যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদা ও ভাব-গাম্ভীর্য্যপূর্ণ আনুষ্ঠানিকতায় ২৫ ফেব্রুয়ারি ‘শহীদ সেনা দিবস’ পালিত হয়েছে। এই প্রথমবারের মতো রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদ সেনা দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়ে শহীদদের প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শন করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলিষ্ঠ কণ্ঠে বলেছেন, বিডিআর হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাতের অপপ্রয়াস। হাসিনা রেজিমের শুরুতে ২০০৯ সালে বিডিআর সদরদফতরে সংঘটিত পিলখানা হত্যাকাণ্ড আমাদের জাতীয় ইতিহাসের অন্যতম মর্মন্তুদ ও হৃদয়বিদারক ঘটনা। জাতীয় নিরাপত্তা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব নস্যাতের লক্ষ্যে দেশি-বিদেশি চক্রান্ত এবং পরিকল্পনায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার দেড় দশকেও এই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও বিচারের কোনো উদ্যোগই গ্রহণ করেনি। উপরন্তু প্রকৃত ঘটনা আড়াল করতে একটি দায়সারা তদন্ত ও বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রকৃত সত্য আড়াল করতে চেয়েছে। অন্তর্বর্তী সরকার গত দেড় বছরে পিলখানা হত্যাকাণ্ডের স্বচ্ছ তদন্ত ও বিচার প্রক্রিয়া পুনরায় শুরু করে এর নেপথ্যের প্রকৃত ঘটনা তুলে আনতে সক্ষম হয়েছে বলে জানা যায়। মূলত সরকারের শীর্ষ ব্যক্তিরা সরাসরি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কারণেই শহীদ সেনা পরিবারের সদস্যরা বিচার পায়নি। তারেক রহমানের কণ্ঠে নিহত সেনা পরিবার, সেনাবাহিনী ও দেশপ্রেমিক জনগণের প্রত্যাশা ও আকাক্সক্ষার প্রতিফলন ঘটেছে। জাতীয় ইতিহাসের একটি কলঙ্কজনক ও ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ডের ঘটনায় রাষ্ট্রযন্ত্র এখন ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপনের পথে অগ্রসর হতে চলেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান সেনা পরিবারের সন্তান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও দায়িত্ব পালনরত অবস্থায় বিপথগামী সেনা সদস্যদের হাতে নিহত হন। পিলখানায় শহীদ সেনা সদস্যদের সন্তান ও পরিবারের সদস্যদের মর্ম বেদনা তিনি যথার্থভাবেই উপলব্ধি করছেন। তবে নবগঠিত বিএনপি সরকারের কোনো কোনো মন্ত্রীর বক্তব্য জনমনে বিভ্রান্তি ছড়াতে পারে। তবে ন্যায় প্রতিষ্ঠায় তারেক রহমানের অবিচল ও স্পষ্ট অবস্থান তার মন্ত্রী পরিষদের অন্য সদস্যদের শুধরে নিতে বেশি সময় লাগছে না। একজন মন্ত্রী প্রথমে পিলখানা হত্যাকাণ্ডের পুনরায় তদন্ত কমিশন গঠনের কথা বললেও পরে তা শুধরে নিয়ে বলেছেন, এ ঘটনায় নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না। অন্তর্বর্তী সরকারের সময় গঠিত তদন্ত কমিশনের প্রধান সাবেক সেনা কর্মকর্তা আ ল ম ফজলুর রহমানের তদন্তে চেপে রাখা অনেক কিছুই বেরিয়ে এসেছে। পঁচিশ বছর আগে পদুয়া-রৌমারি ও বরাইবাড়ি সীমান্তে ভারতীয় বাহিনীর অতর্কিত হামলা ও আগ্রাসন রুখে দিতে ফজলুর রহমানের বীরত্বপূর্ণ নির্দেশনা ও ভূমিকা জাতি চিরদিন স্মরণ রাখবে। সেনা পরিবারের সদস্যরা ফজলুর রহমানের তদন্ত রিপোর্ট প্রকাশের দাবি জানিয়েছেন। হাজার হাজার জুলাই শহীদের আত্মদানের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে ইনসাফের শাসন প্রতিষ্ঠিত হবে, এটাই সকলের প্রত্যাশা। এ জন্য তারেক রহমানের দৃঢ় অঙ্গীকার ও অবস্থানের সাথে তাঁর সরকার ও দলের সংশ্লিষ্ট সকলের সমন্বিত অবস্থান নিশ্চিত করতে হবে।
মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত আমাদের সেনাবাহিনী দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরী। সীমান্তরক্ষী বিডিআর বাহিনীর নেতৃত্বেও তাদের অনন্য ভূমিকা রয়েছে। সেই বিডিআরের নেতৃত্বে থাকা সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে বিদ্রোহের নাটক সাজিয়ে একদিনে ৫৭ জন সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যার মতো ঘটনা বিশ্বের ইতিহাসে বিরল। গত ১৭ বছর ধরে নিহত সেনা কর্মকর্তাদের সন্তান ও আত্মীয় পরিজনরা বিচারের দাবি নিয়ে চোখের পানি ফেলছেন। একইভাবে প্রধানমন্ত্রী নিজেও পতিত স্বৈরাচারের রোষানলে একমাত্র ভাইকে হারিয়েছেন, মিথ্যা মামলায় অন্তরীণ রেখে মা খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত রেখে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিতে দেখেছেন।
যাদের মদতে ও পরিকল্পনায় পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তারা এ হত্যাকাণ্ডের ঘটনাকে নিছক বিডিআর বিদ্রোহ হিসেবে গণ্য করে কিছু নিরপরাধ বিডিআর সদস্যকে শাস্তি দিয়ে প্রকৃত ঘটনাকে আড়াল করতে চেয়েছিল। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন না হলে এ হত্যাকাণ্ডের বিচার আরো দীর্ঘদিন অনিশ্চয়তার মধ্যেই রয়ে যেতো। শহীদ সেনা দিবসের বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রতিটি সেনা কর্মকর্তার মৃত্যু একেকটি স্বপ্নের অসমাপ্ত মহাকাব্য। সরকার প্রধানের কণ্ঠে এমন উচ্চারণ শুধু সেনা পরিবারের সদস্যদের মধ্যেই নয়, পুরো জাতির মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। রাষ্ট্রপতিকে সাথে নিয়ে শহীদ সেনা সদস্যদের কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মুনাজাতের সাথে সাথে শহীদ পরিবারের বিচারের আকাক্সক্ষা তাঁর বলিষ্ঠ কণ্ঠে উচ্চারণের মধ্য দিয়ে ন্যায় বিচারের পক্ষে তাঁর দৃঢ় অবস্থান নিশ্চিত করেছেন। পিলখানা হত্যাকাণ্ডের সাথে যে বা যারা যেভাবেই জড়িত থাক না কেন, সব ঘটনা জাতির সামনে স্পষ্ট হওয়া প্রয়োজন। তদন্ত ও বিচারের সঠিক মানদ- নিশ্চিত করে এমন দৃষ্টান্তমূলক বিচার হোক, যেন ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক শক্তি এমন কোনো রাষ্ট্রবিরোধী হত্যাকাণ্ডের চিন্তা করারও সাহস না পায়। একজন সেনা পরিবারের সদস্য এবং সহযোদ্ধার সন্তান হিসেবে তারেক রহমান ভারাক্রান্ত কণ্ঠে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সামনে ১৯৭১, ১৯৯০, ২০২৪ এর শহীদ এবং ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারির শহীদদের কথা স্মরণ করেছেন। জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামের এই ধারাবাহিক আত্মত্যাগের ইতিহাস এখন তারেক রহমানের নেতৃত্বে ন্যায়বিচার ও সুশাসনের আলোয় আলোকিত হবে, এটাই সকলের প্রত্যাশা।
