হীমালয়ের পাদদেশে অবস্থিত ল্যান্ডলক্ড দেশ নেপাল প্রাকৃতিক সৌন্দর্যের প্রাণকেন্দ্র হওয়ায় বিশ্বের প্রায় সব প্রান্ত থেকে এখানে প্রতিবছর লাখ লাখ পর্যটক ভিড় করেন। হীমালয়ের ঐশ্বর্য ও সৌর্ন্দযমন্ডিত হীমালয় কন্যা নামে অভিষিক্ত নেপালের রেমিটেন্স আয়ের মূল উৎসই হচ্ছে পর্যটন খাত। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ-দুর্বিপাকের শিকার হয়েছে নেপাল। গত দশকে ২০১৫ সালের এপ্রিলে এক ভয়াবহ ভূমিকম্প ও ভূমিধসে প্রায় ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছিল, গুরুতর আহত হয়েছিল ২২ হাজারের বেশি মানুষ। এদের মধ্যে শত শত বিদেশি পর্যটক ছিলেন। সে সময় বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলো এবং বিশ্বসম্প্রদায় নেপালের আর্তমানবতার সেবায় পাশে দাঁড়িয়েছিল। দুর্যোগ-দুর্বিপাকে হাজার হাজার মানুষের মৃত্যু ও শত শত বাড়িঘর ও অবকাঠামো ধ্বংসের ক্ষয়ক্ষতি ও ক্ষতচিহ্ন দু’চার বছরে মুছে যায় না। সেই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ক্ষতচিহ্ন মুছে যাওয়ার আগেই নেপাল এবার ভয়াবহ পাহাড়ি বন্যা ও ভূমি ধসের শিকার হয়েছে। গত বুধবার নেপালের উত্তরাঞ্চলে তিব্বত সীমান্ত সংলগ্ন এলাকায় আকস্মিক বন্যা, পাহাড়ি ঢল ও ভূমিধসে গতকাল পর্যন্ত তিনশতাধিক মানুষের মৃত্যু ও দেড় হাজারের বেশি মানুষ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এসব হতাহত ও নিখোঁজ মানুষের বেশিরভাগই ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া-কানাডাসহ বিভিন্ন দেশ থেকে আসা পর্যটক।

হীমালয়ের পাদদেশে নেপালের এই প্রাকৃতিক দুর্যোগ খুবই অনভিপ্রেত হলেও কোনো অস্বাভাবিক ঘটনা নয়। বিশ্বের উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের কুপ্রভাব হিসেবে হীমালয়ের হীমবাহ ও হীমশৈলীসমূহে অস্বাভাবিক দ্রুত গলে গিয়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতাবৃদ্ধি, পাহাড়ধস, অস্বাভাবিক বন্যা ও ভূমিধসের আশঙ্কা গত কয়েক দশক ধরেই বিশ্বের আবহাওয়াবিদ ও পরিবেশ বিশারদরা বার বার প্রকাশ করেছেন। বুধবারের পাহাড়ি ঢল এতটাই আকস্মিক ছিল যে, স্থানীয় বাসিন্দারা কোনোকিছু বুঝে ওঠার আগেই পাহাড় থেকে নেমে আসা একসাথে লাখ লাখ টন বরফ, পাথর ও মাটির গলিত স্তূপের তোড়ে সবকিছু দুমড়ে-মুচড়ে ভাসিয়ে নিয়ে যায়। এটি কোনো স্বাভাবিক বন্যা বা বানের পানির ঢল নয়, ধসে পড়া হীমবাহের সাথে ধসে পড়া পাহাড় ও পানির এক প্রলয়ঙ্করী অভিঘাত। যা নদীর উপর সেতু, তীরের লোকালয়, পর্যটন এলাকার বাড়িঘর ও বিভিন্ন অবকাঠামো নিমিষেই ভাসিয়ে নিয়ে যায়। বিশ্বের উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুযোর্গ এখন শুধু নেপাল, বাংলাদেশ, ভারত কিংবা আফ্রিকার দেশগুলোতেই সীমাবদ্ধ নেই, সাম্প্রতিক সময়ে ইউরোপীয় দেশগুলোতে তীব্র তাপদাহ, দাবানল ও এল নিনোর প্রভাবে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা নিয়ে বিগত শতকের নব্বই দশক থেকেই অনেক বৈশ্বিক ইনিশিয়েটিভের কথা বলা হলেও আদতে কাজের কাজ কিছুই হয়নি। উন্নত-উন্নয়নশীল কোনো দেশই কার্বন নিঃস্বরণ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা অর্জনের ধারে কাছেও যেতে পারেনি। ফসিল জ্বালানির ব্যবহার কমিয়ে আনা, বিকল্প নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগের বদলে তেল-গ্যাসের দখলদারিত্ব নিয়ে বিশ্বে যুদ্ধ, সংঘাত ও দ্বন্দ্ব আগের চেয়ে বেড়েছে।

