রাষ্ট্রনৈতিক ও অর্থনৈতিক অভিধানে অলিগার্ক শব্দটি নতুন নয়। প্লেটো এবং অ্যারিস্টটলও রাষ্ট্র পরিচালনায় অলিগার্কদের বা অলিগার্কি সম্পর্কে আলোচনা করেছেন। অলিগার্কি বলতে বোঝায় মুষ্টিমেয় ধনবাননিয়ন্ত্রিত শাসনব্যবস্থা। অবশ্য এটা ঘোষিত কোনো নীতি-ব্যবস্থা নয়। গণতান্ত্রিক কিংবা কর্তৃত্ববাদী-উভয় ক্ষেত্রে অলিগার্কির বিকাশ ঘটতে পারে। কিন্তু রাষ্ট্র ও অর্থনৈতিক পরিভাষায় এই শব্দটি বহুল প্রচলিত ছিল না। নতুন করে এর তাত্ত্বিক প্রয়োগ শুরু হয় ১৯৯০ দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর।
এই আলোচনার গভীরে মনোযোগ দেওয়ার আগে বুর্জোয়াশাসিত রাষ্ট্রব্যবস্থা সম্পর্কে সামান্য আলোকপাত বাঞ্ছনীয় মনে করি। বাংলাদেশের স্বাধীনতা-পূর্ব পাকিস্তানের এক দশক ছিল সামন্তবাদী সমাজ। ভূস্বামী ও জমিদার শ্রেণিই ছিল আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির প্রভাবক শক্তি। পাকিস্তানে তখনো বুর্জোয়া সমাজ ও অর্থনীতির বিকাশ ঘটেনি। মার্কসীয় তত্ত্বের আলোকে বলা যায়, বুর্জোয়া বলতে সেই ধনিক শ্রেণিকে বোঝায়, যারা শ্রমশোষণের মাধ্যমে ধন সঞ্চয় করে। বিষয়টি শিল্পকারখানার উৎপাদনব্যবস্থার সঙ্গে জড়িত। পাকিস্তান আমলেও এখানে বুর্জোয়া শ্রেণির বিকাশ ঘটেনি। সামরিক ডিক্টেটর আইয়ুব খানের ১০ বছরে তৎকালীন পূর্ব পাকিস্তানে উত্থান ঘটে আদমজী, বাওয়ানী ও নিশাতের মতো ২২ পরিবারের। যদিও আগে থেকেই এরা ছিল। আইয়ুব খানের পৃষ্ঠপোষকতায় এরা প্রধানত স্বর্ণসূত্র পাটভিত্তিক শিল্পের মাধ্যমে ফুলেফেঁপে ওঠে। বলা হয়ে থাকে পূর্ব পাকিস্তানের সম্পদ ও শ্রমশোষণ করে এরা পুঞ্জীভূত সম্পদের মালিক হয়ে যায়। শাসনব্যবস্থায় এরা প্রভাবকের ভূমিকায় অবতীর্ণ হয়। তবে পূর্ব পাকিস্তানের অর্থনীতির চালিকাশক্তি হয়ে ওঠার সঙ্গে সঙ্গে বিপুল সংখ্যায় কর্মসংস্থানও সৃষ্টি করেছিল এই ২২ পরিবার। এদের সঙ্গে ব্যবসা করে পূর্ব পাকিস্তানে একটি পেটি বুর্জোয়া শ্রেণির বিকাশ ঘটেছিল, যারা আইয়ুব খানের শাসনামলের কট্টর সমর্থক ও সুবিধাভোগী ছিল। কিন্তু তখন পূর্ব পাকিস্তানের নিজস্ব বিনিয়োগকারী বা উদ্যোক্তা সৃষ্টি হয়নি। এ দেশীয় উদ্যোক্তাদের দ্বারা ব্যাপক হারে শিল্পায়ন হয়নি, পুঁজিরও সেভাবে বিকাশ ঘটেনি। জনসংখ্যার অনুপাতে কর্মসংস্থান হয়নি।
যা হোক ২২ পরিবারকে আমরা বুর্জোয়া বলে চিনি। কিন্তু আসলে এরা ছিল অলিগার্ক। অলিগার্করাও বুর্জোয়া। কিন্তু সব বুর্জোয়া অলিগার্ক নয়। অলিগার্ক বলতে সেই বুর্জোয়াদের বোঝানো হয়, প্রত্যক্ষভাবে যারা সরকার পরিচালনা করে বা পরোক্ষ প্রভাবকের ভূমিকা পালন করে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারতসহ আরও অনেক দেশে ক্ষমতা-কেন্দ্রের ওপর প্রত্যক্ষ বা পরোক্ষ অলিগার্কিক প্রভাবের দৃষ্টান্ত রয়েছে। যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প নিজেই একজন ধনকুবের। ইলন মাস্কের মতো আরও কিছু বিলিয়নিয়ারের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সম্পর্ক