জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার চব্বিশ ঘণ্টার মধ্যেই জুলা আন্দোলনের অন্যতম নেতা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে সন্ত্রাসীরা মাথায় গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে। গত শুক্রবার ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচার কাজ শেষে অটোরিকশায় করে রাজধানীর বিজয় নগরের কালভার্ট রোড দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী দুই সন্ত্রাসী তাকে অনুসরণ করে খুব কাছ থেকে গুলি করে। অত্যন্ত সংকটজনক অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। সর্বশেষ খবর অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টা তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ওসমান হাদির এই প্রাণনাশের চেষ্টায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। প্রধান উপদেষ্টা ড.

মুহাম্মদ ইউনূস এবং বিএনপিসহ সকল রাজনৈতিক দল ও সংগঠন হাদির এই হত্যাচেষ্টার বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ ও নিন্দাজ্ঞাপন করেছে। গত শুক্রবার রাতে প্রধান উপদেষ্টা তাঁর বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তা নিয়ে এক জরুরি বৈঠকে বলেছেন, হাদির ওপর এই হামলা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার ওপর সুপরিকল্পিত আঘাত। এর মাধ্যমে পরাজিত শক্তি দেশের অস্তিত্বকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, হাদির ঘটনা প্রমাণ করে পরাজিত শক্তি ষড়যন্ত্র শুরু করেছে। এটি নির্বাচন বানচালের ষড়যন্ত্র। এই পরিস্থিতিতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী প্রত্যেক দল ও ব্যক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। হাদির ওপর হামলার ঘটনায় গতকাল বিএনপি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, কেউ যদি আবার বাংলাদেশে নতুন করে ফ্যাসিজম বা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, তাহলে জনগণ তা রুখে দেবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদবিরোধী পক্ষের সবাই মাঠে থেকে ষড়যন্ত্র প্রতিহত করব। এদিকে, ওসমান হাদির ওপর গুলিবর্ষণ ঘটনার সঙ্গে স¤পৃক্ত একজনকে শনাক্ত করেছে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী। তার নাম ফয়সাল করিম মাসুদ। তিনি সাবেক ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি এবং আদাবর ছাত্রলীগের সাবেক সভাপতি বলে জানা গেছে। তার পরিবারের দু’ জন সদস্যকে আটক করেছে আইনশৃংখলা বাহিনী। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জুলাই গণঅভ্যুত্থানে হাসিনার পতনের পর থেকেই আন্দোলনে নেতৃত্বদানকারী সমন্বয়ক ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা তরুণদের নিরাপত্তা ঝুঁকি সবসময়ই ছিল। সঙ্গতকারণেই পতিত আওয়ামী লীগ ও ভারতের টার্গেটে তারা রয়েছে। তার প্রমাণ পাওয়া গেল ওসমান হাদির ওপর গুলি বর্ষণের মাধ্যমে। সংস্কৃতি উপদেষ্টা জানিয়েছেন, হাদি গুলিবিদ্ধ হওয়ার আগে ভারতীয় নম্বর থেকে ফোনে তাকে বহুবার হুমকি দেয়া হয়েছিল। এতে এ ঘটনার সাথে পতিত আওয়ামী লীগ ও ভারতের জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়। গত কয়েক মাস ধরে দেশে ধারাবাহিকভাবে টার্গেট কিলিং করা হচ্ছে। এ নিয়ে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জিরো টলারেন্স প্রদর্শন করার জন্য সরকারকে বারবার আহ্বান জানিয়েছি। দেখা যাচ্ছে, পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।

পরিস্থিতি কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, তা সর্বশেষ হাদির ওপর গুলি বর্ষণের ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এটাও সকলের জানা, আগামী জাতীয় নির্বাচন যাতে না হতে পারে, এজন্য পতিত আওয়ামী লীগ ও ভারত নানাভাবে ষড়যন্ত্র করে আসছে। তারা কোনোভাবেই বাংলাদেশকে একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চায় না। অস্থিতিশীল থাকলে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে তারা খেলা করতে পারবে। তাদের পতনের প্রতিশোধ নিতে পারবে। জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, তাদের ওপর তাদের সবচেয়ে বেশি ক্ষোভ ও রোষ রয়েছে। আগে থেকেই অনুমান করা হচ্ছিল, নির্বাচনের তফশিল ঘোষণার পর এই চক্রান্তকারীরা নির্বাচন বানচালে সর্বশক্তি দিয়ে নামবে। এজন্য, দেশে হত্যা, সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে পরিবেশকে উত্তপ্ত করে তোলা হবে।

