গতকাল (মঙ্গলবার) দৈনিক ইনকিলাবে পাকিস্তানের বিখ্যাত পত্রিকা ‘ডন’-এ প্রকাশিত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ডন-এর প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের তেহরিক-এ-তালেবান পাকিস্তানসহ (টিটিপি) বিভিন্ন উগ্রবাদী সংগঠনে যোগ দিচ্ছে বাংলাদেশি তরুণরা যোগ দিচ্ছে। এ সংখ্যা ক্রমবর্ধমান। ২০২৩ সালে শুরু হওয়া এই প্রবণতা দক্ষিণ এশিয়ায় জঙ্গিবাদের এক নতুন ও উদ্বেগজনক রূপ দিচ্ছে। বাংলাদেশি যুবকদের উল্লেখিত সংগঠনে রিক্রুট করার মূল কারণ হচ্ছে, সংগঠন দুটি পাকিস্তানে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য যে লড়াই করছে, সেই লড়াইয়ে শামিল হয়ে তাদের জনশক্তি বৃদ্ধি করা। বিশেষজ্ঞরা বলেছেন, এটা পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করা। দীর্ঘদিন ধরে জঙ্গিবাদ নিয়ে কাজ করা সাংবাদিক হাসান আল মাহমুদ বলেছেন, ধর্মকে ভুলভাবে ব্যাখ্যা করে তরুণদের ফাঁদে ফেলা হচ্ছে। পাকিস্তান সরকার জানিয়েছে, এ পর্যন্ত কমপক্ষে চার বাংলাদেশি পাকিস্তানে টিটিপির পক্ষে লড়াই করতে গিয়ে নিহত হয়েছে। পুলিশ বলছে, বর্তমানে ২৫ থেকে ৩০ জন বাংলাদেশি পাকিস্তানে সক্রিয়ভাবে জঙ্গিবাদের সাথে যুক্ত রয়েছে। বিশ্লেষকরা বলছেন, বিদেশে কাজের সন্ধানে থাকা যুবকদের অনলাইন মৌলবাদ, বিকৃত ধর্মীয় ব্যাখ্যা, বিদেশে চাকরি দেয়া ও আর্থিক প্রলোভন দেখিয়ে টার্গেট করা হচ্ছে। নি¤œবিত্ত ও অর্থিকভাবে দুর্বল পরিবারের সন্তানদের তারা টার্গেট করছে। তাদেরকে প্রথমে ভারতে নিয়ে যাওয়া হয়। তারপর আফগানিস্তান সীমান্ত দিয়ে পাকিস্তানে পৌঁছে দেয়া হয়। বলার অপেক্ষা রাখে না, বাংলাদেশের তরুণদের প্রতারণার ফাঁদে ফেলে পাকিস্তানের উগ্রবাদী সংগঠনে রিক্রুট করার এই প্রক্রিয়া অত্যন্ত ভয়ংকর এবং বিশ্বে দেশের ভাবমর্যাদাকে বিনষ্ট করছে।
সত্তুর-আশির দশকে রাশিয়া আফগানিস্তানে ঢুকে যুদ্ধ শুরু করেছিল। ১৯৭৯ সালের ডিসেম্বর থেকে ১৯৮৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় দশ বছর এই যুদ্ধ চলে। সে সময় মুসলমানরা রাশিয়ার এই আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। ভিন্ন প্রেক্ষাপটে আফগানিস্তানের হয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য বাংলাদেশ থেকে স্বেচ্ছায় কিছু মানুষ আফগানিস্তান গিয়েছিল। তবে সেটা ছিল, দুটি রাষ্ট্রের যুদ্ধ। কোনো ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠীর হয়ে নয়। উগ্রবাদী টিটিপি যে লড়াই করছে, তা পাকিস্তানকে ইসলামী রাষ্ট্রে পরিণত করার জন্য পাকিস্তান সরকারের বিরুদ্ধে লড়াই। এটা তাদের আভ্যন্তরীণ বিষয়। এই লড়াইয়ে অন্য কোনো দেশের মানুষের যুক্ত হওয়ার কারণ নেই। এই লড়াই দমাতে পাকিস্তান সরকার পদক্ষেপ নিচ্ছে। টিটিপিকে মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে।
