দেশকে অশান্ত-অস্থিতিশীল করতে পতিত স্বৈরাচারের চক্রান্ত ও অপতৎপরতা একদিনের জন্যও থেমে নেই। জাতীয় নির্বাচনকে সামনে রেখে তাদের কর্মকাণ্ড আরো ভয়ঙ্কর রূপে আবির্ভূত হতে দেখা যাচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃদ্যুদ-ের রায় ঘোষণার কয়েকদিন আগেই ফ্যাসিস্ট হাসিনার পলতাক দোসররা ঢাকায় লক-ডাউন, শাট-ডউনের কর্মসূচি দিয়ে মূলত বাসে অগ্নিসংযোাগ ও নাশকতার ইন্ধন দিয়েছে। এ কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা, নাশকতা ও বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগের পাশাপাশি সরকারি দফতর, অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বিএনপির নেতাকর্মীদের উপর বেশকিছু হামলার ঘটনা ঘটেছে।
শেখ হাসিনার রায় ঘোষণার দিন রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া টার্গেট কিলিংয়ের শিকার হয়েছেন। বিএনপির তরফ থেকে এর প্রতিক্রিয়ায় এই ঘটনাকে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন এক আসামিকে জনতার সহযোগিতায় আটক করে পুলিশ। পরে মঙ্গলবার রাতে আশুলিয়ার বিরুলিয়া ও টঙ্গীতে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত মনির হোসেন ওরফে পাতা সোহেল ও সুজন ওরফে বুকপোড়া সুজনকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব জানায়, কিলিং মিশনের পরিকল্পনা করে পাতা সোহেল ও সুজন। শুটার জনি, কাল্লু ও রোকনকে হত্যার জন্য ভাড়া করে পাতা সোহেল। সম্প্রতি প্রায় একই কায়দায় পুরান ঢাকা, বাড্ডা ও পল্লবীতে মুখোশধারী সন্ত্রাসীদের টার্গেট কিলিংয়ের শিকার হয়েছে বেশ কয়েকজন। মুখোশপরা সন্ত্রাসীরা মোটর বাইক কিংবা গাড়ি থেকে নেমে অতর্কিতে আগ্নেয়াস্ত্র বের করে গুলি করে পালিয়ে যাচ্ছে। ঢাকা, খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে এ ধরনের কিলিং মিশনের মূল টার্গেট হচ্ছেন স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতারা। এসব হত্যাকাণ্ডের ঘটনার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে সমাজে আতঙ্ক সৃষ্টি করার বিষয়টিও লক্ষ্যনীয় হয়ে উঠেছে।
পত্রিকান্তরে প্রকাশিত রিপোর্টে জানা যায়, গত ১০ মাসে রাজধানীতে ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সারাদেশের হিসেব করলে এ সংখ্যা অনেক বেশি। ইনকিলাব প্রতিনিধির পাঠানো এক প্রতিবেদনে দেখা যায়, গত এক বছরে খুলনায় নাশকতা ও চোরাগোপ্তা হামলায় অর্ধশতাধিক মানুষ খুন হয়েছেন। এসব ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের হার খুবই সামান্য। কিছু কিছু ক্ষেত্রে আভ্যন্তরীণ কোন্দলে দলীয় নেতাকর্মীরা নিহত হলেও কোনো হত্যাকা-ই বিচারের বাইরে থাকার কোনো সুযোগ নেই। হত্যাকাণ্ড কিংবা নাশকতার সাথে যে বা যারাই জড়িত থাকুক আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হচ্ছে অপরাধীদের ধরে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসা। আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা ও ব্যর্থতার সুযোগ নিয়েই পেশাদার সন্ত্রাসীদের হাতে টার্গেট কিলিংয়ের শিকার হচ্ছে রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ। নির্বাচনকে সামনে রেখে পতিত স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করতে কোটি কোটি টাকা ছড়িয়ে ত্রাস সৃষ্টির পাশাপাশি চাঁদাবাজি, মাদক ব্যবসায় ও আন্ডারওয়ার্ল্ডের প্রভাব-প্রতিপত্তি ধরে রাখতে এসব ঘটনা ঘটাচ্ছে। সারাদেশে পেশাদার সন্ত্রাসী ও অপরাধীদের তৎপরতা বাড়িয়ে তোলার মধ্য দিয়ে সরকারকে চাপে রাখার পাশাপাশি সাধারণ মানুষকে বিক্ষুব্ধ করে তোলার পরিকল্পিত ষড়যন্ত্রের বাস্তবায়ন দেখা যাচ্ছে। এসব ষড়যন্ত্রের সাথে প্রশাসন ও পুলিশে থাকা পতিত স্বৈরাচারের দোসর ও সুবিধাভোগীরা পরোক্ষভাবে জড়িত থাকতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন। বছর ধরে একের পর এক হত্যাকা-, নাশকতা ও চোরাগোপ্তা হামলার ঘটনা ঘটলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্তাদের যেন কোনো বিকার বা করণীয় নেই!
