চট্টগ্রাম নগরের লালখানবাজার হইতে পতেঙ্গা পর্যন্ত শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়কে বেপরোয়া গাড়ি চালনার যে চিত্র শনিবার প্রকাশিত সমকালের এক প্রতিবেদনে বলা হইয়াছে, উহা যথেষ্ট উদ্বেগজনক। উক্ত উড়াল সড়কে সর্বোচ্চ গতিসীমা ৬০ কিলোমিটার হইলেও পরীক্ষামূলকভাবে স্থাপিত স্পিড ক্যামেরায় সর্বোচ্চ ১৯৩ কিলোমিটার গতিতে গাড়ি চলিবার চিত্র ধরা পড়িয়াছে; যা অনুমোদিত গতির তিন গুণেরও অধিক। দুর্ভাগ্যজনক হইল, আট মাসে দেড় লক্ষের অধিক গাড়ি নির্ধারিত গতিসীমা লঙ্ঘন করিলেও অদ্যাবধি কোনো গাড়ির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গৃহীত হয় নাই। ফলে, একদিকে নিরাপদ চলাচলের পরিবর্তে উড়াল সড়কটি কার্যত ‘রেসট্র্যাক’ হইয়া উঠিয়াছে, অন্যদিকে বেপরোয়া গতির কারণে বারবার দুর্ঘটনা ও প্রাণহানি ঘটিতেছে। প্রসংগত, গত ২০ নভেম্বর বিকেলে উড়াল সড়ক হইতে প্রতিরোধ দেয়ালের উপর দিয়া একটি প্রাইভেটকার নিচের সড়কে ছিটকাইয়া পড়ে। ইহাতে উড়াল সড়কের নিচ দিয়া সেই সময়ে চলাচলরত এক সাইকেল আরোহী নিহত হন। পুলিশ ও সিডিএ সূত্র জানাইয়াছে, ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে ধাবমান গাড়িটির গতি সংশ্লিষ্ট চালক নিয়ন্ত্রণ করিতে না পারায় প্রাণঘাতী এই দুর্ঘটনাটি ঘটে। গত ২৯ নভেম্বরও উড়াল সড়কের পতেঙ্গা অংশে টোল প্লাজার পিলারের সহিত ধাক্কা লাগিয়া দ্রুতগতির একটি বাসের হেলপার নিহত হন। গত ৫ ও ১২ নভেম্বর রাতেও বেপরোয়া গতির কারণে উক্ত উড়াল সড়কে দুইটি প্রাইভেটকার উল্টাইয়া যায়।
উড়াল সড়কের প্রকল্প পরিচালক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএর নির্বাহী প্রকৌশলী বলিয়াছেন, এ বিষয়ে ব্যবস্থা লইতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে চিঠি দেওয়া হইয়াছে। অন্যদিকে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ বলিয়াছে, সেখানে চলাচলকারী দ্রুতগতির ও বিপুলসংখ্যক যানবাহন শুধু ট্রাফিক পুলিশ দিয়া নিয়ন্ত্রণ করা ঝুঁকিপূর্ণ। তিনি স্বয়ংক্রিয় ডিজিটাল ব্যবস্থা চালুর পাশাপাশি গতিসীমার দৃশ্যমান বোর্ড স্থাপন ও চালকের সচেতনতা বাড়াইবার পরামর্শ দিয়াছেন। কিন্তু ইতোপূর্বে সংঘটিত দেড় লক্ষ গতিসীমা লঙ্ঘনের ঘটনার একটিতেও পদক্ষেপ গৃহীত হইল না কেন? যদি বলা হয় বেপরোয়া চালকদের বিরুদ্ধে আইন প্রয়োগে পুলিশের সদিচ্ছার ঘাটতিই এই সমস্যা অব্যাহত থাকার প্রাথমিক কারণ, তাহা হইলে সম্ভবত ভুল হইবে না।
এই প্রসঙ্গে রাজধানীসহ দেশের বিভিন্ন সড়ক-মহাসড়কে যানবাহনের বেপরোয়া গতির কারণে সংঘটিত দুর্ঘটনা ও মৃত্যুর কথা বলা যায়। আমরা জানি, প্রতি বৎসর দেশে সড়ক দুর্ঘটনায় কয়েক সহস্র মানুষ মৃত্যুবরণ করেন, আহত হন আরও বিপুলসংখ্যক। সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞগণ বহুবার এহেন প্রাণঘাতী দুর্ঘটনার সিংহভাগের জন্য যানবাহনের বেপরোয়া চালকদের দায়ী করিয়াছেন। সংশ্লিষ্ট চালকদের প্রশিক্ষণহীনতা এবং যানচলাচল বিষয়ক আইন ও বিধিবিষয়ক অজ্ঞতাকেও দায়ী করিয়াছেন তাহারা। কিন্তু বিগত সরকার দেড় দশকের ঊর্ধ্বে ক্ষমতায় থাকিলেও এই ক্ষেত্রে কোনো উন্নতি ঘটাইতে পারে নাই। দুঃখজনক হইল, বর্তমান সরকারেরও ইহা লইয়া কোনো হেলদোল আছে বলিয়া মনে হয় না। আমরা ইহাও জানি, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ সড়ক পরিবহন আইনের আওতায় মোটরযান গতিসীমা নির্দেশিকা ২০২৪ প্রণয়ন করিয়াছিল, যেখানে সড়ক ও যানবাহনের ধরন অনুযায়ী গতিসীমা নির্ধারণ করা হইয়াছে। কিন্তু সপ্তাহের কর্মদিবসগুলিতে যানজটের কারণে সকল প্রকার যানবাহন ঢাকা শহরে সাধারণত উক্ত গতিসীমারও নিচের গতিতে চলিলেও রাত ১০টার পর চিত্রটি পাল্টাইয়া যায়। তখন ট্রাকসহ ভারী যানবাহন ঢাকা শহরে প্রবেশ করে, যেগুলির বেপরোয়া গতি বহু দুর্ঘটনার জন্ম দেয়। ছুটির দিনেও একই চিত্র পরিলক্ষিত হয়।
আমরা মনে করি, চট্টগ্রাম পুলিশের পক্ষ হইতে উক্ত উড়াল সড়কে বেপরোয়া যান চিহ্নিত করিতে যে ডিজিটাল ব্যবস্থার সুপারিশ করা হইয়াছে, তাহা অবিলম্বে মান্যতা পাইতে হইবে। তবে পাশাপাশি পুলিশ তাহার দায়িত্ব আন্তরিকতার সহিত পালন না করিলে সকলই গরল ভেল হইয়া পড়িবে। গতিসীমা নির্দেশিকা সম্পর্কে সচেতনতা বাড়াইতে মাসমিডিয়া ক্যাম্পেইনসহ নানা প্রকার প্রচার অভিযানও গুরুত্বপূর্ণ বলিয়া আমরা মনে করি।