শুধু টিটিপিই নয়, আরও উগ্রপন্থী সংগঠনকেও পাকিস্তান সরকারকে মোকাবেলা করতে হচ্ছে। এর মধ্যে বাংলাদেশের দরিদ্র পরিবারের তরুণদের ভুল বুঝিয়ে প্রতারণা ও আর্থিক প্রলোভনের মাধ্যমে টিটিপি রিক্রুট করে তার দল ভারি করে তাদেরকে সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত করছে। এটি ভয়াবহ ব্যাপার। আমরা দেখেছি, এর আগে কিছু বিভ্রান্ত মুসলমানকে দিয়ে যুক্তরাষ্ট্র যে জঙ্গী গোষ্ঠী আইএস তৈরি করেছিল, তাতে যোগ দিতে বাংলাদেশ থেকে কেউ কেউ গিয়েছিল। সেই প্রবণতা বন্ধ হলেও নতুন করে পাকিস্তানের উগ্র সংগঠন টিটিপিতে বাংলাদেশী তরুণদের প্রতারিত করে নিয়ে যাওয়া হচ্ছে। বলার অপেক্ষা রাখে না, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর একটি উগ্র গোষ্ঠী ধর্মের নামে নানা অপকর্ম শুরু করেছে।
তথাকথিত তৌহিদী জনতার নামে মব সৃষ্টি করে হামলা, হত্যাসহ দেশে বিশৃঙ্খলা তৈরি করছে। অনেকে টার্গেট কিলিংয়ের শিকার হচ্ছে। এসব তৌহিদী জনতা কারা, তা দেশের মানুষ বুঝতে পারছে। তারা এটাও বুঝতে পারছে, আগামী জাতীয় নির্বাচনে একটি রাজনৈতিক ইসলামী দলকে ভোট দেয়া মানে ‘জান্নাতের টিকেট’ কেনা, বলে ভোটারদের সাথে যে প্রতারণা করছে, তাদেরই ছত্রছায়ায় থাকা একটি গোষ্ঠী তৌহিদী জনতা সেজে এ কাজ করছে। প্রবঞ্চনার মাধ্যমে সাধারণ মানুষের ধর্মীয় আবেগকে পুঁজি করে নির্বাচনী বৈতরণী পার হতে চাচ্ছে। অন্যদিকে, উগ্রবাদীদের প্রশ্রয় দিচ্ছে। ইতোমধ্যে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদের উত্থান ঘটছে বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা বিশ্বে বাংলাদেশর ‘মডারেট মুসলিম কান্ট্রি’র পরিচিতিকে প্রশ্নবিদ্ধ করছে। যেখানে সউদী আরব, আফগানিস্তানের মতো দেশগুলো বিশ্বের সাথে তাল মিলিয়ে অতিরিক্ত ধর্মীয় রক্ষণশীলতা থেকে বের হওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছে, সেখানে নতুন করে আমাদের দেশের মধ্যপন্থী মুসলমানের দেশকে গোঁড়ামিতে ঢুকিয়ে দেয়ার প্রবণতা শঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে। উগ্রবাদী গোষ্ঠী মুসলমানদের ভিন্ন বিশ্বাস ও মতামতের ওপর আঘাত হানছে। শত শত মাজার ভেঙে ফেলেছে, শিল্প-সংস্কৃতিতে বাধা সৃষ্টি করছে। এর মাধ্যমে তারা ইসলামের বদনাম করছে। দেশে জঙ্গীবাদের উত্থান ঘটছে বলে ভারত ও পশ্চিমা বিশ্বের যে ন্যারেটিভ, তার ভিত্তি দিচ্ছে। এখন বিভিন্ন উপায়ে দরিদ্র তরুণদের পাকিস্তানের উগ্র সংগঠনে যুক্ত হওয়ার বিষয়টিও আন্তর্জাতিকভাবে নতুন করে ইস্যু তৈরি করছে।
ডন পত্রিকায় পাকিস্তানের জঙ্গী সংগঠনের সাথে ক্রমবর্ধমান হারে বাংলাদেশি তরুণদের যুক্ত হওয়ার যে প্রতিবেদন প্রকাশ করেছে, তা উদ্বেগজনক। সরকারের উচিৎ, এ ব্যাপারে সর্বোচ্চ পদক্ষেপ নেয়া। ইতোমধ্যে টিটিপিতে যোগ দিতে কোন কোন পরিবার থেকে কারা পাকিস্তানে গেছে, তাদের খোঁজ-খবর নিয়ে চিহ্নিত করা জরুরি। বিমানবন্দর থেকে শুরু করে সকল ইমিগ্রেশনে সজাগ দৃষ্টি রাখতে হবে। মানব পাচারকারির সাথে কারা জড়িত এবং রিক্রুটিং এজেন্সিগুলো যথাযথভাবে বিদেশে লোক পাঠাচ্ছে কিনা, গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনীকে এ ব্যাপারে তৎপর হতে হবে। সরকারকে জনসচেতনতা সৃষ্টিতে বিভিন্ন কার্যক্রম চালাতে হবে। জঙ্গী সংগঠনগুলো সদস্য রিক্রুটের ক্ষেত্রে কোন ধরনের পরিবারকে এবং কাদের টার্গেট করছে, তা চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ নিতে হবে। জঙ্গী কর্মকা-ে যাতে তরুণরা যুক্ত না হয়, এজন্য দেশের আলেম-ওলামাদেরও ভূমিকা রাখতে হবে।