ওতপ্রোত বলে প্রচারণা রয়েছে। অলিগার্করা সাধারণত ক্ষমতার সুবিধা ব্যবহার করে নিজস্ব সম্পদের স্ফীতি ঘটায়। এর ফলে সম্পদের বৈষম্য ঘটে। এর যেমন নেতিবাচক দিক রয়েছে তেমনি রয়েছে ইতিবাচক দিকও। অক্সফামের ১৯ জানুয়ারি ২০২৬-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে বিশ্বের বিলিয়নিয়ারদের মোট সম্পদ বেড়ে ১৮ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছে। প্রতিবেদনে ধনকুবেরদের রাজনৈতিক ক্ষমতা অর্জন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ওপর তার সম্ভাব্য প্রভাবও বিশ্লেষণ করা হয়।
গণতান্ত্রিক ও বাজার অর্থনীতির দেশে অলিগার্কদের ভূমিকা ইতিবাচক এবং নেতিবাচক-দুরকমই হতে পারে। ইতিবাচক হলো বড় পুঁজির মালিক ও করপোরেট উদ্যোক্তারা বৃহৎ বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি করেন। গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবনে অর্থায়ন করেন। শিল্পায়ন ও অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখেন। আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ করেন। তদুপরি সরকারের নীতিনির্ধারণে বিশেষায়িত জ্ঞান ও অভিজ্ঞতা সরবরাহ করতে পারেন।
সমস্যা তৈরি হয় তখন, যখন অর্থনৈতিক সামর্থ্যরে বিচারে রাজনৈতিক প্রভাবের অসম অধিকার সৃষ্টি করে এবং জনস্বার্থের পরিবর্তে বিশেষ গোষ্ঠীর স্বার্থ রাষ্ট্র পরিচালনার প্রধান বিবেচনায় পরিণত হয়। আগেই বলেছি, অলিগার্ক শব্দটি ডিকশিনারিতে নতুন নয়। ১৯৯৯ সাল থেকে ইংরেজি সংবাদমাধ্যমে পরিবর্তিত রাশিয়ার প্রভাবশালী ধনবানদের বোঝাতে অলিগার্ক শব্দটির ব্যবহার ব্যাপকভাবে শুরু হয়। এখানে একটি ভাষাতাত্ত্বিক তথ্য উল্লেখযোগ্য-ইংরেজিতে অলিগার্ক শব্দটি আনুমানিক ১৬০০ সাল থেকেই ব্যবহৃত হচ্ছে। কিন্তু আধুনিক অর্থে রাজনৈতিক প্রভাবসম্পন্ন অতি ধনী ব্যবসায়ী অর্থে এর বহুল ব্যবহার শুরু হয় অনেক পরে।
১৯৯০-এর দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়ায় রাষ্ট্রীয় সম্পদের বেসরকারীকরণ ঘটে। এ প্রক্রিয়ায় অল্পসংখ্যক ব্যবসায়ী বিপুল সম্পদের মালিক হন। বিশেষ করে বরিস বেরেজভস্কি, ভøাদিমির গুসিনস্কি ও মিখাইল খোদোরকভস্কির মতো ব্যবসায়ীরা অর্থনীতি ও রাজনীতিতে ব্যাপক প্রভাব বিস্তার করেন। ১৯৯৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বরিস ইয়েলৎসিনের পুনর্নির্বাচনে ধনকুবেরদের অর্থ ও গণমাধ্যমের সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অলিগার্করা ক্রেমলিনের নীতিনির্ধারণে সরাসরি প্রভাব বিস্তার করেন। তাঁদের কেউ কেউ তখন সরকারি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবস্থানে ছিলেন।
