ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপিকে অভিনন্দন জানাই। শুক্রবার পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করিয়াছে। ঘোষিত ২৯৭ আসনের মধ্যে বিএনপি ও তার মিত্ররা পাইয়াছে ২১২ আসন, যেইখানে বিএনপি একাই পাইয়াছে ২০৯ আসন। এইবার সংসদের বিরোধী দলের স্বীকৃতি যাহারা পাইতেছে, তাহাদেরও শক্তি কম নহে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য ৭৭ আসন লইয়া বিরোধী আসনে বসিবে। সেই হিসাবে বলা যায়, জাতীয় সংসদের সরকারি দল ও বিরোধী দল প্রত্যাশিত ভূমিকা রাখিলে সংসদ অনেক বৎসর পর প্রাণবন্ত হইবে।
আমরা জানি, বিশেষত ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত সংসদ নির্বাচনের মধ্য দিয়া বাংলাদেশ নূতন করিয়া গণতন্ত্রের অভিযাত্রা শুরু করিয়াছিল। সেই সময়েই দেশ রাষ্ট্রপতিশাসিত সরকার ব্যবস্থা হইতে সংসদীয় সরকার ব্যবস্থায় প্রত্যাবর্তন করে। সেই সংসদের সকল দলের ঐকমত্যের ভিত্তিতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি গৃহীত হওয়ায় সর্বস্তরের জনগণের মধ্যে একটা টেকসই সংসদীয় ব্যবস্থা গড়িয়া উঠিবার আশাবাদ সৃষ্টি হইয়াছিল। কিন্তু দুঃখজনকভাবে, কিছুদিন না যাইতেই সেই আশায় গুড়ে বালি পড়িতে থাকে। একদিকে রাজনীতি অতীতের ন্যায় পুনরায় সংঘাত-সংঘর্ষময় হইয়া উঠে, অন্যদিকে উহার প্রভাবে দিনের পর দিন সংসদ অচল হইয়া থাকে।
অস্বীকারের উপায় নাই, ২০২৪ সালের গণঅভ্যুত্থান যেই পরিস্থিতিতে অনিবার্য হইয়া উঠিয়াছিল, তাহার সহিত বিগত তিন দশকের উক্ত সংঘাতমুখর রাজনীতির সম্পর্ক অত্যন্ত নিবিড়। অতএব আজকে যখন নূতন করিয়া গণতন্ত্রের অভিযাত্রা শুরু হইতেছে তখন অতীতের সেই তিক্ত রাজনৈতিক অভিজ্ঞতা সংশ্লিষ্ট সকলের স্মরণে রাখা জরুরি। বিশেষ করিয়া যেই বিএনপি সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লইয়া দীর্ঘ দুই দশক পর সরকার গঠন করিতে যাইতেছে, তাহাকে এই বিষয়ে সচেতন থাকিতে হইবে। কোন পরিবেশে একটা সরকার বিরোধীদের সহিত সংঘাত চালাইয়া এক পর্যায়ে চূড়ান্ত কর্তৃত্ববাদী হইয়া উঠে তাহা বিএনপির তুলনায় অন্য কাহারও অধিক বুঝিবার কথা নহে। সংসদীয় গণতন্ত্রের রীতি মানিয়া বিরোধী দলকেও পরিস্থিতিভেদে সরকারকে সহযোগিতা ও বিরোধিতা করিতে হইবে। তাহা হইলে বহুল কাঙ্ক্ষিত টেকসই গণতন্ত্রের দিকে জাতি আগাইয়া যাইতে পারিবে।
আমরা মনে করি, বৃহস্পতিবার রাতেই জয়-পরাজয় স্পষ্ট হইবার পর নির্বাচনের ফল লইয়া উভয় পক্ষ যেই প্রাথমিক প্রতিক্রিয়া জানাইয়াছে তাহা ইতিবাচক। ফল ঘোষণাকালে বিএনপি ও জামায়াতে ইসলামী উভয় দলই নির্বাচন কমিশনে নানা অনিয়মের অভিযোগ জানাইলেও এক পর্যায়ে ঘোষিত ফল তাহারা মানিয়া লয়। এমনকি জামায়াতের আমির ডা. শফিকুর রহমান দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতীতের নেতিবাচক রাজনৈতিক সংস্কৃতি হইতে বাহির হইয়া ইতিবাচকভাবে প্রতিপক্ষকে মোকাবিলা করিবার ঘোষণা দিয়াছেন। অন্যদিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের সকল স্তরে দ্রুত এই নির্দেশনা প্রেরণ করিয়াছেন যে বিপুল বিজয় সত্ত্বেও তাহা উদযাপনের নামে কোথাও কোনো মিছিল-সমাবেশ করা যাইবে না। অতীতে এহেন নির্বাচনোত্তর বিজয় মিছিল হইতেই প্রতিপক্ষের উপর ন্যক্কারজনক হামলা পরিচালিত হইতে দেখা গিয়াছে, যাহা শুধু ক্ষেত্রবিশেষে দুর্ভাগ্যজনক প্রাণহানি ঘটায় নাই, রাজনীতিকেও পুরানা বিষচক্রে আবদ্ধ রাখিয়াছে। বিএনপির শীর্ষ নেতার উক্ত নির্দেশনায় সেই বিষচক্র হইতে বাহির হইয়া আসিবার একটা প্রয়াস লক্ষ্য করা যায়। আগামী দিনগুলিতেও উভয় পক্ষের এই ইতিবাচক রাজনীতি অব্যাহত থাকিবে বলিয়া আমাদের বিশ্বাস। বৃহৎ বিজয়ে যে বৃহত্তর দায়িত্ব থাকে, উহা ভুলিয়া যাওয়া চলিবে না।
এই ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারেরও দায়িত্ব রহিয়াছে বলিয়া আমরা মনে করি। একদিকে তাহাকে প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচনোত্তর শান্তি বজায় রাখিবার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসনকে সজাগ রাখিতে হইবে, অন্যদিকে সম্ভাব্য স্বল্প সময়ের মধ্যে নবনির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর সমাপ্ত করিতে হইবে। শুভস্য শীঘ্রম!
