ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন, ঘোষিত তপশিল অনুযায়ী, আগামী ১২ মে অনুষ্ঠিত হইবে। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করিয়াছেন, অনেকে উহা জমাও দিয়াছেন। তবে নিয়ম অনুযায়ী সাধারণ নির্বাচনে প্রাপ্ত আসনের আনুপাতিক হারে রাজনৈতিক দলসমূহ সংরক্ষিত নারী আসন পাইবে। নির্ধারিত ৫০টি আসনের মধ্যে বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জোট একটি আসন পাইতে পারে বলিয়া জানা গিয়াছে। যেহেতু বর্তমান সংসদ সদস্যরাই সংরক্ষিত আসনের এই নির্বাচনে ভোট দিবেন এবং স্বতন্ত্রভাবে উহাতে প্রতিদ্বন্দ্বিতা করিবার সুযোগ নাই, সেই কারণে জোটসমূহের প্রার্থীরাই এই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হইবেন এবং সংরক্ষিত নারী আসন অলংকৃত করিবেন। উপরন্তু, ইতোমধ্যে দলসমূহ উহাদের মনোনয়ন সমাপ্ত করায় এই ৫০ জন সংসদ সদস্য কাহারা, তাহা এখন আর অজানা নহে। আমরা তাহাদের অগ্রিম অভিনন্দনও জানাইতে পারি।

আমরা জানি, সংসদীয় শাসন ব্যবস্থায় জাতীয় সংসদই রাষ্ট্র পরিচালনার নীতি-কৌশল নির্ধারণের প্রধান কেন্দ্র, বিশেষত নির্বাহী বিভাগকে সর্বাংশে সংসদের নিকট জবাবদিহি করিতে হয়। এই রাষ্ট্র পরিচালনায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করিতে সংবিধানে নারীর জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা করা হয়, যাহা শুরুতে ছিল ১৫টি, পরবর্তী সময়ে ধাপে ধাপে ৫০টিতে উন্নীত হয়। যেই প্রক্রিয়ায় এই নারী সংসদ সদস্যরা বর্তমানে নির্বাচিত হইয়া থাকেন, তাহাতে উক্ত পদসমূহ সৃষ্টির উদ্দেশ্য কতটা পূরণ হয়, সেই প্রশ্ন বহু পূর্বেই জনপরিসরে উঠিয়াছে। প্রথমত, সরাসরি নির্বাচিত সংসদ সদস্যদের ন্যায় এই সদস্যদের নিজস্ব সংসদীয় এলাকা নাই। প্রতিটা সংরক্ষিত আসনের বিপরীতে এক বা একাধিক সংসদীয় এলাকা নির্ধারিত রহিয়াছে বটে, কিন্তু সেই সকল এলাকায় সংশ্লিষ্ট সংরক্ষিত আসনের সংসদ সদস্যের কর্তৃত্ব থাকে না। বরং সাধারণ নির্বাচনে জয়ী সংসদ সদস্যের নিকট হইতে নানাপ্রকার বাধার সম্মুখীন হইতে হয়, যাহা কখনও কখনও সংঘাত-সংঘর্ষেরও রূপ গ্রহণ করে। একই কারণে এই নারী সংসদ সদস্যদের জনসম্পৃক্ততা এবং জনগণের নিকট জবাবদিহিও অস্পষ্ট। অন্যদিকে এই সংসদ সদস্যদের জন্য জনগণের মধ্যে বিতরণের লক্ষ্যে যেই সকল রাষ্ট্রীয় বরাদ্দ প্রদান করা হয়, সেইগুলিরও নয়ছয় ঘটে। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণরূপে দলনির্ভরতার কারণে নারী সংসদ সদস্যরা এমনকি নারীস্বার্থসংশ্লিষ্ট বিষয়েও স্বাধীন চিন্তা কতখানি তুলিয়া ধরিতে পারেন, সন্দেহ রহিয়াছে। সর্বোপরি নারীর ক্ষমতায়নের বদলে বিদ্যমান সংরক্ষিত আসনে নারী সংসদ সদস্য নির্বাচনের ব্যবস্থা সংশ্লিষ্ট নারীদের জন্য অনেক ক্ষেত্রে অপমানও ডাকিয়া আনে।

আমরা জানি, এই প্রেক্ষাপটেই দীর্ঘদিন ধরিয়া সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের দাবি সচেতন নারীসহ বিভিন্ন মহল হইতে উঠিয়াছে। সাম্প্রতিক সময়ে এই দাবি জোরালো হইয়াছে। উপরন্তু, উহারই প্রতিধ্বনিস্বরূপ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এই বিষয়ে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব করিয়াছিল, যেইখানে সংরক্ষিত নারী আসন ১০০-তে উন্নীত করিয়া আসনসমূহে ঘূর্ণায়মান পদ্ধতিতে সরাসরি নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাবও রহিয়াছে। কেহ কেহ বর্তমানে উপজেলা ও ইউনিয়ন পরিষদে সংরক্ষিত আসনে নারীদের নির্বাচন পদ্ধতিকেও কার্যকর মনে করেন। কিন্তু দুঃখজনকভাবে বর্তমান সংসদ উহাতে কর্ণপাত না করিয়া পুরানা পথেই হাঁটিতেছে। সরাসরি নির্বাচনের ব্যবস্থা হইলে দলীয় কাঠামোর বাহিরের অনেক নারী, যাহারা স্বীয় যোগ্যতাবলে ইতোমধ্যে সমাজের নানা ক্ষেত্রে প্রতিষ্ঠা পাইয়াছেন, সংসদ সদস্য নির্বাচিত হইতে পারিতেন। বিদ্যমান দলতন্ত্র হইতে গণতান্ত্রিক উত্তরণেও এই ব্যবস্থা ভূমিকা রাখিত বলিয়া আমাদের বিশ্বাস। প্রসঙ্গত, বর্তমান ব্যবস্থায় সাধারণত দলের শীর্ষস্থানীয় নেতাদের স্ত্রী-কন্যার পাশাপাশি উহাদেরই ঘনিষ্ঠজনেরাই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাইয়া থাকেন। এইক্ষেত্রে পরিবর্তন কাম্য; নিঃসন্দেহে নূতন কোনো রাজনৈতিক সংকটের জন্ম না দিয়াই।