এমতাবস্থায় বিশ্ব রাজনীতির ক্ষমতাকাঠামোয় নীরবে ঘটে যায় তাৎপর্যপূর্ণ পরিবর্তন। রাষ্ট্রের প্রচলিত রাজনৈতিক ক্ষমতার পাশাপাশি ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে অল্পসংখ্যক করপোরেট মালিক, প্রযুক্তি উদ্যোক্তা, আর্থিক গোষ্ঠী ও বহুজাতিক ব্যবসায়িক প্রতিষ্ঠান। একবিংশ শতাব্দীর বিশ্বব্যবস্থায় ক্ষমতার সংজ্ঞা অনেক বিস্তৃত। এখন অর্থ, প্রযুক্তি, তথ্য, গণমাধ্যম এবং আন্তর্জাতিক পুঁজির নিয়ন্ত্রণও রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্তকে প্রভাবিত করার শক্তিশালী উপাদান। এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে অলিগার্কদের উত্থান। স্নায়ুযুদ্ধের অবসান, সোভিয়েত ইউনিয়নের পতন, বাজার অর্থনীতির সম্প্রসারণ এবং রাষ্ট্রীয় সম্পদের বেসরকারীকরণ আধুনিক অলিগার্কদের উত্থানে ভূমিকা রাখে। ভøাদিমির পুতিনের শাসনামলে রাষ্ট্রের সঙ্গে অলিগার্কদের সম্পর্কেরও পরিবর্তন ঘটে। স্বাধীন রাজনৈতিক ক্ষমতা প্রদর্শনের পরিবর্তে রাষ্ট্রীয় নেতৃত্বের প্রতি আনুগত্য ও নির্ভরশীলতা তাঁদের অবস্থানের গুরুত্বপূর্ণ শর্ত হয়ে ওঠে। কিন্তু অলিগার্কিক ক্ষমতার বিস্তার রাশিয়ার একক অভিজ্ঞতা নয়। যুক্তরাষ্ট্র, ভারত, ইসরায়েলসহ বিভিন্ন দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোয় বৃহৎ পুঁজির প্রভাব নিয়ে বিতর্ক ক্রমশ জোরালো হচ্ছে। যুক্তরাষ্ট্রে নির্বাচনি অর্থায়ন, করপোরেট লবিং এবং প্রযুক্তি ধনকুবেরদের রাজনৈতিক অংশগ্রহণ নতুন করে প্রশ্ন তুলেছে গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচিত জনপ্রতিনিধিরাই কী নীতিনির্ধারণের একমাত্র নিয়ামক, নাকি অর্থনৈতিক ক্ষমতাধর গোষ্ঠীরাও সে প্রক্রিয়ায় সমান বা কোনো কোনো ক্ষেত্রে অধিকতর প্রভাবশালী হয়ে উঠছে?
ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রশাসনে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের গুরুত্বপূর্ণ ভূমিকা এই আলোচনাকে নতুন মাত্রা দেয়। এটি শুধু একজন অতি ধনীর রাজনৈতিক অংশগ্রহণের ঘটনা নয়; বরং প্রযুক্তি, ব্যক্তিগত সম্পদ ও রাষ্ট্রীয় প্রশাসনের পারস্পরিক সম্পর্কের একটি তাৎপর্যপূর্ণ দৃষ্টান্ত। অন্যদিকে ভারতের বৃহৎ করপোরেট গোষ্ঠী, বিশেষত অবকাঠামো, জ্বালানি, বন্দর ও টেলিযোগাযোগ খাতে তাদের অবস্থান এবং রাষ্ট্রীয় নীতির সঙ্গে ব্যবসায়িক স্বার্থের সম্পর্ক নিয়ে রাজনৈতিক বিতর্ক রয়েছে। ইসরায়েলেও বৃহৎ ব্যবসায়িক স্বার্থ, প্রযুক্তি, প্রতিরক্ষাশিল্প ও রাজনৈতিক ক্ষমতার সম্পর্ক আলোচনার বিষয়। তবে এসব দেশের রাজনৈতিক কাঠামো ও অলিগার্কিক প্রভাবের ধরন এক নয়। প্রত্যেক ধনকুবের কিংবা বৃহৎ ব্যবসায়ীকে অলিগার্ক হিসেবে চিহ্নিত করাও বিশ্লেষণগতভাবে সঠিক নয়।
একবিংশ শতাব্দীতে অলিগার্কিক ক্ষমতার নতুন ক্ষেত্র তৈরি করেছে প্রযুক্তি। গুগল, মেটা, অ্যামাজন, মাইক্রোসফটসহ বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানের অর্থনৈতিক শক্তি শুধু বাজারমূল্য বা মুনাফার মধ্যে সীমাবদ্ধ নয়। তাদের হাতে রয়েছে বিপুল তথ্য, যোগাযোগ অবকাঠামো, ডিজিটাল বিজ্ঞাপন, ক্লাউড প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নের গুরুত্বপূর্ণ উপকরণ। এসব প্রতিষ্ঠান মানুষের দৈনন্দিন যোগাযোগ, ব্যবসা, শিক্ষা, সংবাদ গ্রহণ এবং তথ্য অনুসন্ধানের পদ্ধতিকে প্রভাবিত করছে। ফলে প্রযুক্তির মালিকানা এখন শুধু ব্যবসায়িক সুবিধার বিষয় নয়; এটি সামাজিক ও রাজনৈতিক ক্ষমতারও একটি গুরুত্বপূর্ণ উৎস।
