সরকারি চাকুরিজীবীদের বেতন প্রায় আড়াই গুণ করিবার সুপারিশসংবলিত নবম জাতীয় বেতন কাঠামো লইয়া ইতোমধ্যে যেই বিতর্ক উঠিয়াছে, উহা সংগত। এমনকি, শুক্রবার প্রকাশিত সমকালের প্রতিবেদন অনুযায়ী, খোদ উপদেষ্টাদেরই কেহ কেহ উক্ত সুপারিশ বিষয়ে অসন্তোষ প্রকাশ করিয়াছেন। বস্তুত বুধবার এমন সময়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নিকট এই প্রতিবেদন জমা দেওয়া হইয়াছে, যখন নির্বাচনের মাত্র তিন সপ্তাহ বাকি। এই সময়ে অন্তর্বর্তী সরকার নিশ্চিতভাবেই নূতন বেতন কাঠামো বাস্তবায়ন করিতে পারিবে না, যাহার ভার বহন করিতে হইবে নূতন সরকারকে। বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়ন করিতে এক লক্ষাধিক কোটি টাকা বাড়তি দরকার পড়িবে; যাহা ইতোমধ্যে মূল্যস্ফীতির চাপে পিষ্ট সাধারণ মানুষকে আরও দুর্ভোগে ফেলিবে। উক্ত অর্থের সংস্থানের জন্য হয় জনগণের কষ্ট বাড়াইয়া নূতন করিয়া কর-শুল্ক আরোপ করিতে হইবে, নয় নূতন করিয়া ধার-কর্জ করিতে হইবে, যাহা জনগণের স্কন্ধে ঋণের বোঝা ভারী করিবে। উল্লেখ্য, ইতোপূর্বে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা লইয়া আলোচনা করিয়াছিল অন্তর্বর্তী সরকার, যাহা জুন মাসে ঘোষিত বিগত অর্থবৎসরের বাজেটে হইবার প্রত্যাশা ছিল। তবে মহার্ঘ ভাতার বদলে বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ সুবিধা দেওয়া হয়, যাহা গত বৎসরের পহেলা জুলাই হইতে কার্যকর হইয়াছে। ইহার কারণেও সরকারের রাজস্ব ব্যয় বৃদ্ধি পাইয়াছে, যাহার বোঝা কার্যত জনগণেরই স্কন্ধে পড়িয়াছে।

আমরা জানি, ২০১৫ সালে সর্বশেষ বেতন স্কেল বাস্তবায়িত হইয়াছিল। সেই হিসাবে এবং বাজারের বাস্তবতায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নূতন বেতন কাঠামো জরুরি ছিল। সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরও অনুরূপ দাবি ছিল। সেই মোতাবেক কমিশনও গঠন করা হয়। তবে এই পে কমিশনের প্রতিবেদন অনেক অংশীজনকেও ক্ষুব্ধ করিয়াছে। নূতন নিয়মে দশম গ্রেডে বেতন ৩২ সহস্র টাকা, যেইখানে নবম গ্রেডে ৪৫ সহস্র টাকা। ইহাতে বেতনের পার্থক্য ১৩ সহস্র টাকা হইলেও ২০ গ্রেড হইতে ১১ গ্রেড পর্যন্ত বেতনের পার্থক্য পাঁচ সহস্র টাকা। আবার ২০, ১৯ ও ১৮ গ্রেডে বেতনের পার্থক্য মাত্র ৫০০ টাকা। এই বৈষম্য কেন? ইতোমধ্যে নতুন পে-স্কেল লইয়া বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ অসন্তোষ প্রকাশ করিয়াছে। তাহাদের দাবি ছিল ১:৪ অনুপাতে গ্রেড ভাঙিয়া সর্বনিম্ন বেতন ৩৫ সহস্র টাকা নির্ধারণ করা। তাই প্রতিবেদনে সর্বনিম্ন যে মূল বেতন নির্ধারণ করা হইয়াছে, তাহা উক্ত কর্মচারীদের মনঃপূত নহে।

সরকারি পে কমিশন হইলে ১৪ লক্ষ সরকারি চাকরিজীবী এবং ৯ লক্ষ পেনশনধারীর পাশাপাশি তাহাদের পরিবারসহ অনেকেই ইহার উপকারভোগী হইবেন, সন্দেহ নাই। তবে বিশাল বেসরকারি খাতের উপর ইহা যে চাপ সৃষ্টি করিবে সেই কথাও বিবেচনায় রাখিতে হইবে। বিশেষত গত দুই বৎসর ধরিয়া জাতীয় অর্থনীতি যে সংকটে রহিয়াছে, ইহার সর্বাধিক নেতিবাচক প্রভাব পড়িয়াছে বেসরকারি খাতে, যেইখানে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হইয়াছে। মনে রাখিতে হইবে সরকার কেবল সরকারি চাকরিজীবীদের জন্য নহে, দেশের সকল মানুষের জন্য। সেইজন্য নিত্যপণ্যের দামসহ জীবনযাত্রার ঊর্ধ্বমুখী ব্যয়ে রাশ টানাই হইতে পারে সর্বোত্তম পন্থা।

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে নূতন বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় কমিটি গঠন করা হয় নাই। ইহার অর্থ, অন্তর্বর্তী সরকারের আমলে নূতন বেতন কাঠামো বাস্তবায়ন করা প্রায় অনিশ্চিত হইয়া পড়িয়াছে। তবে আশা করা যায়, নির্বাচনের পর নূতন সরকার এই বেতন কাঠামো লইয়া কাজ করিবে। বিশেষত বিশেষজ্ঞদের সহিত সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত গ্রহণ করিয়া উহা পুঙ্খানুপুঙ্খরূপে পর্যালোচনা করিয়া বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হইবে।