পরিস্থিতি অশান্ত করে তুলতে তাদের মোক্ষম অস্ত্র জুলাইযোদ্ধাদের ওপর হামলা করা। বলা যায়, হাদির ওপর গুলি করে, তাদের ষড়যন্ত্রে নতুন মাত্রা যুক্ত করেছে। যেখানে সাধারণ মানুষও এ ধরনের অনুমান করতে পারে, সেখানে সরকারের আইনশৃঙ্খলা বাহিনী তা অনুমান করতে পারবে না, এটা কোনোভাবেই হতে পারে না। এটা সরকারের গোয়েন্দা ব্যর্থতা। স্বাভাবিক হিসেবেই আইনশৃঙ্খলা বাহিনীর উচিৎ, তাদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেয়া। এক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ সহকারি, পুলিশের আইজিপি চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। বহুদিন ধরেই পতিত আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গসংগঠনসহ নিষিদ্ধ ছাত্রলীগ ঝটিকা মিছিলসহ নানা ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। তাদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থতার পরিচয় দিয়েছে।

এর দায় কমান্ডিং দায়িত্বে থাকা স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ সহকারি ও আইজিপিকেই নিতে হবে। এখন আগামী নির্বাচন বানচাল করার জন্য আওয়ামী লীগ ও ভারত মরণ কামড় দেবে, এটাই স্বাভাবিক। অথচ নির্বাচনের তফশিল ঘোষণার আগে থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর উচিৎ ছিল, কঠোর পদক্ষেপ নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ‘সিকিউরিটি থ্রেটে’ থাকা জুলাই আন্দোলনের নেতা ও রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেয়া, যাতে কোনো ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা না ঘটে। এক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীগুলো শৈথিল্য প্রদর্শন করেছে। যার পরিপ্রেক্ষিতে, হাদির ওপর গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এনসিপির নাহিদ ইসলাম প্রশাসনে ষড়যন্ত্রের যে কথা বলেছেন, তা একেবারে উড়িয়ে দেয়া যায় না। প্রশাসনে ঘাপটি মেরে থাকা পতিত আওয়ামী লীগের অনুসারীদের ষড়যন্ত্র থেমে আছে, তা নিশ্চিত হওয়ার কারণ নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিলম্বের অন্যতম প্রধান কারণও তার নিরাপত্তা ঝুঁকি। সরকার যদি দেশের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার যথাযথ নিরাপত্তা ব্যবস্থা করতে না পারে, তাহলে এ দায় সরকারের। শেষ পর্যন্ত তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। নিরাপত্তা ঝুঁকি মাথায় নিয়েও। এটা তার অসীম সাহসিকতার প্রকাশ।

ওসমান হাদির মতো জতির কৃতিসন্তান, যারা ফ্যাসিস্ট শেখ হাসিনা ও ভারতের আধিপত্যবাদ থেকে প্রাণপন লড়াই করে দেশকে মুক্ত করেছে, তাদের নিরাপত্তা দেয়ার দায়িত্ব রাষ্ট্রের। তাদের দ্বারা অর্জিত দেশের অসামান্য সাফল্য রক্ষা করার দায়িত্বও রাষ্ট্রের। তাদের ক্ষতির অর্থ হচ্ছে, দেশের ক্ষতি। তবে হাদির ওপর হামলার ঘটনা দেশের ফ্যাসিবাদ ও ভারতবিরোধী রাজনৈতিক দলগুলোকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং ফ্যাসিস্টকে প্রতিহত করার ক্ষেত্রে ঐক্যবদ্ধ করেছে, যেমনটি ছিল গণঅভ্যুত্থানে। এর মাধ্যমে নির্বাচন বানচাল ও দেশকে অস্থিতিশীল করে তোলার কেন্দ্রবিন্দুতে থাকা পতিত আওয়ামী লীগ ও ভারতের ষড়যন্ত্র রুখে দেয়ার শক্তি এবং সামর্থ্যরে প্রমাণ মিলেছে। আবারও আওয়ামী লীগ ও ভারতের পরাজয় হয়েছে। ফ্যাসিবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যতই মতপার্থক্য থাকুক না কেন, কমন ইস্যুতে তাদের ঐক্যবদ্ধ হওয়া দেশের জন্য কল্যাণের। দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে এ ধরনের ঐক্যবদ্ধ হওয়ার সংস্কৃতি সব সময় কাম্য। সরকারকে যেকোনো মূল্যে আগামী নির্বাচন বানচালের সকল ষড়যন্ত্র রুখতে হবে। সরকারকে দৃঢ় থাকতে হবে। ওসমান হাদির ওপর যারা গুলি করেছে, তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে এ ধরনের বর্বর হামলা ভবিষ্যতে আর কেউ করতে না পারে। তাকে সুস্থ করে তোলার জন্য যে ধরনের চিকিৎসা ব্যবস্থা নেয়া দরকার, সরকারকে সে ধরনের পদক্ষেপ নিতে হবে। মহান আল্লাহ ওসমান হাদিকে দ্রুত সুস্থতা দান করবেন, আমরা এই দোয়াই করি।