জাতির উপর দেড় দশক ধরে চেপে বসা রাজনৈতিক দুর্বৃত্ত, লুটেরা, অগ্নি-সন্ত্রাসীরা ও রাষ্ট্রঘাতী অলিগার্করা জুলাই অভ্যুত্থানে পালিয়ে গেলেও অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে তাদের মিশন একদিনের জন্যও বন্ধ হয়নি। এ ধরনের সামাজিক-রাজনৈতিক বাস্তবতায় আইনশৃঙ্খলা বাহিনীর যে ধরনের প্রস্তুতি ও তৎপরতা থাকার কথা তা আদৌ দেখা যাচ্ছে না। স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশের আইজি এবং প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীসহ পদাধিকারী ব্যক্তিরা আসলে কী করছেন, জনমনে এখন এ প্রশ্ন উঠছে। জাতীয় নির্বাচন নিয়ে নানা ধরনের আশঙ্কা ও অপতৎপরতা বেড়ে চলেছে। সরকারের কতিপয় উপদেষ্টার ভূমিকা এবং ক্ষমতা দীর্ঘায়িত করার খায়েশ নিয়েও জনমনে সন্দেহ রয়েছে।
এহেন বাস্তবতায় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং রাজনৈতিক নেতাদের টার্গেটেড কিলিংয়ের ঘটনা অশুভ ইঙ্গিত বহন করছে। সারাদেশে চুরি-ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও নাশকতার সাথে জড়িতদের গ্রেফতারে আরো জোরালো পদক্ষেপ গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে। ম্যাজিস্ট্রেসি পাওয়ারসহ মাঠ পর্যায়ে সেনা মোতায়েন এবং ‘অপারেশন ডেভিল হান্ট’ নামের বিশেষ অভিযান অব্যাহত থাকার কথা বলা হলেও আদতে এর কোনো দৃশ্যমান ফলাফল নেই। অতীতে আর কখনোই সিভিল প্রশাসনের সহায়তায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তায় সেনা মোতায়েনের পর আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা পরিস্থিতির এমন নাজুক অবস্থা দেখা যায়নি। মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে পতিত স্বৈরাচারের দোসরদের বিচারের রায় এবং নির্বাচনকে সামনে রেখে পলাতক সন্ত্রাসীদের দোসর ও ভাড়াটে কিলাররা আরো বেশি বেপরোয়া হয়ে উঠতে পারে। দেশের গোয়েন্দা বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিটকে আরো কার্যকর ও সতর্ক পদক্ষেপ নিতে হবে। দায়িত্ব পালনে ব্যর্থ ও নিষ্ক্রিয় কর্মকর্তাদের সরিয়ে যোগ্য কর্মকর্তাদের দায়িত্ব দিতে হবে। দেশকে চোর-ডাকাত, পেশাদার অপরাধী, সন্ত্রাসী ও টার্গেট কিলারদের অভয়ারণ্যে পরিণত করে শান্তিপূর্ণ নির্বাচন ও গণতান্ত্রিক রূপান্তরের প্রত্যাশা দূরাশা মাত্র। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে নির্বাচনসহ গণতান্ত্রিক প্রতিশ্রুতি ও চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যর্থ হবে সরকার। তাই, সাম্প্রতিক সময়ে সংঘটিত প্রতিটি নাশকতা ও টার্গেটেড কিলিংয়ের সাথে জড়িতদের গ্রেফতার করে দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
