জাতির বহুল কাক্সিক্ষত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে। প্রধান নির্বাচন কমিশনার আগামী নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করার জন্য প্রার্থী, রাজনৈতিক দল এবং দেশবাসীর সহযোগিতা চেয়ে সংসদ নির্বাচন ও গণভোট সফল করে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ঐতিহাসিক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। নির্বাচন হওয়া নিয়ে রাজনৈতিক দলসহ জনমনে যে সংশয় ও দ্বিধা তৈরি হয়েছিল, তফসিল ঘোষণার মধ্য দিয়ে তা ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। প্রকাশ্যে-অপ্রকাশ্যে নির্বাচন বানচালের যে নানামুখী ষড়যন্ত্র হয়েছে, তাও নস্যাত হয়েছে। রাজনৈতিক দলসহ দেশের মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দেশ এখন পুরোপুরি নির্বাচনমুখী। ভোটারদের মধ্যে আনন্দ বিরাজ করছে। এলাকায় এলাকায় প্রার্থী ও সমর্থকরা ভোটারদের মন জয় করার জন্য দ্বারে দ্বারে যাচ্ছে। এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। নির্বাচন বানচালের নানা ষড়যন্ত্র থাকা সত্ত্বেও প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণার মাধ্যমে তাঁর কথা রেখেছেন। তিনি বরাবরই বলে আসছেন, ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তিনি সে ঘোষণা দিয়েছেন। এজন্য আমরা তাঁকে ধন্যবাদ জানাই। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়ার কথা বারবার বলেছেন। তাঁর কথা অনুযায়ী, ওই সময়েই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এজন্য তাঁকেও আমরা মোবারকবাদ জানাই।

গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর দেশ এক নতুন রূপ লাভ করেছে। তার দেড় দশকের বেশি শাসনামলে দেশের মানুষের ভোটাধিকার বলে কিছু ছিল না। বিগত তিনটি নির্বাচন বিনাভোট, রাতের ভোট এবং আমি-ডামির নির্বাচন করে মানুষের ভোট দেয়ার গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে তিনি ফ্যাসিসজম কায়েম করেছিলেন। গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষ জীবন দিয়ে এবং চিরতরে অন্ধ ও পঙ্গু হয়ে তার পতন ঘটিয়ে তাদের ভোটাধিকার এবং গণতন্ত্রের পথ উন্মুক্ত করেছে। জনগণ এখন এক নতুন গণতান্ত্রিক ও সুশাসনের দেশ দেখার অপেক্ষায় রয়েছে। হাসিনার পতনের পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা সকল রাজনৈতিক দলের কাছে প্রত্যাশিত হয়ে ওঠে।

দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে জনগণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করতে থাকে। হাসিনার পতনের পরপরই বিএনপি গত বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয়ার দাবি জানিয়েছিল। তবে হাসিনার ভেঙে দেয়া রাষ্ট্র কাঠামো নির্বাচন করার মতো উপযুক্ত না থাকায় সে সময় নির্বাচন করা সম্ভব হয়নি। বিএনপিও বিষয়টি উপলব্ধি করে দ্রততম সময়ে সব ধরনের সংস্কার করে নির্বাচনের তাকিদ দেয়। ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রায় ষোল মাস হয়ে গেছে। এ সময়ের মধ্যে সংস্কার ও বিচার কাজ যেমন চলেছে, তেমনি আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করার সময়ও নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে নির্বাচন বানচালের নানামুখী ষড়যন্ত্র ও চক্রান্তও হয়েছে। অন্তর্বর্তী সরকারের মধ্যে থাকা কারো কারো মধ্যে অধিক সময় ক্ষমতায় থাকার প্রবণতাও পরিলক্ষিত হয়েছে। তবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষিত সময়ে নির্বাচন হওয়ার ক্ষেত্রে অনড় অবস্থানে থেকেছেন। তিনি সবসময়ই বলেছেন, বিশ্বে ইতিহাসসৃষ্টিকারি নির্বাচন করতে চান। নির্বাচনের তফসিল ঘোষণার মাধ্যমে দেশ এখন তাঁর সেই ইতিহাসসৃষ্টিকারি নির্বাচনের পথে রয়েছে।

নির্বাচনের তফসিল ঘোষণাকে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো স্বাগত জানিয়েছে। নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু করতে পারবে বলে তারা আশাবাদী। তবে এটাও মনে রাখা দরকার, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য রাজনৈতিক দল ও প্রার্থীদের সহযোগিতা আবশ্যক। একা নির্বাচন কমিশনের পক্ষে এ কাজ করা কঠিন। নির্বাচন কমিশন নির্বাচনী আচরণবিধি দল ও প্রার্থীদের সামনে উপস্থাপন করেছে। এ আচরণবিধি তাদের মেনে চললে সুষ্ঠু নির্বাচনের পথ মসৃণ থাকবে। নির্বাচন কমিশনকেও শক্ত অবস্থানে থাকতে হবে, যাতে প্রত্যেকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে বাধ্য হয়। কেউ তা লঙ্ঘন করলে বিধি অনুযায়ী সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নিতে হবে।

নির্বাচনী প্রচার কাজে ইতোমধ্যে রাজধানীসহ দেশের সর্বত্র রাজনৈতিক দলসহ বিভিন্ন ব্যক্তির ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, পোস্টার ইত্যাদি ঝুলানো হয়েছে। সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের এগুলো সরাতে হবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগুলো সরাতে শুরু করেছে। রাজনৈতিক দলগুলোকেও এগুলো সরাতে তাদের নেতাকর্মীদের নির্দেশ দিতে হবে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে নির্বাচন কমিশনকে সরকারের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। কোনো ক্ষেত্রে যাতে তাদের মধ্যে দ্বিমত দেখা না দেয়, এটাই কাম্য। উভয়কে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নির্বাচন সুষ্ঠু করতে মূল ভূমিকা পালন করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে রাষ্ট্রের সকল বাহিনীর সক্রিয়া ও কঠোর অবস্থান সরকারকে নিশ্চিত করতে হবে। তফসিল ঘোষণা করা হলেও নির্বাচন বানচালের ষড়যন্ত্র থেমে নেই, এ বিষয়টিও মাথায় রাখতে হবে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের উৎপাৎ বেড়ে গেছে। অনেকে টার্গেট কিলিংয়ের শিকার হচ্ছে, কিশোর গ্যাং বেপরোয়া হয়ে উঠেছে। নির্বাচন পরিবেশকে অস্থিতিশীল করার ক্ষেত্রে এগুলো অ্যালার্মিং বিষয়। আইনশৃঙ্খলা বাহিনীকে এসব বিষয়ে জিরো টলারেন্স দেখাতে হবে। আমরা আশা করি, সকলের সহযোগিতায় আগামী জাতীয় নির্বাচন বিশ্বে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দৃষ্টান্ত স্থাপন করবে।