রাজধানীর দুই সিটি করপোরেশনসহ সমগ্র দেশে মশার যে দৌরাত্ম্য চলিতেছে, তাহা শুধু জনস্বাস্থ্যের জন্যই হুমকি নয়; জনজীবনকেও অচলাবস্থার দিকে ঠেলিয়া দিতে পারে। বৃহস্পতিবার প্রকাশিত সমকালের একাধিক প্রতিবেদনে উঠিয়া আসিয়াছে, মশার কামড়ে একদিকে ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়ার মতো ভয়ংকর রোগে আক্রান্ত হইবার আশঙ্কা বাড়িতেছে, অন্যদিকে কোথাও কোথাও গবাদি পশু ‘তিন দিনের জ্বর’ দ্বারা আক্রান্ত হইতেছে। দুর্ভাগ্যবশত, গত প্রায় এক বৎসর ধরিয়া মশার উপদ্রব চলিলেও প্রতিকার ও প্রতিরোধের প্রত্যাশিত ব্যবস্থা গ্রহণ করা হইতেছে না। প্রতিবেদন অনুসারে, নির্বাচিত সরকার দায়িত্ব লইবার পর বিশেষত ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় কিছুটা নড়াচড়া আরম্ভ হইলেও পরিস্থিতির গুরুত্ব অনুযায়ী তাহা এক প্রকার সমুদ্রে বিন্দুবৎ পদক্ষেপ। ফলে পরিস্থিতি যে তিমিরে ছিল সেই তিমিরেই রহিয়া গিয়াছে। দুই সিটি করপোরেশনের বর্তমান কর্তৃপক্ষ মশা নিধনের পদক্ষেপ গ্রহণ করা হইয়াছে বলিয়া দাবি করিলেও মশার দাপট পূর্ববৎ চলমান। দেশের অন্য সিটি করপোরেশন, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদগুলির অবস্থাও তথৈবচ।
আমরা জানি, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশের সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মেয়র, চেয়ারম্যান, কাউন্সিলর, সদস্য পদে পরিবর্তন আসে। ইহাতে জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহের সেবা কার্যক্রমের ধারাবাহিকতায় ছেদ ঘটে। উপরন্তু কয়েক মাস পরপর প্রশাসক বদল হইবার কারণে জবাবদিহির জায়গাটিও ক্ষতিগ্রস্ত। বর্তমান সরকার নূতন করিয়া সিটি করপোরেশনসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রশাসককে অভিষিক্ত করিয়াছে। তৎসত্ত্বেও মশা নিধন কার্যক্রমে প্রত্যাশিত গতি আসে নাই।
যাহা বিস্ময়কর, ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকদ্বয় দায়িত্ব গ্রহণ করিয়া মশক নিধনের ঔষধের কার্যকারিতা পরীক্ষা করেন। উহার ফল সদর্থক হইলেও মশার যন্ত্রণা হইতে উপশম কোথায়? এই সংক্রান্ত সমকালের প্রতিবেদনে বলা হইয়াছে, নিজেদের পরীক্ষায় দুই সিটি করপোরেশন এই সিদ্ধান্তে উপনীত– তাহাদের ঔষধে ঠিকই মশা মরিতেছে। এমনকি অন্য প্রতিষ্ঠানকে দিয়াও ঔষধ পরীক্ষা করাইয়া একই প্রকার প্রতিবেদন পাওয়া গিয়াছে। কিন্তু মশা কেন বাগে আসিতেছে না– তাহা লইয়া প্রশ্ন দেখা দিয়াছে। বস্তুত মশক নিধন কার্যক্রমে ধারাবাহিকতার অভাবই এহেন পরিস্থিতির কারণ বলিয়া বিশেষজ্ঞরা মনে করেন। ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারাও মশার ঔষধ ছিটাইবার কাজে সংশ্লিষ্ট কর্মীদের গাফিলতির অভিযোগ করিয়াছেন। কেহ কেহ এমনকি বকশিশ প্রদানের মাধ্যমে সিটি করপোরেশনের মশক নিধন কর্মীদের তাহাদের বাড়িতে ঔষধ ছিটাইতে উদ্বুদ্ধ করিতে হইয়াছে বলিয়া জানাইয়াছেন। দুঃখজনক হইল, এই সকল অভিযোগ সম্পর্কে দুই সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তাগণ বিবিধ অজুহাত প্রদর্শন করিয়াছেন। কেহ এ জন্য জনবল সংকটকে দায়ী করিয়াছেন; কেহ সেবাপ্রত্যাশীদের স্কন্ধেই সমস্ত দায়ভার চাপাইয়াছেন।
তবে এহেন দোষারোপের অপসংস্কৃতি কাহারও দায়িত্বহীনতাকে আড়াল করিতে পারে না– এই বিষয়টিই স্পষ্ট হইয়াছে শুক্রবার প্রকাশিত সমকালের অপর প্রতিবেদনে। তথায় বলা হইয়াছে, মশা নিয়ন্ত্রণে একটি জাতীয় নির্দেশিকা থাকিলেও স্থানীয় সরকারের কোনো সংস্থা তদনুযায়ী কার্য করিতেছে না। সিটি করপোরেশনগুলি এই বিষয়ে উহাদের নিজস্ব নির্দেশিকাও মান্য করিতে অনিচ্ছুক। উদাহরণস্বরূপ, ২০২১ সালে প্রণীত উক্ত জাতীয় নির্দেশিকা অনুযায়ী, প্রতি বৎসরের ১৫ জানুয়ারির মধ্যে স্থানীয় পর্যায়ের তথ্যের ভিত্তিতে পরবর্তী ছয় মাসের জন্য মশক নিয়ন্ত্রণের কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের কথা। অথচ অদ্যাবধি এই বিষয়ক কর্মপরিকল্পনা কোনো সংস্থাই স্থানীয় সরকার বিভাগে প্রেরণ করে নাই। পৌরসভা ও ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ তো এই নির্দেশিকা সম্পর্কে অজুহাতই প্রকাশ করিয়াছেন।
এহেন পরিস্থিতিতে স্থানীয় সরকার বিভাগ তথা সরকারকেই তৎপর হইতে হইবে বলিয়া আমরা মনে করি। বিশেষজ্ঞগণের সহিত পরামর্শ করিয়া মশক নিধন-সংক্রান্ত দ্রুত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে নামিয়া পড়িতে হইবে।
