সম্প্রতি রাজধানীর নিউমার্কেট, মতিঝিল, গুলিস্তান, গুলশান, উত্তরা প্রভৃতি এলাকায় ফুটপাত দখলমুক্ত করার জন্য অভিযান পরিচালনা করা হয়। দুই সিটি করপোরেশন, প্রশাসন ও আইনশৃংখলা রক্ষাকারী কর্তৃপক্ষ সম্মিলিতভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানের লক্ষ্য ছিল, ফুটপাত দখলকারী হকারদের দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা, যানজট কমানো এবং পথচারীদের চলাচল সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করা। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করা গেছে, উচ্ছেদ বা ফুটপাত দখলমুক্ত করার ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে পুনরায় তা দখল হয়ে গেছে। হকাররা ফুটপাত-রাস্তায় দোকানপাট বসিয়ে আগের মতই ব্যবসা করে যাচ্ছে।
নতুন সরকার ক্ষমতায় আসার পর ফুটপাত দখলমুক্ত করার অভিযানে নগরবাসী আশান্বিত হয়েছিল এই ভেবে যে, তাদের চলাচল মসৃণ হবে, দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং যানজটের দৌরাত্ম্য হ্রাস পাবে। বাস্তবতা তো এই যে, তাদের প্রত্যাশা সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে হতাশায় পরিণত হয়েছে। প্রশ্ন ওঠে, যদি অভিযানের পরিণতি এমনই হয়, তবে ঘটা করে তা পরিচালনার মানে কী? ভিন্ন কোনো উদ্দেশ্য বা লোক দেখানোর জন্যই কি তা করা হয়েছে? এধরনের অভিযান পরিচালনার জন্য বিভিন্ন কর্তৃপক্ষের ব্যাপক সংখ্যক লোকের প্রয়োজন হয়, বিপুল অংকের অর্থ খরচ হয়। লোকবলের কথা বাদ দিলেও যে অর্থ ব্যয় হয়, তা কোথা থেকে আসে? নিশ্চয় জনগণের দেয়া ট্যাক্সের টাকা থেকে আসে। জনগণের যাতে উপকার হয়না, তা করার জন্য কেন এ অর্থ খরচ করা হবে? এখরচ অপব্যায়ের শামিল। এরকম অপচয় কেন স্বীকার করতে হবে এবং কতদিনই বা করতে হবে, এমন প্রশ্ন খুবই সঙ্গত ও যৌক্তিক। অতীতেও বহুবার ঘোষণা দিয়ে ফুটপাত দখলমুক্ত করার অভিযান পরিচালনা করা হয়েছে। কিন্তু অভিযানের অব্যবহিত পরেই তা পুনদর্খল হয়ে গেছে। এই দখল উচ্ছেদ ও পুনর্দখলের ইঁদুর-বেড়াল খেলা দেখতে দেখতে মানুষ অতীষ্ঠ। কতদিন এখেলা চলবে ভবিতব্যই তা বলতে পারে।
একথা ওয়াকিবহাল মহলের অজানা নেই, ফুটপাত দখল করে দোকানপাট সাজিয়ে কিংবা রাস্তায় ভ্যানে করে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী যারা বিক্রি করছে, তাদের এজন্য এলাকার সন্ত্রাসী, প্রভাবশালী ব্যক্তি, রাজনৈতিক দলের নেতাকর্মী ও পুলিশকে নিয়মিত চাঁদা দিতে হচ্ছে। মাসিক চাঁদার পরিমাণও একবারে কম নয়। জানা যায়, নিউমার্কেট এলাকায় ফুটপাতের একজন চা-বিস্কুটের দোকানদারকে ১০-১২ হাজার টাকা চাঁদা দিতে হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালের আশপাশে যেসব দোকানদার ফুটপাত দখল করে ব্যবসা করছে, তাদের বড় অংকের মাসিক চাঁদা দিতে হয়। মতিঝিল ও গুলিস্তানে যারা ফুটপাতে কাপড়, জুতা-স্যান্ডেল ইত্যাদি বিক্রি করে তাদেরও নিয়মিত চাঁদা গুণতে হয়। দেখা গেছে, দেশে কোনো রাজনৈতিক পরিবর্তন ঘটলে ‘চাঁদার সংস্কৃতি’র কোনো হেরফের হয়না।
সাইনবোর্ড পরিবর্তনের সঙ্গে সঙ্গে চাঁদাবাজ ও চাঁদাসংগ্রাহকদের পরিবর্তন হয় মাত্র। পর্যবেক্ষকদের মতে, চাঁদবাজি যেহেতু বিনাশ্রমের ও বিনা পুঁজির ব্যবসা এবং এর সঙ্গে রাজনৈতিক দল বিশেষত ক্ষমতাসীন দলের লোকদের সংশ্লিষ্টতা আছে, সুতরাং চাঁদাবাজের পরিবর্তন হলেও চাঁদাবাজ বহাল থাকে; কখনো বন্ধ হয় না। পর্যবেক্ষকরা মনে করেন, রাজনৈতিক দল, প্রশাসন ও পুলিশের সহায়ক ভূমিকাই চাঁদাবাজি বহাল থাকার প্রধান কারণ। যতদিন এই পৃষ্ঠপোষকতার অস্তিত্ব থাকবে, ততদিন ফুটপাত দখলমুক্ত ও হকারমুক্ত হওয়ার সম্ভাবনা