সরকার বলছে, দেশে জ্বালানি তেলের সংকট নেই। জ্বালানিমন্ত্রীর ভাষায়, সরবরাহেও কোনো সংকট নেই। অথচ তেলের পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি প্রতিদিনই প্রত্যক্ষ করা যাচ্ছে। তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। সঙ্গতকারণেই প্রশ্ন ওঠে, তেল ও তেল সরবরাহে কোনো সংকট যদি না-ই থাকে, তবে পাম্পের সামনে যানবাহনের এই অস্বাভাবিক সারি কেন? সরকার যতই বলুক সংকট নেই, কিন্তু বাস্তবে বহু পাম্পের কর্তৃপক্ষ বলছে, সংকট রয়েছে। সংকটের কারণে অনেক পাম্পে ‘বিক্রী বন্ধ’ সাইনবোর্ড লাগিয়ে দেয়া হয়েছে। সাধারণত পেট্রল, ডিজেল ও অকটেন সংকটের কথাই বলা হচ্ছে। ক্রেতাদের দাবি, তারা প্রয়োজনীয় তেল কিনতে পারছে না। তেল কিনতে তাদের চরম অনিশ্চয়তা ও হয়রানির শিকার হতে হচ্ছে। তেলের সংকট থাকা-না থাকা নিয়ে যে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে, তাতে এমন ধারণা স্বাভাবিক যে, একটি চক্র, তা পাম্প মালিকদের একাংশ হতে পারে অথবা অন্যরাও হতে পারে, তেল অবৈধভাবে সরিয়ে নিচ্ছে বা মজুত করছে। অনেকে আবার আশংকিত হয়ে বেশি বেশি তেল কিনে জমিয়ে রাখছে। পত্রপত্রিকার খবরাখবর মারফত দেশের বিভিন্ন স্থানে তেলের অবৈধ মজুতের অনেক ঘটনা ইতোমধ্যে সামনে এসেছে। সংশ্লিষ্ট কৃর্তৃপক্ষ দেশের ৬৪টি জেলায় তেল মজুতের বিষয়ে পর্যবেক্ষণ ও অভিযান পরিচালনা শুরু করেছে। এই অভিযানে ইতোমধ্যে মজুতদারদের অবৈধ মজুত থেকে অন্তত ৬৪ হাজার লিটার তেল উদ্ধার করা সম্ভব হয়েছে। পর্যবেক্ষকদের মতে, তেলের অবৈধ মজুতের কারণেই প্রধানত তেল নিয়ে সংকট সৃষ্টি হয়েছে। সংকটের সুরাহা করতে চাইলে অব্যশই মজুতদারদের কারসাজি ও অবৈধ মজুতপ্রবণতা প্রতিরোধ করতে হবে।
ইরান যুদ্ধের কারণে জ্বালানি সংকটের কবলে পড়েছে গোটা বিশ্ব। জ্বালানি আমদানি ও সরবরাহে বিঘœ সৃষ্টি হওয়ায় এ সংকট দেখা দিয়েছে। বাংলাদেশও এ পরিস্থিতির শিকার হয়েছে। জ্বালানির ক্ষেত্রে বাংলাদেশ প্রায় সর্বাংশে আমদানির ওপর নির্ভরশীল। যুদ্ধের কারণে আমদানি ব্যাহত হচ্ছে, যুদ্ধ প্রলম্বিত হলে আমদানি ও মূল্য পরিস্থিতির আরো অবনতির আশংকা করা হচ্ছে। ইতোমধ্যে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে গেছে। ধারণা করা হচ্ছে, দাম ব্যারেল প্রতি ২শ’ ডলারে পৌঁছাতে পারে। এমতাবস্থায়, আমাদের দেশের জ্বালানির দাম বাড়ানো না হলেও, ভবিষ্যতে না বাড়িয়ে উপায় থাকবে না, যার প্রতিক্রিয়া অর্থনীতিসহ সর্বত্র পড়বে। স্মরণ করা যেতে পারে, জ্বালানি নিরাপত্তার ব্যাপারে অতীতের সরকারগুলো চরম অবহেলা প্রদর্শন করেছে।