জলবায়ু পরির্বতনজনিত প্রাকৃতিক দুর্যোগকে শ্রেফ প্রাকৃতিক দুর্যোগ বলে উড়িয়ে দেয়ার আর সুযোগ নেই। এগুলো এখন অনেকটাই মানবসৃষ্ট দুর্যোগ হিসেবেই পরিগণিত। বৈশ্বিক প্রয়াসের অংশ হিসেবে ১৯৯৭ সালে জাপানের কিওটো শহরে গৃহীত জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনে যে প্রস্তাব গ্রহণ করা হয়েছিল, তা ছিল সংশ্লিষ্ট দেশগুলোর জন্য আইনগতভাবে বাধ্যতামূলক একটি চুক্তি। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন ও ভারতের মতো বড় দেশগুলোই কিওটো প্রটোকল ও চুক্তি লঙ্ঘন করে শিল্পায়ন ও অনিন্ত্রিতভাবে ফসিল জ্বালানির ব্যবহার বাড়িয়ে চলেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইউনিপোলার বিশ্বব্যবস্থায় উন্নয়নশীল দেশগুলোতে ক্লিন ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টে বিনিয়োগের কথা থাকলেও আদতে তাদের তৎপরতা সম্পূর্ণ বিপরীতমুখী। তারা প্রতিবছর ক্রমবর্ধমান হারে সমরাস্ত্র উন্নয়ন ও যুদ্ধের পেছনে শত শত বিলিয়ন ডলার খরচ করলেও টেকসই উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য, পুষ্টি ও শিক্ষার পেছনে এক শতাংশ অর্থও ব্যয় করছে না। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ধকল এখন বিশ্বের সাধারণ মানুষকেই বেশি বহন করতে হচ্ছে। দেশে দেশে রাজনৈতিক সীমান্ত থাকলেও ভূ-প্রাকৃতিকভাবে বিশ্বের সব দেশ অভিন্ন ও অবিচ্ছেদ্য। এ অঞ্চলের প্রায় সবগুলো নদ-নদীর উৎস হীমালয় ও তিব্বতের হিমবাহ থেকে।

হিমালয়ের হীমবাহ ধসে গেলে, অস্বাভাবিক গতিতে দ্রবিভূত হয়ে গেলে পুরো অঞ্চলই পরিবেশের ভারসাম্য হারিয়ে কোটি কোটি মানুষ আবাস হারাবে। এ কারণেই, নেপালে পাহাড় ধস এবং বন্যা আমাদেরকে আবারো বৈশ্বিকভাবে চিন্তার তাগিদ দিচ্ছে। নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসের শিকার হওয়া মানুষদের পাশে দাঁড়ানো জরুরি হয়ে পড়েছে। বিশেষত চীন, ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মত প্রতিবেশী দেশগুলোকে জরুরি ত্রাণ সহায়তা ও উদ্ধার তৎপরতায় শরিক হওয়া উচিত। অতীতেও বিভিন্ন সময়ে নেপালের প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশ পাশে দাঁড়িয়েছে। এবারও প্রধানমন্ত্রী তারেক রহমান নেপালের বন্যা উপদ্রুত মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। নেপালে নিখোঁজ পর্যটকদের মধ্যে অর্ধশতাধিক মার্কিন নাগরিকসহ অস্ট্রেলিয়া, কানাডা ও ভারতীয় নাগরিকরা রয়েছেন। বাংলাদেশের মতো নেপালেও জেনজি প্রজন্মের বিপ্লবের মধ্য দিয়ে নতুন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বিপ্লবীদের প্রতিনিধি হিসেবে বালেন্দ্র শাহ নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পাঁচ মাসের মাথায় নেপাল এমন একটি দুর্যোগের সম্মুখীন হলো। একইভাবে বিগত সরকারের অর্থনৈতিক লুটপাট ও জ্বালানি নিরাপত্তার ধ্বংসস্তূপের উপর বাংলাদেশে তারেক রহমান সরকার গঠন করে নানাবিধ চ্যালেঞ্জ মোকাবেলা করছেন। এর মধ্যেও নেপালের এই দুর্দিনে বাংলাদেশের সরকার ও জনগণ সহায়তা ও সহমর্মিতার সাথে তাদের পাশে থাকবে। তবে অভিন্ন নদী এবং অভিন্ন ভূপ্রকৃতির নিরাপত্তায় বহুপাক্ষিক আঞ্চলিক ও আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণ জরুরি হয়ে পড়েছে।