যে প্রযুক্তি মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় নিরাপত্তা ও অর্থনৈতিক কর্মকাণ্ড পর্যন্ত বিস্তৃত প্রভাব ফেলছে, তার নিয়ন্ত্রণ কী কেবল বেসরকারি প্রতিষ্ঠানের মুনাফার বিবেচনায় পরিচালিত হতে পারে? কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ, ব্যক্তিগত তথ্যের ব্যবহার, অ্যালগরিদমের স্বচ্ছতা এবং ডিজিটাল প্ল্যাটফর্মের জবাবদিহি এখন বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। নির্বাচিত সরকারগুলোর সামনে তাই নতুন চ্যালেঞ্জ-প্রযুক্তিগত উদ্ভাবনকে বাধাগ্রস্ত না করে কীভাবে বেসরকারি প্রযুক্তি-ক্ষমতার জবাবদিহি নিশ্চিত করা যায়।
অলিগার্কদের প্রভাব আন্তর্জাতিক রাজনীতিতেও বিস্তৃত। জ্বালানি, খনিজ সম্পদ, প্রতিরক্ষা শিল্প, আন্তর্জাতিক ব্যাংকিং এবং বহুজাতিক বিনিয়োগের সঙ্গে যুক্ত বৃহৎ ব্যবসায়িক গোষ্ঠীগুলোর স্বার্থ অনেক সময় রাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও ভূরাজনৈতিক কৌশলের সঙ্গে সম্পর্কিত হয়ে পড়ে। কোনো অঞ্চলে জ্বালানি সরবরাহ, অস্ত্র বাণিজ্য, বন্দর নির্মাণ কিংবা কৌশলগত অবকাঠামোয় বিনিয়োগের পেছনে শুধু অর্থনৈতিক বিবেচনাই কাজ করে না; অনেক ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা ও ভূরাজনৈতিক স্বার্থও যুক্ত থাকে। এর ফলে আন্তর্জাতিক সম্পর্কের প্রচলিত রাষ্ট্রকেন্দ্রিক বিশ্লেষণের পাশাপাশি বেসরকারি পুঁজির ভূমিকা বিবেচনায় নেওয়া জরুরি হয়ে উঠেছে।
বড় পুঁজি ও উদ্যোক্তারা শিল্পায়ন, কর্মসংস্থান, গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন, অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। রাষ্ট্রের পক্ষে সব ক্ষেত্রে এককভাবে বিনিয়োগ ও উদ্ভাবনের দায়িত্ব পালন করাও সম্ভব নয়।
মনে রাখা বাঞ্ছনীয়, অলিগার্কি গণতান্ত্রিক সমাজ বিকাশ বাধাগ্রস্ত করতে পারে, যদি সেটা অনিয়ন্ত্রিত হয়। নিয়ন্ত্রিত অলিগার্কি গণতন্ত্র ব্যাহত না করলেও এর গতিপথ নির্ধারণ করে। আধুনিক বিশ্বব্যবস্থায় অলিগার্কিক প্রভাবকে ইতিবাচকভাবে কাজে লাগানোর জন্য প্রয়োজন শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান। রাজনৈতিক দলের অর্থায়নে স্বচ্ছতা, করপোরেট লবিংয়ের প্রকাশ্য নিবন্ধন, সরকারি ক্রয়ে জবাবদিহি, নির্বাচন কমিশন এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রযুক্তি প্রতিষ্ঠানের তথ্য ব্যবহারের নীতি, অ্যালগরিদমের জবাবদিহি এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় কার্যকর আইন প্রয়োজন। অর্থনৈতিক ক্ষমতার কেন্দ্রীভবন রোধে সুস্থ প্রতিযোগিতার জন্য আইনের সংস্কারও গুরুত্বপূর্ণ।
♦ লেখক : সিনিয়র সাংবাদিক ও কথাসাহিত্যিক