স্বৈরাচারের সাড়ে ১৫ বছরে জ্বালানি খাতকে পুরোপুরি বিদেশনির্ভর করে তোলা হয়েছে লুটপাটের ধান্ধায়। অন্তর্বর্তী সরকার দেড় বছর ক্ষমতায় থাকলেও দেড়-দু’ মাসের প্রয়োজনীয় জ্বালানি মজুতও রেখে যায়নি। যে কোনো আমদানি পণ্যের ক্ষেত্রে অন্তত তিন মাসের মজুত বজায় রাখা আবশ্যক বলে গণ্য হয়ে থাকে। বর্তমান সরকার সদ্য ক্ষমতায় এসেছে। শুরুতেই তাকে অপ্রত্যাশিত জ্বালানিপরিস্থিতির মুখে পড়তে হয়েছে। এই দুর্ঘটে সরকারকে ন্যূনতম জ্বালানিনিরাপত্তা প্রতিষ্ঠার জন্য জ্বালানি আমদানিতে মনোযোগ দিতে হয়েছে। দ্বিগুণের মতো দাম দিয়ে তাকে জ্বালানি কিনতে হচ্ছে। এলএনজি কিনতে স্পট মার্কেটের দ্বারস্থ হতে হচ্ছে। স্পট মার্কেটে এলএনজি প্রতি এমএসবিটিইউ গড়ে প্রায় ২২ ডলারে কিনতে হচ্ছে। যুদ্ধের আগে তা কেনা হতো ৯ থেকে ১০ ডলারে।
দ্বিগুণ দামে জ্বালানি কিনলে জ্বালানি খাতে ভর্তুকির পরিমাণ ও অনিবার্যভাবে বাড়বে। পেট্রোবাংলার এক কর্মকর্তার মতে, চলতি অর্থ বছরে অন্তত ২০ হাজার কোটি টাকার ভর্তুকি লাগবে। নতুন এ পরিস্থিতি সরকারের জন্য সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতির একদিকে আছে জ্বালানি মজুত বৃদ্ধি, অন্যদিকে জ্বালানির অবৈধ মজুত ও পাচার রোধ। জ্বালানির ঘাটতি বা সংকট কৃষি থেকে শুরু করে সকল পর্যায়ের উৎপাদন ব্যবস্থার ওপর বিরূপ প্রতিক্রিয়া ফেলবে, যাতে অর্থনীতি, উন্নয়ন ও জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও ব্যাহত হবে। এসব আশংকার দিক বিবেচনায় নিয়ে সরকার জ্বালানিসরবরাহ মসৃণ করার নানা পদক্ষেপ নিয়েছে।
অবৈধ মজুত গড়ে তোলা ঠেকাতে দেশব্যাপী তদারকি ও অভিযান পরিচালনার পাশাপাশি জ্বালানি তেলের ডিপোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ডিপোগুলোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। এই সঙ্গে পাম্পগুলোতে তদারকি কর্মকর্তা বা ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। শুরুতে সরকার জ্বালানি সরবরাহের ক্ষেত্রে রেশনিংয়ের ব্যবস্থা নিয়েছিল, যা পেনিক বায়িংকে উৎসাহিত করেছিল এবং জনমনে শংকার ছায়া ফেলেছিল। পরে রেশনিং ব্যবস্থা বাতিল করা হয়েছে। এটা দৃশ্যমান যে, চাইবা মাত্র পাম্পগুলোতে তেল পাওয়া যাচ্ছে না। কাজেই, সর্বাগ্রে তেলপ্রাপ্তি নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, তেলের সরবরাহ ব্যবস্থাপনার উন্নতি বিধান করতে হবে। তৃতীয়ত, তেলের অবৈধ মজুত ও পাচার বন্ধ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান অবৈধ মজুত গড়ে তোলার মাধ্যমে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি এবং চোরাচালান প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে। আমরা আশা করি, স্বরাষ্ট্রমন্ত্রী যথাযথ পদক্ষেপ ও ব্যবস্থা নেবেন। জ্বালানিনিরাপত্তা, বলা বাহুল্য, জাতীয় নিরাপত্তার অপরিহার্য অংশ। সুতরাং, জ্বালানিনিরাপত্তা যেকোনোমূল্যে নিশ্চিত করতে হবে। জ্বালানির ক্ষেত্রে বিদেশনির্ভরতা কমাতে হবে। দেশীয় উৎসকে কাজে লাগাতে হবে। আমদানির ক্ষেত্রে মধ্যপ্রাচ্যনির্ভরতা কমাতে হবে। অন্যান্য উৎস থেকে আমদানি বাড়াতে হবে। মার্কিন ক্রেডিড রেটিং সংস্থা এসঅ্যান্ডপি তার সাম্প্রতিক এক রিপোর্টে বলেছে, জ্বালানির আমদানিনির্ভরতার কারণে বাংলাদেশ বড় রকমের ঝুঁকিতে রয়েছে। এ ঝুঁকি জাতীয় বৃহত্তর স্বার্থেই কাটিয়ে উঠতে হবে।
