কোনো শিশুর মুখ ঝুলিয়া পড়িয়াছে বৃদ্ধের ন্যায়, কাহারও মুখে প্রাপ্তবয়স্কের ন্যায় রোমের আভাস। ইহা কোনো বিরল রোগ নয়। কুষ্টিয়ার কুমারখালীতে হাতুড়িয়া চিকিৎসকের দেওয়া ইনজেকশনের প্রভাব। এই স্বঘোষিত চিকিৎসকের কারণে বিপন্ন হইতে বসিয়াছে নিম্ন আয়ের সাতটি পরিবারে ১০ শিশুর জীবন। সোমবার সমকালে প্রকাশিত প্রতিবেদন বলিতেছে, ভুক্তভোগী অভিভাবকগণ হাতুড়ে চিকিৎসকের শাস্তি চাহিয়া অভিযোগ জানাইয়াছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট। প্রশ্ন হইতেছে, অদূরেই কুমারখালীতে কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র এবং ভালো মানের বেসরকারি হাসপাতাল থাকিতেও কেন এই চিকিৎসকের কাছে রোগীর ভিড়?

শোনা যায়, ইতোপূর্বে তিনি অনেক রোগীকেই সুস্থ করিয়া সুনাম অর্জন করিয়াছেন। তবে এইবার ১০ শিশুর জীবন তাঁহার সুনামের নিকট বিপর্যস্ত। ইহাতে দুইটি বিষয় সম্মুখে আসিয়াছে। অনুমতিপ্রাপ্ত না হইয়াও কী করিয়া তিনি চিকিৎসাসেবা দিতে পারিতেছেন? তাঁহার ব্যবস্থাপত্র দেখিয়াও কোনরূপে ঔষধ বিক্রেতারা উচ্চমাত্রার ঔষধ বিক্রয় করিতেছেন? শোনা যাইতেছে, এই স্বঘোষিত চিকিৎসক রোগীর উপর উচ্চমাত্রার স্টেরয়েড প্রয়োগ করিয়া দ্রুত নিরাময় করিয়া তুলিতেন। ইহাতে দ্রুত আরোগ্য লাভ করিলেও দীর্ঘ মেয়াদে প্রাণ সংশয়ের ঝুঁকি তৈয়ার হইয়াছে।

ভুক্তভোগী পরিবারগুলি সমকালকে জানাইয়াছে, আর্থিক সামর্থ্য বিবেচনায় তাহারা হাসাপাতালের পরিবর্তে পল্লিচিকিৎসকের দ্বারস্থ হইতে স্বাচ্ছন্দ্য বোধ করিয়া থাকে। তাহাদের এই বক্তব্যও বিবেচনাযোগ্য, স্থানীয় চিকিৎসক অসুস্থতার বিবরণ সহজে বুঝিতে পারিলেও সরকারি হাসপাতালের চিকিৎসককে বোঝাইতে বেগ পাইতে হয়। তবে ভুক্তভোগীরা জানিতেন না, উক্ত ব্যক্তি পল্লিচিকিৎসকও নহেন। এইরূপ জটিল করুণ স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে প্রশ্ন জাগে, গুরুত্বপূর্ণ এই খাতে সরকারের ব্যয় কত এবং কতখানি স্বচ্ছতার সহিত উহা নির্বাহ হইতেছে। স্বাস্থ্য খাতে অর্থায়নের সীমাবদ্ধতা লইয়া খোদ সরকারের স্বাস্থ্য অর্থনীতি বিভাগ ২০২৩ সালে যেই পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করিয়াছিল, উহাতে দেখা গিয়াছে বাংলাদেশের স্বাস্থ্য খাতে সরকারি অর্থায়নের পরিমাণ দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন। সেইখানেও অদক্ষতা, কর্মহীনতা, দুর্নীতি ও অব্যবস্থাপনার কথা আর নূতন করিয়া কী বলিব!

এই অভাগা দেশের অভাগা মানুষদের কে বোঝাইবে হাতুড়িয়া চিকিৎসার কুফল লইয়া? বোঝাইলেও তাহারা যাইবেই বা কোনখানে? বলা প্রয়োজন, তিন মাসের ‘রুরাল মেডিকেল প্র্যাকটিশনার’ প্রশিক্ষণ শুধু গ্রামীণ চিকিৎসকদের দক্ষতা ও মান বৃদ্ধির জন্য। ইহা এমবিবিএস চিকিৎসকের সমতুল্য হইলে তো দেশের সকল মেডিকেল কলেজ তুলিয়া দিতে হয়! সরকারি চিকিৎসাসেবার সক্ষমতা নাই, জনসচেতনার অভাব, স্বল্প আয়ের মানুষের জন্য চিকিৎসাসেবা সহায়তার অপ্রতুলতার দরুন এই প্রকার হাতুড়িয়া চিকিৎসকের ব্যবসা রমরমা হইয়া উঠিয়াছে বহুকাল ধরিয়াই। সরকারি হাসপাতালের ‘অবাক চিকিৎসাপান’ ব্যবস্থার উদাহরণ হইয়া রহিয়াছে ২০১৮ সালের কুষ্টিয়ারই আরেক ঘটনা। সরকারি হাসাপাতাল জানাইয়াছিল, জনৈক খুশি খাতুনের গর্ভের সন্তানটি মৃত। সন্দেহবশত খুশি খাতুন আরেকটি বেসরকারি হাসপাতালে যাইয়া ফুটফুটে পুত্রসন্তান প্রসব করিয়াছিলেন। সেই শিশু এখন কেমন রহিয়াছে আমরা জানি না। তবে অপচিকিৎসায় হাত-পা হারানো ভোলার বোরহানউদ্দিনে ৮ বৎসরের তানভির মারা গিয়াছিল। ভুয়া চিকিৎসকের চারটি ভুল ইনজেকশনের পর শিশুটির হাত-পা কাটিয়া বাদ দিয়াও প্রাণ বাঁচানো সম্ভব হয় নাই। মায়ের কোলে চড়িয়া চিকিৎসকের কাছে গিয়া সুস্থ হইতে চাওয়া শিশুটির মৃত্যু হয় ২০২৫ সালের ২২ আগস্ট।

দেশে প্রতিবৎসর কত শিশু অপচিকিৎসায় প্রাণ হারায় বা গুরুতর অসুস্থ হয়, উহার কোনো হিসাব আমাদের জানা নাই। বোধ করি সরকারও নথিবদ্ধ করিয়া রাখে নাই। তবে অপচিকিৎসায় ভুক্তভোগীর দু-একটি তথ্য সংবাদমাধ্যমের বরাতে জানা যাইতেছে। কতজনের খবর যে অজানা রহিয়া গেল! দেশের সরকারি সেবা খাতে মনোযোগ এবং প্রান্তিক মানুষের মধ্যে সচেতনতা না বাড়িলে স্বাস্থ্যসেবার মান আরও অবনত বৈ উন্নত হইবে না। স্মরণে রাখিতে হইবে, জাতির অগ্রগতির মাপকাঠি কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধি নহে; মানুষের সুস্বাস্থ্য, মর্যাদা ও নিরাপত্তাও সম্যক গুরুত্বপূর্ণ।