নেই। এখানে বলে রাখা ভালো, রাজধানীতেই শুধু নয়, দেশের মহানগর, বিভাগীয় শহর ও জেলা শহরেও একই চিত্র দৃশ্যমান। ফুটপাত ও রাস্তা দখলদারী ও চাঁদাবাজি পথচারী ও রাস্তা ব্যবহারকারীদের জন্য দুর্ভোগ ও বিড়ম্বনার স্থায়ী কারণে পরিণত হয়েছে। ফুটপাত দখলমুক্ত না হওয়ার কারণ স্পষ্ট হলেও কারণগুলো দূর করার কোনো উদ্যেগ দেখা যায় না। নদী ও খাল দখল-পুনর্দখলের ব্যাপারেও একই বাস্তবতা লক্ষ্য করা যায়। ঢাকাসহ সারাদেশেই নদী-খাল দখলের একটা প্রতিযোগিতা দীর্ঘদিন ধরে চলে আসছে। এক্ষেত্রেও দখল উচ্ছেদ এবং পুনর্দখলের উৎসব দেখা যায়। এখানেও রাজনৈতিক দল, প্রশাসন, আইনশৃংখলা বাহিনীর প্রত্যক্ষ-অপ্রত্যক্ষ ভূমিকা রয়েছে। কথা হলো, সকল প্রকার দখলের উচ্ছেদ স্থায়ী ও নিশ্চিত করতে হলে সুনির্দিষ্ট পরিকল্পনা নিতে হবে এবং কঠোরভাবে তা বাস্তবায়ন করতে হবে। সকল প্রকার অবৈধ প্রভাব, হস্তক্ষেপ ও চাঁদাবাজি ডেড স্টপ করতে হবে।
রাজধানীর অলিগলি থেকে শুরু করে দেশের সড়ক-মহাসড়ক পর্যন্ত সর্বত্র যানজট নিত্যদিন লেগেই আছে। যানজটে মানুষ অতীষ্ঠ ও বিক্ষুব্ধ। যাতায়াত ও মালামাল পরিবহন-উভয় ক্ষেত্রে সমস্যার কোনো শেষ নেই। কারোরই অজানা নেই, ইরানযুদ্ধের কারণে মূল্যস্ফীতি প্রায় ডবল ডিজিটে উপনীত হয়েছে। জ্বালানিসংকটের কারণে পরিবহন ভাড়া বৃদ্ধি পাওয়ায় আশংকা করা হচ্ছে, আগামীতে মূল্যস্ফীতি আরো বাড়তে পারে। আলু, পেঁয়াজ, তরমুজ, আনারস ইত্যাদির এবার বাম্পার ফলন হয়েছে । পরিবহন ও বাজারজাতকরণের সংকটে কৃষকরা এ সমস্ত ফসলের ন্যায্য দাম পাচ্ছে না। অন্যদিকে ক্রেতারাও উচ্চদামে পণ্য কিনতে বাধ্য হচ্ছে। দেশের সামষ্টিক অর্থনীতির অবস্থা অত্যন্ত নাজুক। অর্থনীতির সকল সূচক নিম্নমুখী। প্রবৃদ্ধি ৪ শতাংশের উপরে যাবেনা বলে জানিয়েছে বিশ্বব্যাংক।
বিনিয়োগবন্ধ্যাত্ব বহাল থাকায় উৎপাদন, রফতানি ও কর্মসংস্থান বাড়ার আশা নেই। দারিদ্র্য ক্রমবর্ধমান। এ অবস্থার প্রেক্ষাপটে মানুষ দৈনন্দিন যেসব সংকটের সম্মূখীন হচ্ছে, তাদের সমাধানে উচ্চ অধিকার দেয়া সময়ের দাবি। রাজনৈতিক ইচ্ছাই যথেষ্ট হতে পারেনা। রাজনৈতিক ইচ্ছাকে সাফল্য ও দক্ষতার সঙ্গে বাস্তবায়ন করাই বড় কথা। ফুটপাথ দখলমুক্ত করা, মানুষের চলাচল মসৃণ করা এবং যানজট নিরসন করার গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিশদ ব্যাখ্যার অবকাশ রাখেনা। সরকারের উদ্যোগের আন্তরিকতা নিয়ে প্রশ্ন নেই। কিন্তু দখল উচ্ছেদ যে পুনর্দখলে পরিণত হলো, সেটাও তো অস্বীকার করা যাবে না। কেন এটা হলো, তা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খুঁজে বের করতে হবে। মনে রাখতে হবে, দখল উচ্ছেদ করে দায়িত্ব শেষ করা যাবেনা। উচ্ছেদ বলবৎ রাখা অর্থাৎ পুনর্দখল রোধ করার মধ্যেই সাফল্য নিহিত। এ জন্য কঠোরতার বিকল্প নেই। ফুটপাত পথচারীর, হকারের নয়। পথচারীর চলাচলের স্বাচ্ছন্দ্যের জন্যই ফুটপাত তৈরি হয়েছে। সে কারণে ফুটপাতে দোকানপাট ও ব্যবসা চলতে পারেনা। এটা বলাই বাহুল্য, ফুটপাতে ব্যবসা করে বহু মানুষের জীবিকা অর্জিত হয়। তারা ফুটপাত থেকে উঠে গেলে, তাদের জীবিকার সংকট হবে। এটা অবশ্যই কিছু মানুষের সংকট। কিন্তু এ সংকট যত বড় ও গভীর হোক না কেন, ফুটপাত দখল করে ব্যবসা করাকে কোনোভাবেই সমর্থন করা যায়না। তাদের জীবিকার জন্য বিকল্প ব্যবস্থা নেয়া যেতে পারে। তাদের জন্য হলিডে মার্কেট, বিশেষ ব্যবস্থাপনায় রাতের মার্কেট ইত্যাদি করে দেয়া যেতে পারে। বিশ্বের বিভিন্ন দেশে এধরনের ব্যবস্থার অস্তিত্ব আছে, যেখানে হকাররা ব্যবসা করে জীবিকা অর্জন করে। মোট কথা, মানুষের চলাচল ও হাঁটার স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে হবে।
