রান্নাঘরের প্রয়োজনীয় উপকরণের একটি ভোজ্যতেল। চাল, ডাল, লবণ, পেঁয়াজের মতোই তেলও একটি নিত্যপণ্য, এর অভাবে রান্নাবান্না চালানো কঠিন। অথচ দেশে আবারও বোতলজাত সয়াবিন তেলের সরবরাহে টান পড়েছে বলে জানা যাচ্ছে। এর প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করেছে খুচরা বাজারে। বোতলজাত তেল না পেয়ে ভোক্তাদের একটি অংশ খোলা সয়াবিন ও পাম তেলের দিকে ঝুঁকছেন। ফলে এসব তেলের দামও লিটারে ২ থেকে ৪ টাকা বেড়েছে।
পত্রিকান্তরে প্রকাশিত খবরে বলা হয়েছে, খুচরা বিক্রেতারা জানিয়েছেন, কোম্পানিগুলো কম পরিমাণে বোতলজাত সয়াবিন তেল বাজারে ছাড়ছে। ফলে তারাও ডিলার বা সরবরাহকারীদের কাছ থেকে কম তেল পাচ্ছেন। ডিলাররা জানিয়েছেন, কোম্পানিগুলো তেলের দাম বাড়াতে চায়; এ জন্য তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে। বাজার ঘুরে দেখা যায়, খুচরা দোকানগুলোতে চাহিদা অনুসারে এক, দুই ও পাঁচ লিটারের বোতল পাওয়া যাচ্ছে না। এই চিত্র ভোক্তাদের জন্য সুখকর নয়।
চলতি বছর ইতিমধ্যে দুই দফায় বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে। এপ্রিল মাসে এক দফা দাম বাড়ানোর পর গত ৩ সেপ্টেম্বর সরকার বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করে। দাম বাড়ানোর কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও আমদানি ব্যয়ের চাপের কথা বলা হয়েছিল। কিন্তু দাম বাড়ানোর পরও বাজারে সরবরাহ স্বাভাবিক হয়নি; বরং আবারও সংকটের খবর পাওয়া যাচ্ছে।
এখানেই প্রশ্ন উঠছে—দাম বাড়ানোর পরও কেন বাজারে পর্যাপ্ত তেল পাওয়া যাচ্ছে না? ব্যবসায়ীদের একাংশের বক্তব্য, পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো কম পরিমাণে বোতলজাত তেল সরবরাহ করছে। খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ কমে যাওয়ায় বাজারে তৈরি হচ্ছে ঘাটতি।
তেলের সরবরাহ হ্রাসের প্রকৃত কারণটি দ্রুত খুঁজে বের করা প্রয়োজন। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বাড়লে তার প্রভাব বাংলাদেশের বাজারে পড়বে—এটি বাস্তবতা। বাংলাদেশে ভোজ্যতেলের চাহিদার বড় অংশই আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে। কিন্তু আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে দেশের বাজারে কৃত্রিম সংকট তৈরি করার সুযোগ কাউকে দেওয়া যায় না। কারণ ভোক্তার ক্রয় ক্ষমতার দিকটিও দেখতে হবে। নিত্য পণ্যের মূল্য বৃদ্ধির কারণে ভোক্তারা এমনিতেই চাপে আছে।
ভোজ্যতেলের দাম বৃদ্ধির প্রভাব শুধু রান্নাঘরেই সীমাবদ্ধ থাকে না। রেস্তোরাঁ, হোটেল, বেকারি, মিষ্টির দোকানসহ অসংখ্য খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের খরচ বেড়ে যায়। শেষ পর্যন্ত সেই বাড়তি ব্যয় গিয়ে পড়ে ভোক্তার ওপর। ফলে তেলের বাজারের অস্থিরতা সামগ্রিক খাদ্য মূল্যস্ফীতিকেও উসকে দিতে পারে। নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলো সবচেয়ে বেশি চাপে পড়ে।
আশার কথা, বাণিজ্য মন্ত্রণালয় ইতিমধ্যে জানিয়েছে, যথাযথ যাচাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না। এ অবস্থান বাস্তবে কার্যকর হওয়া জরুরি। সরকারকে আমদানি, পরিশোধন, মজুত ও বাজারজাতকরণের প্রকৃত তথ্য প্রকাশের ব্যবস্থা করতে হবে। আরেকটি বিষয় গুরুত্বের সঙ্গে দেখা দরকার—সরবরাহ কমে যাওয়ার সুযোগ নিয়ে কেউ মজুতদারি করছে কি না। অতীতেও দেশে ভোজ্যতেলের বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ উঠেছে। বর্তমান পরিস্থিতিতে শুধু দাম নির্ধারণ করলেই সরকারের দায়িত্ব শেষ হবে না; সরবরাহ শৃঙ্খলের প্রতিটি স্তরে নজরদারি বাড়াতে হবে। আর দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে আমদানিনির্ভরতা কমানোর উপায়ও খুঁজতে হবে। দেশীয়ভাবে তেলবীজ উৎপাদন, কৃষকদের প্রণোদনা এবং সরিষাসহ বিকল্প ভোজ্যতেল উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নেওয়া প্রয়োজন। ভোজ্যতেল নিয়ে মানুষের মধ্যে কোনো ধরনের আতঙ্ক তৈরি হওয়ার সুযোগও দেওয়া উচিত নয়। সংকটের গুজব ছড়িয়ে পড়লে ভোক্তারা প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনে মজুত করতে পারেন। তাতে সংকট আরও তীব্র হয়। তাই সরকার, ব্যবসায়ী ও গণমাধ্যম—সবার দায়িত্ব হলো বাজারের প্রকৃত পরিস্থিতি সম্পর্কে স্বচ্ছ তথ্য দেওয়া।
আমরা মনে করি তেল শুধু একটি পণ্য নয়; এটি প্রতিটি পরিবারের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। দাম বাড়লেও যদি বাজারে পণ্য না থাকে, তাহলে ভোক্তার দুর্ভোগ দ্বিগুণ হয়। তাই নতুন করে মূল্যবৃদ্ধির আগে সরবরাহ সংকটের কারণ উদ্ঘাটন, বাজারে পর্যাপ্ত মজুত নিশ্চিত করা এবং কারসাজির অভিযোগ তদন্ত করা জরুরি। সবচেয়ে বড় প্রয়োজন নিয়মিত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা।
