খুলনার ডেঙ্গু পরিস্থিতির যেই চিত্র শুক্রবার প্রকাশিত সমকালের প্রতিবেদনে উঠিয়া আসিয়াছে, উহা উদ্বেগজনক। অদ্যাবধি দুইজনের মৃত্যুর খবর পাইলেও স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী গত শনিবার হইতে বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হইয়া খুলনার বিভিন্ন হাসপাতালে ভর্তি হইয়াছেন ৫০৬ জন, যদিও বাস্তবে আক্রান্তের সংখ্যা আরও অধিক।

কারণ একদিকে সরকারি হাসপাতালে শয্যা খালি না থাকায় মেঝে কিংবা বারান্দায় রাখিয়া চিকিৎসা দেওয়া হইতেছে; অন্যদিকে বেসরকারি হাসপাতালগুলিতে শয্যা না পাইয়া রোগীদের বাড়ি ফিরিয়া যাইতে কিংবা অপেক্ষা করিতে হইতেছে। হাসপাতালে না আসায় বহু ডেঙ্গু রোগী যে শনাক্ত হইতেছে না, তাহাও বলা বাহুল্য। উপরন্তু প্রতিবেদনমতে, স্বাস্থ্য বিভাগের হিসাবে সমগ্র নগরী বা জেলার তথ্য উঠে আসে না; গণনার বাহিরেও রহিয়াছে অন্তত অর্ধশত হাসপাতাল। বস্তুত এহেন চিকিৎসা সংকট না থাকিলেও ডেঙ্গুর প্রবল প্রাদুর্ভাব ঢাকাসহ দেশের বহু শহরে দৃশ্যমান।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারি হইতে শনিবার পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৬৭ জনের মৃত্যু হইয়াছে। তন্মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই মৃত্যুবরণ করিয়াছেন ৩০ জন। তদুপরি আগস্টের প্রথম ১৩ দিনেই ডেঙ্গুতে মৃত্যু হইয়াছে ১১ জনের; একই সময়ে প্রায় সাত সহস্র মানুষ আক্রান্ত হওয়ায় ডেঙ্গু সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতাই স্পষ্ট হইতেছে। ডেঙ্গুর এই ভীতিকর সংক্রমণ এমন সময়ে ঘটিতেছে যখন কয়েক মাস ধরিয়া হামের সংক্রমণভীতির বিস্তার ঘটিয়াছে। ইতোমধ্যে হাম ও উহার উপসর্গে মৃত্যুর সংখ্যা ৯০০ অতিক্রান্ত। টিকাসহ বিবিধ উদ্যোগেও নিয়ন্ত্রণে আসিতেছে না এই রোগের প্রকোপ। হামে প্রধানত শিশুরা আক্রান্ত হইলেও জনগণের এই অংশের মধ্যে ডেঙ্গুর সংক্রমণও স্বল্প নহে। এই কারণেই এই সময়ে ডেঙ্গুর আক্রমণে উদ্বেগের মাত্রা হইয়াছে কয়েক গুণ। দুর্ভাগ্যবশত হামের ক্ষেত্রে যদ্রূপ সমন্বিত ও লক্ষ্যভিত্তিক কোনো কার্যক্রম দেখা যায় নাই; ডেঙ্গুর ক্ষেত্রেও সরকারের তৎপরতা তথৈবচ।

গত ১ জুলাই প্রকাশিত সমকালের এক প্রতিবেদন অনুসারে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. কবিরুল বাশার তখনই জুলাই ও আগস্টে ডেঙ্গু পরিস্থিতির অবনতির পূর্বাভাস দিয়াছিলেন। তিনি ইহাও বলিয়াছিলেন, এইবার ঢাকার তুলনায় ঢাকার বাহিরে সংক্রমণ অধিক হইবার শঙ্কা রহিয়াছে। কিন্তু দুঃখজনক, তাহাতে ঢাকার দুই সিটি করপোরেশনের ন্যায় খুলনাসহ অন্যান্য সিটি করপোরেশন কর্তৃপক্ষের নিদ্রাভঙ্গ হয় নাই। খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সমকালকে বলিয়াছেন, বুধবার কয়েকটি হাসপাতাল ঘুরিয়া পরিস্থিতির ভয়াবহতা দেখিয়া তাহারা চমকাইয়া উঠিয়াছেন। তাই বৃহস্পতিবার হইতে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় তাহারা ‘সর্বশক্তি নিয়োগ’ করিয়াছেন।

আমরা মনে করি, নাগরিকদের প্রতি সরকার ও সিটি করপোরেশন কর্তৃপক্ষের ন্যূনতম দায় ও দরদ থাকিলে শুধু খুলনা কেন; কোথাও ডেঙ্গু এতটা দাপট দেখাইতে পারিত না। মনে রাখিতে হইবে, ডেঙ্গু এই দেশে নূতন কোনো রোগ নহে। ২০১৯ সাল হইতেই এই প্রাণঘাতী রোগের বিস্তার ঘটিয়া চলিয়াছে। কোনো কোনো বৎসর ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাও আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাইয়াছে। এত দীর্ঘ অভিজ্ঞতার পরও ডেঙ্গু প্রতিরোধে সময়মতো এবং পর্যাপ্ত পদক্ষেপ গৃহীত না হওয়া কোনো যুক্তিতেই গ্রহণযোগ্য নহে।

আমরা জানি, ২০২২ সালে দেশে ডেঙ্গুতে প্রাণহানির রেকর্ড হইবার পর স্থানীয় সরকার মন্ত্রণালয় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলির জন্য ডেঙ্গু মোকাবিলার একটা নির্দেশিকা প্রস্তুত ও প্রচার করিয়াছিল। উহা প্রতিপালনেরও কোনো আলামত কোনো পক্ষ হইতে অদ্যাবধি দেখা যায় নাই। এহেন পরিস্থিতিতে ডেঙ্গু মোকাবিলায় লক্ষ্যভিত্তিক মশা নিয়ন্ত্রণের যেই তাগিদ জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা দিতেছেন, তাহা অনুসরণ করিলেও পরিস্থিতির লক্ষণীয় উন্নতি হইতে পারে। তৎসহিত জেলা-উপজেলা পর্যায়ে ডেঙ্গু চিকিৎসা ব্যবস্থা শক্তিশালীকরণের উদ্যোগও লইতে হইবে।