকে নির্মূল করলে তিনি আরও বেশি কিছু পাবেন। নিজের ৮০তম জন্মদিনে নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক চাঞ্চল্যকর সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র ত্যাগে বাধ্য করেছেন এবং যুক্তরাষ্ট্রকে উপসাগরীয় অঞ্চলের বেতনভোগী অভিভাবকে পরিণত করেছেন। ইরান মনে করে, মধ্যপ্রাচ্যের শৃঙ্খলা থেকে তাকে বাদ দেওয়ার মূল্য সে প্রমাণ করেছে এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়াটা এমন একটি ছাড়, যার জন্য ওয়াশিংটনকে মূল্য দিতে হবে। এ দুটি ব্যাখ্যার মাঝেই পরবর্তী সংকট নিহিত।
দ্য গার্ডিয়ানের সম্পাদকীয়; ভাষান্তর ইফতেখারুল ইসলাম
